২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪৬ রানে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বড় লিড

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শেষে ৮ উইকেট হাতে ২২১ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2023, 11:49 PM

Updated : 01 Jul 2023, 09:18 AM

দিনের দ্বিতীয় বলেই বেন স্টোকসকে ফিরিয়ে সুর বেঁধে দিলেন মিচেল স্টার্ক। পরে দারুণ বোলিংয়ে তা সঙ্গত করলেন বাকিরা। ৪৬ রানে ইংল্যান্ডের শেষ ৬ উইকেট নিয়ে লিড পেল অস্ট্রেলিয়া। বৃষ্টিতে আগেভাগেই দিনের খেলা শেষ হওয়ার আগে দৃঢ়তা দেখালেন উসমান খাওয়াজা।

অ্যাশেজ সিরিজের লর্ডস টেস্টের তৃতীয় দিন প্রথম সেশনেই ইংল্যান্ডকে ৩২৫ রানে গুটিয়ে ৯১ রানের লিড নেয় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১৩০ রান করে তারা। 

তৃতীয় সেশনের মাঝামাঝি সময় বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। সব মিলিয়ে ২২১ রানে এগিয়ে প্যাট কামিন্সের দল। 

অস্ট্রেলিয়াকে বড় পুঁজির পথে এগিয়ে নিচ্ছেন খাওয়াজা। ১০ চারে ৫৮ রানে খেলছেন তিনি। উইকেটে তার সঙ্গী প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথ। 

মেঘলা আকাশের নিচে ৪ উইকেটে ২৭৮ রান নিয়ে শুক্রবার খেলতে নামা ইংল্যান্ডকে বেশিক্ষণ টিকতে দেয়নি অস্ট্রেলিয়া। আগের দিনের ১৭ এর সঙ্গে কোনো রান যোগ না করতেই ফেরেন স্টোকস। তৃতীয় স্লিপে দারুণ ক্যাচ নিয়ে ইংলিশ অধিনায়ককে বিদায় করেন ক্যামেরন গ্রিন। 

৪৫ রান নিয়ে খেলতে নামা হ্যারি ব্রুক ফিফটি করেন ৬৩ বলে। ঠিক ৫০ রানেই তাকে ফিরিয়ে দেন স্টার্ক। জশ হেইজেলউডকে উড়িয়ে মারার চেষ্টায় মিড-অনে ধরা পড়েন জনি বেয়ারস্টো (২ চারে ১৬)। 

এরপর আর বেশিদূর এগোয়নি ইংল্যান্ডের ইনিংস। ৪ উইকেটে ২৭৯ রান থেকে স্বাগতিকরা গুটিয়ে যায় তিনশ পেরিয়েই।
স্টার্ক নেন তিন উইকেট। দুটি করে শিকার ধরেন হেইজেলউড ও স্পিনার ট্রাভিস হেড।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ও খাওয়াজার উদ্বোধনী জুটিতে আসে ৬৩ রান। তাদের প্রতিরোধ ভাঙেন জশ টং। প্রথম ইনিংসে ওয়ার্নারকে বোল্ড করা এই পেসার এবার করেন এলবিডব্লিউ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেনার। 

এর আগে খাওয়াজাকে ফেরাত পারত ইংল্যান্ড। টংয়ের বলে মিডউইকেটে বাঁহাতি ব্যাটসম্যানের ক্যাচ ছাড়েন অ্যান্ডারসন। 

মার্নাস লাবুশেনকে নিয়ে দলকে টানেন ১৯ রানে জীবন পাওয়া খাওয়াজা। তাদের ব্যাটে আরেকটি পঞ্চাশোর্ধ জুটি পায় অস্ট্রেলিয়া। তাদের প্রতিরোধ ভাঙার সুযোগ পায় ইংল্যান্ড। কিন্তু কাজে লাগাতে পারেনি তারা। 

ব্রডের ভেতরে ঢোকা বল লাবুশেনের পায়ে লাগলে আবেদন করে ইংল্যান্ড। কিন্তু সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিলেই ১৬ রানে থাকা ব্যাটসম্যানকে ফেরাত পারত ইংলিশরা। রিপ্লেতে দেখা যায়, বল লাগত লেগ স্টাম্প। 

বেঁচে গিয়েও অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি লাবুশেন। অ্যান্ডারসনের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন তিনি ৩০ রান করে।

এরপর স্মিথ ও খাওয়াজা মিলে এগিয়ে নিতে থাকেন দলকে। তৃতীয় সেশনের মাঝে হানা দেয় বৃষ্টি। আধ ঘণ্টা অপেক্ষার পর দিনের খেলার সমাপ্তি ঘোষণা করে দেন আম্পায়াররা। 

সংক্ষিপ্ত স্কোর: 

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪১৬ 

ইংল্যান্ড ১ম ইনিংস: ৭৬.২ ওভারে ৩২৫ (আগের দিন ২৭৮/৪) (ব্রুক ৫০, স্টোকস ১৭, বেয়ারস্টো ১৬, ব্রড ১২, রবিনসন ৯, টং ১, অ্যান্ডারসন ০*; স্টার্ক ১৭-০-৭৫-৩, কামিন্স ১৬.২-২-৪৬-১, হেইজেলউড ১৩-১-৭১-২, লায়ন ১৩-১-৩৫-১, গ্রিন ৯-০-৫৪-১, হেড ৭-১-১৭-২, স্মিথ ১-০-১-০) 

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৪৫.৪ ওভারে ১৩০/২ (খাওয়াজা ৫৮*, ওয়ার্নার ২৫, লাবুশেন ৩০, স্মিথ ৬*; অ্যান্ডারসন ১৪-৩-৪১-১, ব্রড ১৩-৪-৩৯-০, টং ৯-২-২১-১, রবিনসন ৯.৪-৫-১৮-০)