২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এক টিকিটে দুই জয়, এক ম্যাচে দুই জয়’

রুদ্ধশ্বাস সমাপ্তি ও শেষের নাটকীয়তার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে জয় আরও বেশি স্মরণীয় অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশির জন্য।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

ব্রিজবেন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2022, 05:26 PM

Updated : 30 Oct 2022, 07:09 PM

কেউ সমানে পতাকা নাড়িয়ে চলেছেন তো কেউ ছুড়ছেন হুঙ্কার। কেউ বাজাচ্ছেন দোতরা, কেউ ঢোল। কারও কণ্ঠে গান, কারও গলায় স্লোগান। ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানে প্রকম্পিত চারপাশ। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষে গ্যাবার বাইরে যেন ‘মিনি বাংলাদেশ।’ বাংলাদেশের জার্সি পরা শতশত দর্শক, হাতে হাতে বাংলাদেশের পতাকা মিলিয়ে লাল-সবুজের জোয়ার সেখানে। 

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জয়ের পর গ্যাবার বাইরে চলতে থাকে উৎসব। নিজেদের আঙিনায় দলের জয়, সেটিও বিশ্বকাপের মতো আসরে, এটুকুই উদযাপনের যথেষ্ট বড় উপলক্ষ। তবে শেষের উত্তেজনা আর নাটকীয়তায় নিশ্চিতভাবেই জয়ে বাড়তি মাত্রা যোগ করে। অনিশ্চয়তা আর রোমাঞ্চের ভেলায় ভেসে তবেই জয়ের দেখা পাওয়াও মাঠে থাকা সমর্থকদের ভালো লাগার মাত্রাও বেড়ে যায় অনেক। 

গ্যাবায় রোববার এই ম্যাচে বাংলাদেশ জয় উদযাপন করে দুই দফায়। প্রথম দফায় শেষ ওভারে টানা দুটি স্টাম্পিংয়ে ম্যাচ শেষ করে বাঁধনহারা উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ। উদযাপন শেষ করে মাঠের বাইরে গিয়ে প্রতিপক্ষের সঙ্গে করমর্দন পর্বও সেরে নেয়। কিন্তু তখনই জানা যায়, শেষ স্টাম্পিংটি হয়নি। বলটি ছিল ‘নো’ বল। 

সেই বল আরেকবার করতে হয়। বাংলাদেশ এবারও কাজ শেষ করতে পারে ঠিকঠাক। আরেক দফায় উদযাপন চলে। আগের মতো বাঁধনহারা অবশ্য নয়, এবারের উদযাপনে স্বস্তির প্রকাশ ফুটে ওঠে বেশি। 

মাঠে ক্রিকেটারদের যে অবস্থা, গ্যালারির দর্শকদের অবস্থাও ছিল একইরকম। এক ম্যাচে তারাও জয় উদযাপন করেন দুই দফায়। প্রায় ১৪ বছর ধরে ব্রিজবেন প্রবাসী প্রকৌশলী ইশতেহাদুর রহমান যেমন শেষের ওই নাটককে মনে করছেন শাপেবর। 

“ওই সময় অবশ্যই ভয় লেগেছে। তবে এখন মনে হচ্ছে, এভাবে জেতায় ভালোই হয়েছে। আনন্দ আরও বেশি হচ্ছে। এক ম্যাচে দুইবার জয় উদযাপন করতে পারলাম, এই সৌভাগ্য কজনের হয়!”

