২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইয়ো ইয়ো’ পরীক্ষায় ঘাম ঝরিয়ে স্কিল ট্রেনিং শুরুর অপেক্ষা

এশিয়া কাপের জন্য স্কিল ট্রেনিংয়ে নামার আগে বৃহস্পতিবার পরখ করা হলো ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2023, 06:02 PM

Updated : 03 Aug 2023, 08:27 PM

ড্রেসিংরুমে ফেরার পথে মাঠে মেহেদী হাসান মিরাজের সঙ্গে দেখা মাহমুদউল্লাহর। ইনডোরে যাওয়ার আগে অগ্রজের সঙ্গে এক চোট মজা করে নিলেন মিরাজ। ‘ইয়ো ইয়ো’ টেস্ট দিয়ে ফেরা ক্লান্ত-শ্রান্ত মাহমুদউল্লাহকে ইঙ্গিত করে এক পা বাঁকিয়ে হাঁটার ভঙ্গি করলেন তিনি। মাহমুদউল্লাহও ছাড় দেওয়ার পাত্র নেন। দুই পা বাঁকিয়ে পাল্টা কিছু একটা বললেন তিনি। কাছে থাকা রনি তালুকদার মিটিমিটি হাসলেন দুজনের কাণ্ড দেখে।

এমন খুনসুটি আবহটাকে করে তুলল আনন্দময়। এমনিতে ঘাম তো কম ঝরাতে হয়নি! মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে কঠিন পরীক্ষাই দিতে হলো জাতীয় ক্রিকেটারদের।

এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা জানার জন্য বৃহস্পতিবার হয় এই ‘ইয়ো ইয়ো’ টেস্ট। জাতীয় দলের ট্রেনার নিক লির সমন্বয়ে তিন ধাপে হয়েছে এই প্রক্রিয়া। 

সকালে প্রথম ধাপে পরীক্ষা দেন মাহমুদউল্লাহ, রনি, নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, আফিফ হোসেন, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়রা। প্রায় এক ঘণ্টা ধরে বিভিন্ন ধাপ পেরিয়ে শেষ হয় তাদের এই ফিটনেস পরীক্ষা।

ক্লান্তিকর পরীক্ষা শেষে ঘেমে একাকার আফিফ ইনডোর থেকে বের হন খালি গায়ে। মাহমুদউল্লাহ, রনিরা ইনডোর থেকে বেরিয়ে মূল মাঠ পেরিয়ে আসেন ড্রেসিং রুমে। যেখানে তাদের দেখা হয় পরের ধাপে টেস্ট দিতে যাওয়ার পথে থাকা মিরাজ, মোসাদ্দেক হোসেন, শামীম হোসেনদের সঙ্গে।

মিরাজ-শামীমদের পরীক্ষার পর বিরতি ছিল ঘণ্টাখানেকের। সবশেষে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যান মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, সৌম্য সরকার, সৈয়দ খালেদ আহমেদরা। মূল মাঠ পেরিয়ে ইনডোরে যাওয়ার আগে উইকেটের কাছে দাঁড়িয়ে নিজেদের মধ্যে হাসি বিনিময় করতে দেখা যায় তাদের। পরে ঘণ্টাখানেকের ইয়ো ইয়ো পরীক্ষার পর অবশ্য স্বাভাবিকভাবেই তাদের চেহারায় সেই হাসির জায়গা দখল করে নেয় ক্লান্তি ও ঘাম।  

সবার পরীক্ষা শেষে স্বস্তির কথা জানান নিক লি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় সন্তোষ প্রকাশ করেন জাতীয় দলের ট্রেনার। 

"তথ্য-উপাত্তের দিকে না তাকিয়ে, আমার মাথায় যা আছে তা থেকে বলতে পারি, সবার পারফরম্যান্স প্রায় একই রকম ছিল। এখানে এমন ক্রিকেটারও ছিল, যারা সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আশপাশে ছিল না বা ইনজুরিতে ছিল অথবা দলের বাইরে ছিল। তাদের কিছুটা কম ছিল (স্কোর)। তবে সব মিলিয়ে কারও গতিই কম ছিল না। সবাই মোটামুটি একই বন্ধনীতে ছিল।"

