২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খরগোশ নয়, কচ্ছপের গতিতে’ এগোচ্ছেন পান্ডিয়া

আপাতত ধীরগতিতে এগোলেও ক্রমেই বোলিংয়ের ওয়ার্কলোড বাড়ার ব্যাপারে আশাবাদী হার্দিক পান্ডিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 04:05 PM

Updated : 31 Jul 2023, 04:14 PM

ঘরের মাঠে বিশ্বকাপে বল হাতে অবদান রাখতে প্রস্তুত হার্দিক পান্ডিয়া। তবে এই মুহূর্তে বোলিংয়ের ক্ষেত্রে অগ্রগতি তেমন বেশি নয় বলে জানিয়েছেন ভারতীয় অলরাউন্ডার। 

ভারত দলের হয়ে এখন ক্যারিবিয়ান সফরে রয়েছেন পান্ডিয়া। আইপিএল শেষ করে দুই মাসের বিরতির পর এই সিরিজ দিয়েই ক্রিকেটে ফিরেছেন তিনি। মাঝের এক মাস পুরোপুরি দূরে ছিলেন ক্রিকেট থেকে। 

পরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে তিন সপ্তাহের ফিজিক্যাল কন্ডিশনিংয়ের পর যোগ দেন জাতীয় দলে। পুরোনো চোটের কারণে সংশয় থাকলেও, টিম ম্যানেজমেন্টকে তিনি নিজের বোলিং নিয়ে আগ্রহের কথা জানান। 

তবে দুই ম্যাচে খুব বেশি বোলিং করেননি পান্ডিয়া। প্রথম ওয়ানডেতে নতুন বলে ইনিংস শুরু করলেও তাকে দিয়ে ৩ ওভারের বেশি করাননি রোহিত শর্মা। পরে রোহিতের অনুপস্থিতিতে দ্বিতীয় ম্যাচে দলকে নেতৃত্ব দেন পান্ডিয়া। ওই ম্যাচে তিনি করেন ৬.৪ ওভার। 

প্রথম ওয়ানডেতে একটি উইকেট নিলেও দ্বিতীয়টিতে পাননি কোনো সাফল্য। শেষ ম্যাচের আগে সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, আপাতত ধীরগতিতে এগোলেও ক্রমেই বাড়বে তার বোলিংয়ের মাত্রা। 

“আমার শরীর ঠিক আছে। আমাকে আরও বেশি ওভার বোলিং করতে হবে এবং বিশ্বকাপের জন্য ওয়ার্কলোড আরও বাড়াতে হবে। এই মুহূর্তে আমি কচ্ছপ, খরগোশ নই। আশা করছি, বিশ্বকাপের আগে সব ঠিক পথে এগোবে।” 

আগামী ৫ অক্টোবর শুরু ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। ৮ অক্টোবর চেন্নাইয়ে ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।