উল্লাসরত সমর্থকদের একজন পাশ থেকে যোগ করলেন, “এক টিকিটে দুই জয় দেখলাম।” তার কথা শুনে চারপাশে অনেকেই ফেটে পড়লেন হাসিতে। তাদের মধ্য থেকেই একজনের দাবি, “এক ম্যাচে দুই জয় পেলাম, আমাদের চার পয়েন্ট দেওয়া উচিত…।” হাসির ফোয়ারা চলতেই থাকল। 

একটি বড় গ্রুপ এসেছেন সিডনি থেকে। একসঙ্গে গলা ফাটিয়ে উদযাপন করছিলেন তারা। তাদের একজন শোনালেন, কতটা কষ্ট করে এই খেলা দেখতে এসেছেন তারা। 

“শুক্রবার কাজ শেষ করে ১২ ঘণ্টা ড্রাইভ করে সিডনি থেকে আমরা এসেছি। আজকে খেলা শেষ হলো, আবার ১২ ঘণ্টা ড্রাইভ করে ফিরব সিডনিতে। তবে এই কষ্ট এখন কোনো কষ্টই মনে হচ্ছে না। জয় পেয়েছি, মনে শান্তি নিয়ে ফিরছি।” 

সিডনি থেকে ব্রিজবেনে আসা দর্শক বেশ অনেক জনই আছেন। তবে একজনকে পাওয়া গেল, যিনি এসেছেন সুদূর যুক্তরাষ্ট্র থেকে! নিউইয়র্ক প্রবাসী শেখ মিনহাজউদ্দিন খান প্রায় ২২ ঘণ্টার বিমানভ্রমণ করে পরিবারসহ দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসেছেন বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখতে। ২০১৯ বিশ্বকাপেও তিনি যুক্তরাষ্ট্র থেকে ইংল্যান্ড গিয়েছিলেন খেলা দেখতে। 

এত দূর থেকে এসে মাঠে বসে এমন একটা জয়ের স্বাক্ষী হয়ে তার উচ্ছ্বাস যেন আকাশ ছুঁতে চাইল। 

“আমরা প্রথমে একবার জয় উদযাপন করে ফেলেছিলাম। হুট করে একজন বলল যে ‘নো বল’ হয়েছে। আমরা একটু শঙ্কাতেই পড়ে গিয়েছিলাম। একজন বলল যে, ‘আসলে আমাদের ভাগ্যে জয় নাই। ভাগ্যে থাকলে এই নাটক হতো না।’ আমাদের মনটা খারাপ হয়ে গিয়েছিল। শেষ সময়টায় আমি নিজের হার্ট বিট শুনতে পাচ্ছিলাম।” 

“শেষ পর্যন্ত আমরা হাসিমুখে মাঠ ছাড়তে পেরেছি। স্মরণীয় একটা ম্যাচ দেখলাম। শুধু আমাদের জয় বলে নয়, এরকম উত্তেজনাপূর্ণ ম্যাচ ক্রিকেটের জন্যও দারুণ। আমার এতদূর থেকে আসা আপাতত স্বার্থক।” 

অস্ট্রেলিয়াতে বাংলাদেশ খেলার সুযোগ পায়ই কদাচিৎ। ব্রিজবেনে আগে একটি ম্যাচই ছিল, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে সেই ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টিতে। এবার নিজেদের আঙিনায় বাংলাদেশকে পেয়ে এখানকার প্রবাসী বাংলাদেশীদের উত্তেজনা ছিল তুমুল। অনেক দিন আগে থেকেই তারা পরিকল্পনা করেছেন এই ম্যাচকে ঘিরে। সাপ্তাহিক ছুটির দিনে খেলা হওয়ায় গ্যাবা রূপ নিয়েছিল এখানকার বাংলাদেশিদের মিলন মেলায়। স্মরণীয় জয়ের স্মৃতি নিয়ে হাসিমুখে ফেরেন তারা। 

এই জয়ের পর সমর্থকদের আশার সীমানাও এক লাফে বেড়ে গেছে অনেকটুকু। সিডনি থেকে আসা শাওন যেমন সতর্কবার্তা দিয়ে রাখলেন বাংলাদেশের পরের দুই ম্যাচের প্রতিপক্ষের জন্য। 

“ইন্ডিয়া ও পাকিস্তান, বি কেয়ারফুল… উই আর কামিং…।”