২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শ্রীলঙ্কার ভাবনায় ‘কেবলই জয়’

প্রাথমিক পর্বের বাকি দুই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না দল, বললেন শ্রীলঙ্কার পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুনারত্নে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2022, 01:40 PM

Updated : 17 Oct 2022, 02:14 PM

নামিবিয়ার বিপক্ষে হার বেশ কঠিন করে দিয়েছে শ্রীলঙ্কার সুপার টুয়েলভে খেলার পথ। পা হড়কালেই হতে পারে বড় বিপদ, ভালো করেই জানে এশিয়ান চ্যাম্পিয়নরা। তাই পরের দুই ম্যাচে জয় ছাড়া আর কিছুই ভাবছেন না তারা, বললেন দলটির পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুনারত্নে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে রোববার নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে লড়াই-ই করতে পারেনি লঙ্কানরা। তাদেরকে চমকে দিয়ে ৫৫ রানের বড় জয় তুলে নেয় আফ্রিকার দেশটি। ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলে তলানিতে এখন ২০১৪ আসরের চ্যাম্পিয়নরা। 

শ্রীলঙ্কার পরের ম্যাচ মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। মধ্যপ্রাচ্যের দেশটিও নিজেদের প্রথম ম্যাচে উপহার দিয়েছে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট। শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকা নেদারল্যান্ডসের সঙ্গে চোখে-চোখ রেখে করেছে লড়াই। ১১১ রান নিয়ে হেরেছে স্রেফ ১ বল বাকি থাকতে। 

তাই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে করুনারত্নে কণ্ঠে ছিল আমিরাতের প্রতি সমীহ। 

“হ্যাঁ, সংযুক্ত আরব আমিরাত পুরো দলটাই বেশ ভালো। কাল নামিবিয়া যেভাবে খেলেছে, তাই আমাদের আমিরাতের জন্য খুবই ভালো পরিকল্পনা সাজাতে হবে এবং আগামীকাল ভালো ক্রিকেট খেলতে হবে।” 

সুপার টুয়েলভে জায়গা করে নিতে আমিরাতের পর আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষেও জিততে মরিয়া শ্রীলঙ্কা। করুনারত্নের বললেন, এই দুই ম্যাচে শতভাগের চেয়ে বেশি দেবেন তারা। 

“গতকাল আমরা ম্যাচটি হেরে গেছি। তাই এখন আমাদের যেকোনো মূল্যেই হোক জিততে হবে। যা কিছুই হোক না কেন সামনের দুই ম্যাচ আমাদের জিততেই হবে। আমার মনে হয়, সব ছেলেরা তা জানে। আগামী দুই ম্যাচে আমাদের অবশ্যই শতভাগের চেয়ে বেশি দিতে হবে।” 

“দলে যারা আছে তাদের দিকে আমরা চেয়ে আছি। এখন পর্যন্ত চারটি দলই ভালো ক্রিকেট খেলছে। এমনকি গতকালের শেষ ম্যাচে, আমিরাত ও নেদারল্যান্ডসের ম্যাচটি শেষ বলে গড়িয়েছে। আমরা জানি না, কী হতে পারে। কারণ এই খেলা সবসময়ই রোমাঞ্চকর এবং মজাদার ঘটনায় ভরা। যেকোনো কিছু ঘটতে পারে, দেখা যাক।” 

সবশেষ এশিয়া কাপও হার দিয়ে শুরু করে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাত্তা না পাওয়া দলটি পরে জেতে টানা সব ম্যাচ। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ঘরে তোলে ষষ্ঠ শিরোপা। 

বিশ্বকাপও এবার শুরু হলো তাদের হার দিয়ে। ঘুরে দাঁড়ানোর সামর্থ্য এশিয়া কাপেও দেখিয়েছে। তবে ২৬ বছর বয়সী করুনারত্নের মতে, বৈশ্বিক আসরে সামনের পথচলা অতোটা সহজ হবে না। 

“হ্যাঁ, আমরা সবাই একসঙ্গে বসেছি, কী ঘটেছে ও যেসব ভুলগুলো করেছি এবং আরও কী করতে পারি, সেগুলো নিয়ে কথা বলেছি। একই কাজগুলো করেছি। এশিয়া কাপে আমরা আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে যাই, এরপর সব ম্যাচ জিতেছি আমরা।” 

“কিন্তু আমরা একইভাবে চিন্তা করছি না। কারণ এশিয়া কাপ শেষ হয়ে গেছে। সেটা এখন ইতিহাস। এখন আমাদের বিশ্বকাপ নিয়ে ভাবতে হবে। এটা এশিয়া কাপ নয়। জায়গা, কন্ডিশন, দেশ সবই ভিন্ন। মাঠগুলোও আলাদা।”