চেমসফোর্ডের কন্ডিশনকে বড় প্রতিপক্ষ মানছেন হাবিবুল বাশার
বাংলাদেশের সাবেক অধিনায়কের মতে, বিরূপ কন্ডিশনে নিজেদের সেরা পারফরম্যান্স দেখানোই হবে তামিম-সাকিবদের মূল চ্যালেঞ্জ।
‘আমাদের প্রথম লক্ষ্য ছিল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। এখানে একটু ঠাণ্ডা আছে। তবে আমরা দ্রুত মানিয়ে নিচ্ছি’- ইংল্যান্ড সফরে দ্বিতীয় দিনের অনুশীলনের পর বলেন মেহেদী হাসান মিরাজ। চেমসফোর্ডের কন্ডিশনই যে এবার বাংলাদেশের বড় প্রতিপক্ষ, তা বলছেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশারও।
চেমসফোর্ডে মঙ্গলবার শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের এবারের চক্রে বাংলাদেশের শেষ সিরিজ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রায় এক সপ্তাহ আগেই ইংল্যান্ড চলে গেছে তামিম ইকবালের দল।
মূল লড়াইয়ে মাঠে নামার আগে শুক্রবার একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল তাদের। কিন্তু বৃষ্টির কারণে আউটফিল্ড খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় ভেস্তে যায় ম্যাচ।
পূর্বাচলে শনিবার ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে জাতীয় দল প্রস্তুতি ম্যাচ খেলতে না পারায় আক্ষেপের কথা বলেছেন হাবিবুল।
“আমি মনে করি, সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের একটা (প্রস্তুতি) ম্যাচ খেলার সুযোগ ছিল। ম্যাচটা খেলতে পারলে খুব ভালো হতো। যদিও অনুশীলনের কিছুটা সুযোগ পাচ্ছি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাচ্ছি হাতে। তবে একটা ম্যাচ খেলতে পারলে খুব ভালো হতো। কারণ কন্ডিশন পুরোপুরি ভিন্ন।”
“যদি জুলাই-অগাস্ট মাসে খেলা হতো, আমাদের জন্য ভালো হতো। কারণ ওই সময় ইংল্যান্ডের উইকেট একদম শুষ্ক থাকে। যেটা আমাদের ফেভারে থাকত। আমরা সবসময় ওই সময় ইংল্যান্ডে ভালো খেলি। কিন্তু এই মে মাসের দিকে উইকেট একটু নরম থাকে, বৃষ্টি হয়। কন্ডিশনটা কিন্তু খুব চ্যালেঞ্জিং।
এসময় মিরাজের মন্তব্যেই জোর দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তার মতে, বিরূপ কন্ডিশনে নিজেদের সেরা পারফরম্যান্স দেখানোই হবে তামিম, সাকিব আল হাসানদের মূল চ্যালেঞ্জ।
“আমার মনে হয়, প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ড যখন ওদের মাটিতে খেলা হয় তখন খুব ভালো একটা প্রতিপক্ষ। তবে আমাদের জন্য বড় প্রতিপক্ষ কন্ডিশন। আমরা কতটা মানিয়ে নিতে পারছি, তার ওপরে আমাদের পারফরম্যান্সটা নির্ভর করবে।”
“দল হিসেবে তো আমরা খুব ভালো খেলছি। সবাই আত্মবিশ্বাসী, খুব ভালো খেলছে। তবে কন্ডিশনটা একটা বড় চ্যালেঞ্জ। আমার মনে হয়, এই সিরিজ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ড আমাদের জন্য শক্ত মোকাবিলা হতে পারে।”
