সেঞ্চুরি হারিয়ে নয়, লিটনের আক্ষেপ ম্যাচ হেরে
জাদুকরী তিন অঙ্কের কাছাকাছি পৌঁছেও তা ছুঁতে পারেননি তিনি, তবে কুমিল্লা অধিনায়কের হতাশাটার সবটুকু দলের পরাজয়কে ঘিরে।
নিজের সেঞ্চুরির জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১৫ রান, দলের জয়ের জন্য ২৫। কাজটা এমনিতেই ছিল ভীষণ কঠিন। প্রথমটির সম্ভাবনা শেষ হয়ে গেল প্রথম বলেই, পরেরটিও হয়ে উঠল প্রায় অসম্ভব। তানজিম হাসানের প্রথম ডেলিভারিই স্টাম্পে টেনে আনলেন লিটন কুমার দাস। তিনি পারলেন না, শেষ পর্যন্ত পারল না তার দলও। নিজের মাইলফলক নিয়ে কোনো আফসোস নেই তার, তবে দল হেরে যাওয়ার যন্ত্রণায় পুড়ছেন কুমিল্লা অধিনায়ক।
বিপিএলে প্লে-অফের লড়াই থেকে ছিটকে পড়া সিলেট স্ট্রাইকার্সের কাছে হেরে যায় শিরোপাপ্রত্যাশী কুমিল্লা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সোমবার ১৭৮ রানের লক্ষ্যে চারবারের চ্যাম্পিয়নদের জয়ের পথে রাখেন লিটন। কিন্তু শেষের কঠিন সমীকরণ মেলাতে পারেননি তিনি বা তার সতীর্থরা।
ইনিংসের শুরু থেকে খেলে ওই শেষ ওভারে লিটন আউট হন ৮৫ রান করে। ৫৮ বলের ইনিংসে ৭ চারের সঙ্গে মারেন ৩টি ছক্কা। রান তাড়ার ১৭তম ওভারে ৮০ পেরিয়ে যান স্টাইলিশ এই ওপেনার। কিন্তু পরের দুই ওভারে স্রেফ ৩ বল খেলার সুযোগ পান তিনি। ৩টিতেই নেন সিঙ্গেল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন বললেন, সেঞ্চুরি করতে না পারা নিয়ে কোনো হতাশা নেই তার, ‘ম্যাচ হেরে গেছি, এটার আক্ষেপ আছে।’
সেঞ্চুরি না পেলেও নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংসটি এই ম্যাচে খেলেন লিটন। টপকে যান গত বছর বাংলাদেশ জাতীয় দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে করা ৮৩ রান। এই সংস্করণে সব মিলিয়ে ১৯১ ইনিংসে ২৬ বার পঞ্চাশ ছুঁয়েছেন তিনি।
কয়েকবার আশা জাগিয়েও বিশ ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত তিন অঙ্ক ছুঁতে না পারারও আক্ষেপ নেই তার। বরং সিলেটের কাছে হারের আরও একবার যন্ত্রণাই তুলে ধরেন কুমিল্লা অধিনায়ক।
“(সেঞ্চুরি না থাকার) কোনো আক্ষেপ নেই। যেটা বললাম, ম্যাচ জিততে পারলে আক্ষেপ হতো না। এরকম একটা বড় রান তাড়ায় যদি ৫০ রান করেও জেতানো যায়, অনেক খুশির ব্যাপার। ৯০ রানের কাছাকাছি বা ৮০ রান, যা-ই করেন, দিন শেষে তো হেরে গেছি। দুই পয়েন্ট হারিয়েছি। এদিক থেকে একটু হতাশ।”
এ নিয়ে চলতি বিপিএলে সবশেষ তিন ম্যাচে দুটি ফিফটি করলেন লিটন। সবশেষ পাঁচ ম্যাচে তিনটি চল্লিশ ছোঁয়া ইনিংসে তার সংগ্রহ ২০০ রান। স্ট্রাইক রেটও ১৫৭.৪৮।
অথচ তার এবারের বিপিএলের শুরুটা ছিল হতাশায় ভরা। প্রথম পাঁচ ম্যাচে ৭৫.৫১ স্ট্রাইক রেটে তিনি করেন স্রেফ ৩৭ রান। সেই ধাপ পেরিয়ে এবার রানে ফেরার আনন্দ তার আছে, কিন্তু সেখানেও যথারীতি মিশে থাকল দলের পরাজয়ের আক্ষেপ।
“(রানে ফিরতে পেরে) ভালো লাগে। ব্যাটিংয়ে রান পেলে অবশ্যই ভালো লাগে। ম্যাচ জিতলে আরেকটু ভালো লাগত।”
