নিউ জিল্যান্ডে এবার নতুন সাফল্যের খোঁজে শান্তরা
সাদা বলের ক্রিকেটে প্রথমবার নিউ জিল্যান্ডের মাটিতে জেতার সামর্থ্য ও বিশ্বাস বাংলাদেশ দলের আছে বলে মনে করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
গত কয়েক বছর ধরে নিয়মিত নিউ জিল্যান্ড সফর করছে বাংলাদেশ। প্রত্যাশা কোনোবারই আকাশচুম্বি ছিল না। তবে প্রাপ্তি সবসময়ই ছিল একইরকম। প্রতিবারই তারা ফিরেছে একরাশ হতাশা নিয়ে। গত বছর একটি টেস্ট জিতলেও তাসমান পাড়ের দেশটিতে সাদা বলের ক্রিকেটে তাদের বিপক্ষে জয় এখনও অধরা বাংলাদেশের। সেই অধরা সাফল্যের খোঁজে এবার শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তদের নতুন অভিযান।
ডানেডিনে রোববার শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের প্রথমটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
নিউ জিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের জয় স্রেফ একটি। গত বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুই টেস্টে ৭ উইকেটের স্মরণীয় এক জয় ধরা দিয়েছিল। এছাড়া বাকি ১০ টেস্টের সবকটিই হেরেছে বাংলাদেশ। তেমন কোনো লড়াইও জমেনি কোনো ম্যাচে।
সাদা বলের দুই সংস্করণে জয়ের ঘর এখনও ফাঁকা বাংলাদেশের। স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডেতে ১৬ ও টি-টোয়েন্টিতে ৯ ম্যাচ খেলে সবকটিতেই মিলেছে পরাজয়। সবশেষ গত বছরের অক্টোবরে ত্রিদেশীয় সিরিজে দুটি বিশ ওভারের ম্যাচেও তেমন লড়াই জমাতে পারেনি তারা।
এমন হতশ্রী পরিসংখ্যান সঙ্গী করেই এবার শান্তর নেতৃত্বে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে গেছে দল। তবে তাদের সঙ্গী এবার গত মাসে সিলেটে টেস্ট জয়ের সুখস্মৃতি।
এবার নিউ জিল্যান্ডে গিয়ে একমাত্র প্রস্তুতি ম্যাচেও ভালো ব্যাটিং করেছেন লিটন কুমার দাস, তানজিদ হাসান, সৌম্য সরকাররা। প্রতিপক্ষ দলে তেমন অভিজ্ঞ কেউ না থাকলেও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
নিউ জিল্যান্ডে উপমহাদেশের দেশগুলোর জন্য বরাবরই বড় প্রতিপক্ষ সেখানকার প্রচণ্ড ঠাণ্ডা আর হাড় কাঁপানো বাতাস। তবে সেসবকে এবার অজুহাত হিসেবে নিতে চায় না বাংলাদেশ। ম্যাচের আগের দিন বিসিবির ভিডিওতে অধিনায়ক শান্ত বললেন, আগের সফরগুলোয় যা করতে পারেনি কোনো দল, এবার তারা তা করে দেখাতে চান।
“এর আগে যতবারই (নিউ জিল্যান্ডে) এসেছে (বাংলাদেশের) কোনো দল, তারা এটি (নিউ জিল্যান্ডের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে জয়) করতে পারেনি। তবে কোনো না কোনো দলকে তো করতে হবে। আমার মনে হয়, এই দলটার সেই সামর্থ্য আছে। সবাই বিশ্বাস করে, এই বছর আমাদের ভিন্ন ফল হবে।”
বাংলাদেশ সফরে টেস্ট সিরিজ খেলে গেলেও ঘরের মাঠে ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয়েছে নিউ জিল্যান্ডের একঝাঁক তারকা ক্রিকেটারকে। টম ল্যাথামের নেতৃত্বে এই দলে নেই কেন উইলিয়ামসন, টিম সাউদি, ডেভন কনওয়ে, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপসরা। কেন্দ্রীয় চুক্তিতে না থাকা ট্রেন্ট বোল্ট সরে দাঁড়িয়েছেন নিজ থেকেই।
এছাড়া চোটের কারণে ম্যাট হেনরি, মাইকেল ব্রেসওয়েল, জেমস নিশাম, লকি ফার্গুসনরা না থাকায় একরকম নতুন চেহারার দলই ঘোষণা করেছে নিউ জিল্যান্ড। যা কিছুটা হলেও বাড়াচ্ছে বাংলাদেশের আশা।
বাংলাদেশ দলেও অবশ্য রয়েছে চোটের আঘাত। আঙুলের চোটে এই সিরিজে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। হাঁটুর অস্ত্রোপচার করায় ইবাদত হোসেন, কাঁধের পুরনো চোটে তাসকিন আহমেদকেও পাচ্ছে না দল। বিশ্বকাপ থেকেই দলের সঙ্গে নেই তামিম ইকবাল। সব মিলিয়ে বাংলাদেশের চ্যালেঞ্জটাও কম নয়।
তাই আগেভাগেই কোনো কিছু নিয়ে ভাবতে চাইছেন না শান্ত। নির্দিষ্ট দিনে শুরু থেকে ভালো খেলে নিয়ন্ত্রণটা নিজেদের পক্ষে আনার কথা বলছেন তরুণ অধিনায়ক।
“সব কিছু নির্ভর করছে আমরা কীভাবে ইনিংসটা শুরু করছি। সেটা ব্যাটিং হোক বা বোলিং। আগে থেকেই খুব বড় চিন্তা নেই আমাদের। গুরুত্বপূর্ণ হলো, আমরা কত ভালোভাবে ইনিংসটা শুরু করতে পারি। শুরুটা যদি ভালো হয়, মোমেন্টামটা ধরে রাখতে পারি যেন। তাহলে এমনিই একটা বড় স্কোর হবে।”
ওয়ানডে ক্রিকেটের বর্তমান বাস্তবতায় অধিনায়কের বড় স্কোরের আশা পূরণ করতে ভাঙতে হবে অতীতের সব রেকর্ড। নিউ জিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৭ উইকেটে ২৮৮, ২০১৫ সালের বিশ্বকাপে। আড়াইশ পেরোনো স্কোর আছে মোটে আর দুইটি।
বোলিংয়েও নেই তেমন কোনো সুখস্মৃতি। ১৬ ওয়ানডেতে স্রেফ একবার স্বাগতিকদের অল আউট করতে পেরেছে বাংলাদেশ। বিপরীতে নিউ জিল্যান্ড তিনশ পেরিয়েছে পাঁচ ম্যাচে। সর্বোচ্চ ২০১৬ সালে ক্রাইস্টচার্চে করা ৭ উইকেটে ৩৪১ রান।
এসব রেকর্ড-পরিসংখ্যান হয়তো জানা আছে বাংলাদেশের ক্রিকেটারদেরও। তাই অতীতের ব্যর্থতা ভুলে এবার নতুন সাফল্যের খোঁজেই নামছেন শান্তরা।
