জিমে চোট পেলেন মুশফিক
বেশ কয়েকটি সেলাই পড়েছে অভিজ্ঞ ব্যাটসম্যানের পায়ে।
টি-টোয়েন্টি থেকে অবসরের পর জাতীয় দলে আপাতত খেলা নেই মুশফিকুর রহিমের। তবে ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম শুরুর আগে ফিটনেসের কাজ করতে গিয়ে তিনি পড়লেন বিপত্তিতে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে অভিজ্ঞ ব্যাটসম্যান আঘাত পেলেন পায়ে।
বাঁ হাঁটুর নিচে বেশ কিছুটা জায়গা কেটে গেছে মুশফিকের। খুব বড় কোনো চোট না হলেও পায়ে সেলাই পড়েছে কয়েকটি। আপাতত সপ্তাহ দুয়েক তাই বিশ্রামে থাকতে হবে তাকে।
নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার আগে বাংলাদেশের কোনো টেস্ট ও ওয়ানডে নেই। তাই কোনো খেলায় বাইরে থাকতে হচ্ছে না মুশফিককে। আগামী মাসে অনুষ্ঠেয় জাতীয় লিগে তিনি খেলবেন রাজশাহী বিভাগের হয়ে। ১০ অক্টোবর টুর্নামেন্ট শুরুর আগেই সুস্থ হয়ে ওঠার কথা তার।
সম্প্রতি এশিয়া কাপে ভালো পারফর্ম করতে না পারার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন তিনি। সব ঠিকঠাক থাকলে জাতীয় দলের হয়ে আবার তাকে দেখা যাবে নভেম্বরের শেষ দিকে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে।
