‘মন তো চায় ৫০০-৬০০ উইকেট নেই’
ক্যারিয়ারের পথচলায় আরও অনেক অনেক উইকেট পেতে চান তাইজুল ইসলাম, যদিও বাংলাদেশের বাস্তবতা তিনি জানেন।
‘টিজে, কী বল করছেন…! স্লগ করতে দেন, স্লগ না করলে তো (আউট) হবে না’- মার্ক অ্যাডায়ার কয়েক বল অনায়াসে খেলে ফেলার পর তাইজুল ইসলামকে বলছিলেন লিটন দাস। এরপরও অবশ্য স্লগ করার বল খুব বেশি দেননি এই বাঁহাতি স্পিনার। তাৎক্ষণিকভাবে পাননি ওই উইকেটও। পরে অবশ্য ঠিকই অ্যাডায়ারকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন তাইজুল।
টেস্ট ক্যারিয়ারের ১১তম পাঁচ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার হিসেবে দিন শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি ছিলেন তাইজুল। আয়ারল্যান্ডকে অলআউট তৃপ্তি যেমন ছিল তার কণ্ঠে, একইসঙ্গে ছিল ব্যাটিংয়ে শেষ বিকেলে ২ উইকেট হারানোর আক্ষেপও। বেশ এক চোট মজাও করলেন তিনি ক্যারিয়ারের লক্ষ্য নিয়ে।
“মন তো চায় (ক্যারিয়ার শেষ করার আগে) ৫০০-৬০০ উইকেট নেই (হাসি)। তবে... বয়স হয়েছে, হ্যাঁ... তবে বুড়ো হয়ে যাইনি তো (হাহাহা)।”
২০১৪ সালে অভিষেকের পর থেকে সাদা পোশাকের ক্রিকেটে দলের ভরসার প্রতীক হয়ে আছেন তাইজুল। ৪১ টেস্টে তার উইকেট এখন ১৭১টি।
এই সংস্করণে বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি ৫ উইকেট নিতে পেরেছেন স্রেফ সাকিব আল হাসান (১৯ বার)।
ক্যারিয়ারের ১১ বারের মধ্যে ৭ বার প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। যা দারুণ অর্জনই বটে। তার কণ্ঠেও শোনা গেল সেই তৃপ্তি।
“অবশ্যই এটা ভালো লাগার বিষয় যে, প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়েছি। উইকেটের যেমন অবস্থা, এই উইকেটে ৫ উইকেট পাওয়াটা কঠিন। তো আলহামদুলিল্লাহ্ যে ৫ উইকেট পেয়েছি।”
চলতি ম্যাচের আগে গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গেবেখা টেস্টে সবশেষ ৫ উইকেট পেয়েছিলেন তাইজুল। এরপর ৯ ইনিংসে আরও তিনবার ৪ উইকেটসহ মোট ১৬ শিকার ধরেন তিনি।
সবশেষ ভারতের বিপক্ষে সিরিজের দুই টেস্টেই নেন ৪ উইকেট। কিন্তু পাননি পঞ্চম উইকেটের দেখা। তবে আজকের ম্যাচে এসব নিয়ে কোনো চিন্তা ছিল না তার বোলিং পরিকল্পনায়।
“(চতুর্থ উইকেট পাওয়ার পর) ভাবনার আসলে কিছু নেই। পাঁচ উইকেট যখন পেলাম তখন মন চাচ্ছিল, আরেকটা উইকেট যদি নিতে পারি তাহলে ৬টা হবে। তো উইকেট পেলে ভালোই লাগে।”
অথচ ম্যাচের উইকেটে ছিল পেসারদের জন্য বাড়তি সাহায্য থাকার ইঙ্গিত। যে কারণে ঘরের মাঠে ৯ বছরের বেশি সময় পর তিন পেসার নিয়ে খেলতে নামে বাংলাদেশ। তবে পেসারদের ছাপিয়ে প্রথম দিনের নায়ক বাঁহাতি স্পিনার তাইজুল। তিন পেসার মিলে পেয়েছেন ৩ উইকেট।
তবে উইকেট তিন পেসার খেলানোর উপযোগী ছিল বলেই মনে করেন তিনি।
“(প্রত্যাশা থেকে) উইকেট তেমন পরিবর্তন হয়নি। উইকেটটা এমন যে, আপনি চাইলেও কিন্তু বড় শট করতে পারবেন না। হয়তো টিকে থাকতে পারবেন। তবে বড় শট খেলতে গেলে কিছু একটা হয়ে যাবে। ভালো লাইন-লেংথে বল করতে পারলে পেসার হোক বা স্পিনার- দুই জনই ভালো সুবিধা পাবে।”
“আসলে উইকেটের চাহিদা কী, তা গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, উইকেটে ঘাস ছিল। যার জন্য তিনটা পেসার খেলানো। পাশাপাশি আমাদের অপশনও ছিল, তিনজন স্পিনার। দলের কম্বিনেশনটা অমনই ছিল যাতে উইকেটের বিহেভটা যেমন হবে ওভাবে আক্রমণ করা যায়।”
