০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

আইএল টি-টোয়েন্টিতে রেকর্ড পারিশ্রমিকে ফারুকির চমক

আইএল টি-টোয়েন্টির সব আসর মিলিয়ে সবচেয়ে দামি ক্রিকেটার এখন ফাজালহাক ফারুকি, অনেকটা ব্যবধানে আগের রেকর্ড ছাড়িয়ে গেছেন আফগান পেসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 12:29 PM

Updated : 02 Oct 2026, 12:29 PM

ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় ফাজালহাক ফারুকির চাহিদা মোটামুটি ছিলই। কিন্তু এবারের মতো কাড়াকাড়ি আগে দেখা যায়নি। টেবিলের খেলায় তুমুল লড়াই জমে উঠল আফগানিস্তানের পেসারকে নিয়ে। সেই লড়াই তাকে পৌঁছে দিল রেকর্ডের উচ্চতায়। আইএল টি-টোয়েন্টির সব আসর মিলিয়ে সবচেয়ে দামি ক্রিকেটার এখন তিনিই।

দুবাইয়ে বৃহস্পতিবার নিলামে ৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলারে ফারুকিকে নিয়েছে এমআই এমিরেটস। আগের রেকর্ড স্রেফ চুরমার হয়ে গেছে তাতে।

সংযুক্ত আরব আমিরাতের লিগটিতে এতদিন সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন আন্দ্রে ফ্লেচার। গতবারের নিলামে ক্যারিবিয়ান ব্যাটসম্যানকে ২ লাখ ৬০ হাজার ডলারে নিয়েছিল এমআই এমিরেটসই।

ফারুকি ছাড়াও এবারের নিলামে আরও তিন ক্রিকেটার ছাড়িয়ে গেছেন ফ্লেচারের রেকর্ড। সাড়ে ৩ লাখ ডলারের লিয়াম লিভিংস্টোনকে নিয়ে গালফ জায়ান্টস। এই দলটিই ৩ লাখ ১০ হাজার ডলারে নিয়েছে ফারুকির আফগান সতীর্থ রাহমানউল্লাহ গুরবাজকে। ৩ লাখ ডলারে ফাফ দু প্লেসিকে পেয়েছে দুবাই ক্যাপিটালস।

ক্যাপিটালসেই খেলবেন মুস্তাফিজুর রহমান। গত আসরে এই দলের হয়ে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার। তাকে এবার ধরে রেখেছে দলটি।

টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তিনিই। এবার নিলামে মুস্তাফিজের ১০ সতীর্থ নাম লেখালেও দল পাননি কেউই।

প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলবেন বাবর আজম। পাকিস্তানি তারকাকে ভিত্তিমূল্য ৮০ হাজার ডলারে নিয়েছে ডেজার্ট ভাইপার্স। একই দামে পাকিস্তানের আরও তিন ক্রিকেটারকে নিয়েছে দলটি- শাদাব খান, ফাখার জামান ও নাসিম শাহ।

২ লাখ ৩০ হাজার ডলারে গালফ জায়ান্টসে খেলবেন আলজারি জোসেফ। শারজাহ ওয়ারিয়র্স ১ লাখ ৮০ হাজার ডলারে নিয়েছে রিচার্ড গ্লিসনকে, ১ লাখ ৪০ হাজার ডলারে মোহাম্মাদ নাবিকে ও ১ লাখ ১০ হাজার ডলারে পল ওয়াল্টারকে। এমআই এমিরেটসে ক্রিস জর্ডান পাচ্ছেন ১ লাখ ৭০ হাজার ডলার, এএম গাজানফার দেড় লাখ ডলার। ১ লাখ ডলারে দাসুন শানাকা খেলবেন দুবাই ক্যাপিটালসে।

স্থানীয় ক্রিকেটারদের কয়েকজনকে নিয়েও এবারের নিলামে ছিল বেশ কাড়াকাড়ি। তাদের মধ্যে অনুমিতভাবেই শীর্ষে মুহাম্মাদ ওয়াসিম। অভিজ্ঞ ব্যাটসম্যানকে ২ লাখ ১০ হাজার ডলারে নিয়েছে এমআই এমিরেটস। সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটারদের মধ্যে আইএল টি-টোয়েন্টির সব আসর মিলিয়ে সবচেয়ে দামি ক্রিকেটার এখন তিনিই। ১ লাখ ১০ হাজার ডলারে আলিশান শারাফুকে নিয়েছে আবু ধাবি নাইট রাইডার্স, একই দল ৯৫ হাজার ডলারে পেয়েছে মুহাম্মাদ রোহিদকে। এই পারিশ্রমিকেই দুবাই ক্যাপিটালসে খেলবেন আয়ান খান।

আইসিসির সহযোগী দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে আরও কয়েকজনকে ঘিরে ছিল বেশ আগ্রহ। যুক্তরাষ্ট্রের আমশি ডি সিলভাকে ১ লাখ ডলারে নিয়েছে আবু ধাবি নাইট রাইডার্স। যুক্তরাষ্ট্রেরই হাসান খান দুবাই ক্যাপিটালসে যাচ্ছেন ৯০ হাজার ডলারে। স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমালেন ৮০ হাজার ডলারে খেলবেন শারজাহ ওয়ারিয়র্সে, ৭০ হাজার ডলারে গালফ জায়ান্টসে নামিবিয়ান অলরাউন্ডার ডেভিড ভিসা।