বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে মুমিনুলের ফিফটি
ভারত সফরে দ্বিতীয় চার দিনের ম্যাচে ৬৯ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ কিংবা আন্তর্জাতিক ক্রিকেট- কোনো পর্যায়ের ক্রিকেটেই রানের দেখা পাচ্ছিলেন না মুমিনুল হক। বছরের শুরুতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৮৮ রানের ইনিংসের পর কোথাও পঞ্চাশের দেখা পাচ্ছিলেন না বাঁহাতি এই ব্যাটসম্যান। ভারত সফরে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচে কিছুটা রানের আভাস দেখা গেছে তার ব্যাটে।
তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিসিবি একাদশের দ্বিতীয় চার দিনের ম্যাচের সিংহভাগই ভেসে গেছে বৃষ্টিতে। চার দিন মিলিয়ে খেলা হয়েছে মোটে ৮৮ ওভার। স্বাভাবিকভাবেই কোনো ফল আসেনি ম্যাচে।
এমএ চিদাম্বরামে বারবার বৃষ্টির বাগড়া পেরিয়ে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৯১ রানে ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশ। জবাবে দুই দলের সম্মতিতে ম্যাচ ড্র ঘোষণার আগে ২ উইকেটে ৬২ রান করে স্বাগতিকরা।
আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয়। রানের খাতাই খুলতে পারেননি তিনি। মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি হাঁকানোর পর রানের দেখা নেই তরুণ এই ওপেনারের ব্যাটে।
শুরুর ধাক্কা সামাল দেওয়ার অভিযানে বেশি দূর যেতে পারেননি আরেক ওপেনার সাদমান ইসলাম। তিনি করেন ২২ রান। এরপর মুমিনুল এক প্রান্ত আগলে রাখলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। সাইফ হাসান (২০), মোহাম্মদ মিঠুন (১৪), তৌহিদ হৃদয়রা (৯) হতাশ করলে ৯৬ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে বিসিবি একাদশ।
সপ্তম উইকেটে তাইজুল ইসলামের সঙ্গে ৯৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে আর বিপদ ঘটতে দেননি মুমিনুল। তিনি ৩ চার ও ১ ছয়ে ৬৯ রানে অপরাজিত থাকেন। তাইজুলের ব্যাট থেকে আসে ৩ চারে ৪১ রান।
পরে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তামিল নাড়ুর ওপেনার কৌশিক গান্ধী। তাকে এলবিডব্লিউ করেন সৈয়দ খালেদ আহমেদ। মোকিত হরিহরনকে কট বিহাইন্ড করেন রেজাউর রহমান রাজা। এরপর আর কোনো উইকেট নিতে পারেনি বিসিবি একাদশ।
প্রথম ম্যাচ ইনিংস ও ৪ রানে জেতায় চার দিনের ম্যাচের সিরিজটি জিতেছে বিসিবি একাদশ। আগামী ৭, ৯ ও ১১ নভেম্বর তিনটি এক দিনের ম্যাচ খেলবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
বিসিবি একাদশ ১ম ইনিংস: ৬৬ ওভারে ১৯১/৬ (ডিক্লে.) (জয় ০, সাদমান ২২, সাইফ হাসান ২০, মুমিনুল ৬৯*, মিঠুন ১৪, তৌহিদ ৯, জাকের ০, তাইজুল ৪১*; ত্রিলোক ২০-০-৭৪-৩, মোহাম্মদ এম ১৫-৩-৪৪-৩, জগনাথ ১৪-২-২৬-০, অজিত ১৪-৩-৩২-০, কৌশিক ১-০-১-০, প্রদোষ ২-০-১৩-০)
তামিল নাড়ু একাদশ ১ম ইনিংস: ২২ ওভারে ৬২/২ (কৌশিক ০, রাজু ৩৪*, মোকিত ২১, প্রদোষ ১*; খালেদ ৭-১-১৬-১, রাজা ৭-১-২৮-১, নাইম ৮-১-১৬-০)
ফল: ম্যাচ ড্র
সিরিজ: বিসিবি একাদশ ১-০ ব্যবধানে জয়ী
