২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইকেটে ঘাস থাকলেও ‘হাই স্কোরিং’ ম্যাচের আশা তামিমের

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের উইকেটে রেখে দেওয়া হয়েছে সবুজ ঘাস, তবে এটি ব্যাটিংয়ের জন্য তেমন সমস্যা তৈরি করবে না মনে করেন তামিম ইকবাল। 

উইকেটে ঘাস থাকলেও ‘হাই স্কোরিং’ ম্যাচের আশা তামিমের

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। 

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2023, 06:03 PM

Updated : 04 Jul 2023, 07:13 PM

নেট সেশন শেষ করে খানিকটা বিশ্রাম নিয়েই উইকেট দেখতে চলে গেলেন লিটন দাস। পপিং ক্রিজের কাছে দাঁড়িয়ে চান্দিকা হাথুরুসিংহের সঙ্গে তিনি কথা বললেন বেশ কিছুক্ষণ। তাদের আলোচনার বিষয়বস্তু হওয়ার কথা উইকেটই। অনুশীলনের নানা পর্যায়ে উইকেটে চোখ রাখলেন দুই দলের অনেকেই। পরে সংবাদ সম্মেলনে উইকেটের সম্ভাব্য আচরণ নিয়ে ধারণা দিলেন দুই অধিনায়ক তামিম ইকবাল ও হাশমতউল্লাহ শাহিদি। 

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বুধবার। ম্যাচের আগের দিন বিকেল পর্যন্তও জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের উইকেট দেখা গেছে সবুজ ঘাস। 

সাম্প্রতিক সময়ে পেসারদের উত্থানে ঘরের মাঠেও সবুজ ঘাসের উইকেটে খেলার পথে হাঁটতে শুরু করেছে বাংলাদেশ। এই ধারাবাহিকতায় শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মতো চট্টগ্রামের উইকেটেও রাখা হয়েছে সতেজ ঘাস।

তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তামিম বললেন, উইকেট সবুজ হলেও শুরুর সময়টা কাটিয়ে দিতে পারলে বড় রানের ম্যাচ হবে। 

“উইকেট এখন ভিন্ন। এখানে ঘাস রেখে দেওয়া হয়েছে। সাধারণত চট্টগ্রামের উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো হয়। দুই দলের জন্যই প্রথম ১০-১৫ ওভার কিছুটা চ্যালেঞ্জিং থাকবে। এরপর মাঝের ওভারগুলোতে এটি ঠিক হয়ে যাবে।” 

সাধারণত রানপ্রসবা ভেন্যু হিসেবেই পরিচিত সাগরিকার এই মাঠ। গত ডিসেম্বরে ইশান কিষানের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে ৪শ ছাড়ানো স্কোর গড়ে ভারত। এর আগে লিটন দাসের সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে তিনশ ছাড়ায় বাংলাদেশ।

তবে ইংল্যান্ডের বিপক্ষে এই মাঠের সবশেষ ম্যাচে ২৪৬ রানের পুঁজি নিয়েও জিতে যায় স্বাগতিকরা। এবার বিশ্বকাপের কথা মাথায় রেখে বরং বেশি রানের ম্যাচ আশা করছেন বাংলাদেশ অধিনায়ক। 

“বিশ্বকাপে আমাদের প্রতিটি খেলা ভিন্ন ভিন্ন কন্ডিশনে। এমন নয় যে, ভারতের সব ভেন্যুতে একই কন্ডিশন থাকে। সাধারণত আমরা এই দলের বিপক্ষে (আফগানিস্তান) চট্টগ্রামে খেলতে পছন্দ করি। আগের সিরিজও (গত বছর) এখানে খেলেছি।” 

“এখানে যদি হাই স্কোরিং ম্যাচ হয়, তাহলে ভালো হবে। চট্টগ্রামে সাধারণত হাই স্কোরিং ম্যাচ হয়। এখানে যদি এমনটা করতে পারি... কারণ বিশ্বকাপেও কম-বেশি হাই স্কোরিং টুর্নামেন্ট হবে, আমার মনে হয়। এখানে আমরা জানি, সাধারণত ব্যাটিং উইকেট হয়। ভালো ব্যাটিং করতে পারলে হাই স্কোরিং ম্যাচ হয়। আমরা আপাতত এ দিকটিতেই মনোযোগ দিচ্ছি।”  

তামিমের প্রায় ঘণ্টা দেড়েক পর সংবাদ সম্মেলনে এসে উইকেট নিয়ে প্রায় একই কথা বললেন হাশমতউল্লাহ শাহিদিও। তবে উইকেট নিয়ে আলোচনায় খুব গভীরে যেতে চান না আফগান অধিনায়ক। 

“আমরা উইকেট দেখেছি। দেখে তো মনে হচ্ছে, ব্যাটিং সহায়ক উইকেট। তবে ভালো খেলতে হবে। দুই দলের জন্য উইকেট একই থাকবে। দুই দল একই পিচে খেলবে। তো, ভালো খেলতে হবে।”