২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিন জাতীয় দলের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখেন তাসকিন

বিপিএলে এবার দুর্দান্ত ঢাকার সহ-অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ এই পেসারকে, তবে অধিনায়কত্ব নিয়ে তার স্বপ্ন আরও বড়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2024, 05:04 PM

Updated : 18 Jan 2024, 05:04 PM

বিপিএল শুরুর আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা মোসাদ্দেক হোসেনের। কিন্তু দুর্দান্ত ঢাকার অধিনায়ক একা নন, সঙ্গে দেখা গেল তাসকিন আহমেদকেও। অধিনায়কের কাছ ঘেষেই দাঁড়ালেন এই পেসার। মোসাদ্দেক যখন নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, তাসকিন তখন মুচকি হেসে ফিশফিশ করে পরিচিত সংবাদকর্মীদের বলছিলেন, “সুজন স্যার জোর করে পাঠিয়ে দিলেন, অধিনায়কের সঙ্গে আমাকেও নাকি থাকতে হবে…।”

এই সুজন স্যার মানে খালেদ মাহমুদ। বিসিবি পরিচালক ও দুর্দান্ত ঢাকার কোচ। তাসকিনকে তিনি এমনি এমনি পাঠাননি। এবারের বিপিএলে দুর্দান্ত ঢাকার সহ-অধিনায়ক এই পেসারই। সেই দায়িত্বে অভ্যস্ত হতেই অধিনায়কের সঙ্গে সংবাদ সম্মেলনে তাকে পাঠিয়েছেন কোচ।

মাঠের ভেতরে-বাইরে নেতৃত্বের নানা অনুষঙ্গের সঙ্গে মানিয়ে নেওয়ার তাড়নাটা তাসকিনের নিজেরও থাকার কথা। অধিনায়কত্ব নিয়ে বড় স্বপ্নও যে আছে তার। একদিন তিনি নেতৃত্ব দিতে চান দেশকেও।

স্বীকৃত কোনো পর্যায়ের ক্রিকেটেই এমনিতে নেতৃত্বের অভিজ্ঞতা খুব বেশি নেই তাসকিনের। তবে খেলোয়াড়ি জীবনের যে অভিজ্ঞতা, সেসব দিয়েই এবার তিনি সহ-অধিনায়ক হিসেবে সহায়তা করতে চান দলকে।

“আমাদের দলটা অনেক তরুণ দল। পাশাপাশি সুজন স্যার (খালেদ মাহমুদ) আছেন, মোসাদ্দেক আছে, অভিজ্ঞও আছে বেশ কজন। বিদেশি ক্রিকেটারদের অনেককে সঠিক সময়ে পাওয়া যাবে না। তবে যে দল আছে, এই দল নিয়েই আমরা যদি গুছিয়ে একতাবদ্ধ থেকে খেলতে পারি, অবশ্যই ভালো কিছু হবে।”

“আমার নিজের যে অভিজ্ঞতা আছে, সবসময় দলে ভাগাভাগি করার চেষ্টা করব। আমাদেল দল যাতে সেই ফল পায়।”

প্রসঙ্গক্রমেই তাই প্রশ্নটি উঠল, জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখেন? ইচ্ছেটা তাসকিন জানিয়ে দিলেন সরাসরিই।

“অবশ্যই, কেন নয়! এটা তো সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে। ধাপে ধাপে সবকিছুই হবে একদিন।”

এমনিতে ক্রিকেটে একটি প্রচলিত ধারণা আছে, পেস বোলাররা খুব ভালো অধিনায়ক নন। তবে বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা কিংবা অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সরা তো সেই ধারণাকে ভুল প্রমাণ করেছেনই। তাসকিনের নেতৃত্বের প্রসঙ্গে মাশরাফির উদাহরণই তুলে ধরলেন মোসাদ্দেক। সহ-অধিনায়কের কাছে নিজের প্রত্যাশার দিকটিও তুলে ধরলেন দুর্দান্ত ঢাকার অধিনায়ক।

“তাসকিন যদিও পেস বোলার, তবে আমাদের মাশরাফি ভাই কিন্তু উদাহরণ তৈরি করে দিয়ে গেছেন। তিনি অনেক বছর বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন এবং সফল অধিনায়ক। আমাদের দলের কোচ সুজন ভাই কিন্তু সবসময় তরুণ ক্রিকেটারদের তুলে ধরার চেষ্টা করেন। সেই জায়গা থেকেই উনি তাসকিনকে দায়িত্বটি দিয়েছেন।

“ওর (তাসকিন) যে আইডিয়াগুলো আছে, গত দুই বছরে ও যতটা উন্নতি করেছে এবং সাফল্য পেয়েছে, বাংলাদেশ দলকে ভালো ভালো ম্যাচ উপহার দিয়েছে, সেই জায়গা থেকেই আমাদের দল ও বোলিং ইউনিট ও সামলাতে পারবে।”