দল নির্বাচনে যে ইয়ো ইয়ো টেস্টের ফলের কোনো প্রভাব থাকবে না, তা আগেই বলেছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। এবার একই কথা মনে করিয়ে দিয়ে এই পরীক্ষার মূল লক্ষ্য তুলে ধরলেন জাতীয় দলের ট্রেনার।

"এই পরীক্ষা আসলে দলে সুযোগ পাওয়া বা বাদ পড়ার কোনো অংশ নয়। এটি স্রেফ আমার, ফিজিও, মেডিকেল টিম, নির্বাচক, প্রধান কোচের বোঝার জন্য যে ক্রিকেটাররা কোন অবস্থায় আছে এবং আগামী দুই মাসের মধ্যে তাদের নিয়ে কেমন কাজ করতে হবে।" 

"কারও হয়তো অনেক ভালো স্কিল থাকতে পারে, তবে ফিটনেসের দিক থেকে কিছু ঘাটতি থাকতে পারে। এক্ষেত্রে তারা স্কিল ট্রেনিং কিছুটা কমিয়ে ফিটনেসের দিকে মনোযোগ দিতে পারে। যারা শারীরিক দিক থেকে অনেক ফিট, তারা বেশি স্কিলের কাজ করতে পারে। এটি মূলত আমাদের তথ্য দেবে যে, আমরা আগামী ৬ থেকে ৮ সপ্তাহের অনুশীলন কীভাবে সাজাব।"

সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর এখনও শারীরিক দুর্বলতা রয়েছে হাসান মাহমুদের। বৃহস্পতিবার তিনি ছিলেন না ইয়ো ইয়ো টেস্টে। এছাড়া জিম্বাবুয়ের টি-টেন লিগ খেলে আসা তাসকিন আহমেদ, মুশফিকুর রহিমকে ক্লান্তি কাটিয়ে উঠতে সময় দিচ্ছে বিসিবি। আগামী রোববার তাদের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে নিক লির।

এছাড়া গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে লিটন দাস কানাডায় এবং লঙ্কা প্রিমিয়ার লিগের জন্য শ্রীলঙ্কায় সাকিব আল হাসান, তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলাম। আগামী রোববার শেষ হবে গ্লোবাল টি-টোয়েন্টি। দেশে ফেরার পর আলাদাভাবে ইয়ো ইয়ো পরীক্ষা দিতে হবে লিটনকে।

এলপিএল শেষ করে সাকিব, শরিফুল, হৃদয়দের দেশে ফিরতে ফিরতে ঘনিয়ে আসবে এশিয়া কাপ। তাই ওই টুর্নামেন্টে খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হওয়ার আগে তাদের ফিটনেস টেস্ট নিতে চান নিক লি। ওই সময় অন্যান্য ক্রিকেটারদেরও পুনরায় পরীক্ষা করানোর পরিকল্পনা রয়েছে। 

ফিটনেস টেস্টের পর স্কিল ট্রেনিংয়ে নামবেন দেশে থাকা ক্রিকেটাররা। আগামী মঙ্গলবার শুরু হওয়ার কথা এশিয়া কাপের আগে ব্যাটিং-বোলিং ঝালিয়ে নেওয়ার অভিযান। অবশ্য ফিটনেস পরীক্ষার জন্য প্রাথমিকভাবে প্রায় ৩২ জনকে ডাকা হলেও, স্কিল ট্রেনিংয়ে এই সংখ্যা কমিয়ে আনা হবে ২১-২২ জনে। সেটিই হবে মূলত এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড।

আগামী ৩০ অগাস্ট শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। টুর্নামেন্টের দ্বিতীয় দিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।