২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঠিন পথে সাকিবকে পাশে পেয়ে উচ্ছ্বসিত শ্রীরাম

সাকিব আল হাসানকে কাছ থেকে যতটুকু দেখেছেন, তাতে মুগ্ধ বাংলাদেশের টেকনিক‍্যাল কনসালটেন্ট।

অনীক মিশকাত অনীক মিশকাত

দুবাই থেকে ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 11:53 AM

Updated : 26 Aug 2022, 04:07 PM

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে এখন দুটি বড় মঞ্চে নিজেদের মেলে ধরার চ‍্যালেঞ্জ। তবে এই সংস্করণে বাংলাদেশের বাস্তবতা তো সবার জানাই! তাই হারানোর ভয় আছে সামান্যই। চ্যালেঞ্জটা বরং অনেক বেশি শ্রীধরন শ্রীরামের জন্য। অনেক প্রত্যাশা নিয়ে যে তাকে আনা হয়েছে! তার প্রতিটি পদক্ষেপে তাই নজর থাকবে বেশি। প্রতিকূল সেই পথচলায় সাকিব আল হাসানকে সারথি হিসেবে পেয়ে দারুণ খুশি শ্রীরাম।

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সাকিবের নতুন দফার শুরুটা মিলে যাচ্ছে টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে শ্রীরাম-যুগের শুরুতে। এবারের এশিয়া কাপ দিয়েই শুরু বাংলাদেশ ক্রিকেটের এই নতুন অধ্যায়।

২০১৯ সালে নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ছিলেন সাকিবই। সাকিবের নিষেধাজ্ঞায় টি-টোয়েন্টি দলের দায়িত্ব পান মাহমুদউল্লাহ। তার নেতৃত্বে গতবছর অস্ট্রেলিয়া ও নিউ জিল‍্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে শের-ই-বাংলা যেভাবে যেভাবে স্পিন মঞ্চ সাজিয়ে এই জয়গুলো এসেছে, সেখানে টি-টোয়েন্টি সামর্থ্যের সত্যিকার প্রতিফলন পড়েনি বলেই মনে হয়েছে। বিশেষ করে দলের পরের আসরের পথচলায় তা ফুটে উঠেছে।

মাহমুদউল্লাহকে দিতে হয়েছে সেই খেসারত। একদিকে দলের পারফরম‍্যান্স নাজুক। সবশেষ ১৫ ম‍্যাচে জয় কেবল দুটি। অন‍্য দিকে তার‍ ব্যাট থেকে যেন হারিয়ে গেছে রান। এই দুইয়ের যোগফলে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম দেওয়া হয় নিয়মিত অধিনায়ককে।

সেই সফরে নুরুল হাসান সোহানের নেতৃত্বে প্রথম দুই ম‍্যাচ খেলে বাংলাদেশ। চোটের জন‍্য তিনি ছিটকে গেলেও আর নেতৃত্বে ফেরা হয়নি মাহমুদউল্লাহর। এশিয়া কাপের আগে নেতৃত্বে ফেরানো হয় সাকিবকে।

এতদিন সাকিবকে প্রতিপক্ষ হিসেবেই পেয়েছেন শ্রীরাম। কখনও আন্তর্জাতিক ক্রিকেটে, কখনও আইপিএলে। সমীহ ছিল তখন থেকেই। এবার নিজেদের ড্রেসিং রুমে কাছ থেকে যতটুকু দেখেছেন শ্রীরাম, তাতে তিনি মুগ্ধ।

দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমিতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের টেকনিক্যাল কানসালটেন্ট শোনালেন সাকিবকে পাশে পেয়ে ভালো লাগার কথা।

“সাকিবকে এই মুহূর্তে অধিনায়ক হিসেবে পাওয়া দারুণ ব্যাপার। আগে তাকে প্রতিপক্ষ হিসেবে সম্মান করেছি। এই প্রথম তার সঙ্গে আমি কাজ করছি। টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে তার দৃষ্টিভঙ্গী দেখে খুব ভালো লেগেছে। খুবই আধুনিক, তরতাজা এবং আমরা একই অবস্থানে আছি।”

বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন, দেশের সর্বকালের সেরা ক্রিকেটার হলেও ড্রেসিং রুমে সাকিবের সঙ্গে তরুণদের যে রসায়ণ, এটা আলাদা করে চোখে পড়েছে শ্রীরামের।

“তরুণদের সঙ্গে তার সম্পর্ক দুর্দান্ত। তরুণরা তার দিকে তাকিয়ে থাকে, তাকে সম্মান করে। একই সঙ্গে তারা খুব সহজেই তার কাছাকাছিও যেতে পারে। এটা অনন্য একটা মিশ্রণ, যেখানে শ্রদ্ধাও আছে, আবার সহজে মেশাও যায়। দলের সঙ্গে অধিনায়কের এই রসায়ন থাকা দারুণ ব্যাপার। আমার মনে হয় ওকে নেতৃত্ব দেওয়া বাংলাদেশের দিক থেকে ইতিবাচক এবং সঞ্জীবনী একটা পদক্ষেপ।”

সাকিব নেতৃত্বে ফেরার পর আগামী মঙ্গলবার নিজেদের প্রথম ম‍্যাচে খেলবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সেদিনই শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান।