এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফ উদ্দিন
চোটজর্জর ক্যারিয়ারে আরও এক দফায় থমকে যেতে হচ্ছে বাংলাদেশের এই অলরাউন্ডারকে।
পুরোনো শত্রু আবার আততায়ী হয়ে এলো মোহাম্মদ সাইফ উদ্দিনের জন্য। চোটজর্জর ক্যারিয়ারে আরও এক দফায় থমকে যেতে হলো তাকে। এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার।
এশিয়ান গেমসের জন্য দলের অন্য সবার সঙ্গে প্রস্তুতি নিচ্ছিলেন সাইফ। সেখানেই হোট হানা দেয় বলে বিসিবির বিবৃতিতে জানান জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খানৱ।
“১৯ সেপ্টেম্বর অনুশীলন সেশনে বোলিং করার সময় সাইফ উদ্দিন তার ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান। শারীরিক পরীক্ষা ও এমআরআই করার পর চোট নিশ্চিত হয়।
সুস্থ হতে তার প্রায় তিন সপ্তাহ পুনর্বাসনের প্রয়োজন হবে।”
সাইফের চোটের ব্যাপারটি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে জানিয়েছে বিসিবি। গেমস কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিসিবি পরে ঘোষণা করবে বদলি ক্রিকেটারের নাম।
৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩০টি ওয়ানডে ও ৫১ টি-টোয়েন্টি খেলেছেন সাইফ। অনেক সম্ভাবনা নিয়ে শুরুর পরও চোটের কারণে তাকে দলে আসাযাওয়ার করতে হয়েছে বারবার।
এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার-ফাইনালে খেলবে বাংলাদেশ। আগামী ২৯ সেপ্টেম্বর ম্যাচটিতে সম্ভাব্য প্রতিপক্ষ ওমান কিংবা হংকং।
