সাকিবের সঙ্গে যেখানে একমত মাশরাফি
সাকিব আল হাসানের মতে, ২০২৩ সালে তিন সংস্করণেই সুসময় অপেক্ষা করছে বাংলাদেশের। তার মন্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এর পক্ষে যুক্তি তুলে ধরলেন মাশরাফি বিন মুর্তজা।
‘তিন সংস্করণেই ২০২৩ সাল খুব ভালো যাবে’- গত বছরের শেষে বলেছিলেন সাকিব আল হাসান। নতুন বছরে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সফল সিরিজের পর সেই কথা আবার মনে করিয়ে দেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। এবার তার এই মন্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরলেন মাশরাফি বিন মুর্তজা।
নতুন বছরে এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে তিন সংস্করণেই সাফল্য পেয়েছে তারা। আইরিশদের বিপক্ষে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের সিরিজ খেলতে আগামী মাসে ইংল্যান্ডে যাবেন সাকিব, তামিম ইকবালরা।
এর আগে ক্রিকেটারদের মাঝের সময়টা কাটছে ঢাকা প্রিমিয়ার লিগ খেলে। জাতীয় দল থেকে অনেক দূরে থাকলেও লিগে লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে নিয়মিত মাশরাফি। বৃহস্পতিবার ঢাকা লেপার্ডসের বিপক্ষে ১ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে রূপগঞ্জ।
ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় সাকিবের মন্তব্যের প্রসঙ্গে মাশরাফিও শোনান আশার কথা।
“দলের সেরা ক্রিকেটার যদি বিশ্বাস করে (এই বছর ভালো কিছু হবে), আমরাও বিশ্বাস করি। গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাকিব যে কথাটা বলেছে, এই কথাটা কেন বলেছে, আমি আমার জায়গা থেকে যদি বলি, সারা বিশ্বে এত অভিজ্ঞ দল আর নেই।”
“যদি দেখেন, অস্ট্রেলিয়া দলেরও এত অভিজ্ঞতা নেই বাংলাদেশ দলের মতো। এখন আমাদের সময় এসেছে, একটা টুর্নামেন্ট জিততে হবে। এশিয়া কাপ হতে পারে, বিশ্বকাপ হতে পারে, যে কোনো কিছু হতে পারে।”
মাশরাফির মতে, অভিজ্ঞতার বিচারে অন্যান্য দলের চেয়েও এগিয়ে থাকবে বাংলাদেশ।
“তরুণ ক্রিকেটারদের মধ্যে (নাজমুল হোসেন) শান্ত একজন, ৪-৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়ে গেছে। এর চেয়ে অভিজ্ঞ দল তো পাবেন না। অন্যান্য দলে হয়তো ২ বছরের (অভিজ্ঞতা সম্পন্ন) ক্রিকেটার মূল দলে খেলছে প্রায় ৬-৭ জন। এত অভিজ্ঞ একটা দলের কাছে সাকিবের মতো ক্রিকেটার এটা বলতেই পারে। আমিও এটা সমর্থন করি। ও যেটা বলেছে, একদম পুরোপুরি সত্য কথা।”
বাংলাদেশের এই অভিযানে সংবাদ মাধ্যমেরও ভূমিকা রাখার জায়গা আছে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
“এই বছরটা আমাদের জন্য একটা বিরাট বছর হতে পারে, যদি সবাইকে সুস্থ রাখে আল্লাহ্ আর সবাই যদি ফর্মে থাকে এবং স্বচ্ছ মানসিকতায় থাকে। আর নেতিবাচক কথাগুলো দল থেকে বা আপনাদের (সংবাদকর্মী) কাছেও অনুরোধ, নেতিবাচক জিনিসগুলো নিউজ না করে ইতিবাচক জিনিসগুলো তুলে ধরেন তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য বিরাট কিছু হতে পারে।”
