২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‍্যাঙ্কিংয়ে লিটনের আরেক ইতিহাস

আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা একাদশ স্থানে উঠে এসেছেন স্টাইলিশ এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2023, 04:32 PM

Updated : 05 Jan 2023, 04:41 PM

ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের পারফরম্যান্সের সুবাদে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে নিজের ও বাংলাদেশের সেরা অবস্থানকে স্পর্শ করেছিলেন লিটন দাস। এরপর আর কোনো টেস্ট তিনি খেলেননি। তবে আইসিসি র‍্যাঙ্কিংয়ের সবশেষ সাপ্তাহিক হালনাগাদে অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজার অবনতির ফলে আরও এক ধাপ এগিয়েছেন লিটন।

ব্যাটসম্যানদের তালিকায় লিটন আছেন এখন ১১ নম্বরে, বাংলাদেশের ২২ বছরের টেস্ট ইতিহাসে আর কোনো ব্যাটসম্যান কখনও এতটা ওপরে উঠতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেলবোর্ন টেস্টের ব্যর্থতায় দুই ধাপ পিছিয়ে দ্বাদশ স্থানে নেমে গেছেন খাওয়াজা। পাকিস্তানের বিপক্ষে করাচিতে প্রথম টেস্টের পারফরম্যান্সে এক ধাপ এগিয়ে দশম স্থানে উঠেছেন নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল। তারপরই আছেন লিটন।

গত মার্চ মাসে লিটন প্রথমবার দ্বাদশ স্থানে উঠে আসেন। মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের পরও তার অবস্থান ছিল একই। পরে অবনতি হলেও গত মাসে ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের পর আবার দ্বাদশ স্থানে ওঠেন তিনি। এবার এগোলেন আরেক ধাপ।

লিটন প্রথমবার দ্বাদশ স্থানে ওঠার আগে বাংলাদেশের সেরা অবস্থান ছিল তামিম ইকবালের ১৪তম।