০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এসএ টোয়েন্টির নিলামে ১৮ বছর বয়সী ক্রিকেটারের চমক

এবারের নিলামে বড় তারকাদের ছাপিয়ে সবচেয়ে দামি ক্রিকেটার মাত্র একটি টি-টোয়েন্টি খেলা এই তরুণ অলরাউন্ডার।

এসএ টোয়েন্টির নিলামে ১৮ বছর বয়সী ক্রিকেটারের চমক

নিলামে তোলপাড় ফেললেন জেসন রোলস। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 11:51 AM

Updated : 08 Oct 2026, 12:27 PM

ফাফ দু প্লেসি, কাইরন পোলার্ড, ভিয়ান মুল্ডার, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার… তালিকা চলতেই থাকবে। কত বড় বড় নাম ছিল তালিকায়। তবে সবাইকে ছাপিয়ে নিলামের টেবিলে ঝড় তুললেন জেসন রোলস। একটি মাত্র টি-টোয়েন্টি খেলা উঠতি এই অলরাউন্ডারই এবারের এস টোয়েন্টির মিনি নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার।

জোহানেসবার্গে বুধবার নিলামে ২৯ লাখ র‌্যান্ডে (প্রায় ১ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার) রোলসকে দলে নেয় জোবার্গ সুপার কিংস।

নিলামে নাম নিবন্ধন করলেও দল পাননি বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা।

দক্ষিণ আফ্রিকার বাইরে এখনও তেমন পরিচিতি নেই রোলসের। তবে ১৮ বছর বয়সী এই অলরাউন্ডারকে নিজ দেশে মনে করা হয় দারুণ সম্ভাবনাময়। বাঁহাতি আগ্রাসী ব্যাটসম্যান তিনি, বাঁহাতি স্পিনেও বেশ কার্যকর।

স্বীকৃত টি-টোয়েন্টিতে তার অভিষেক হয়েছে গত রোববার। সিএসএ প্রো-টোয়েন্টি কাপে দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের হয়ে সেই ম্যাচে চার ছক্কায় ৩১ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি, উইকেট নিয়েছেন একটি।

রোলসের প্রতিভার প্রমাণ মিলেছে বয়সভিত্তিক ক্রিকেটে। যুব ওয়ানডেতে ২৪ ম্যাচে ৮৫৫ রান করেছেন তিনি ৪২.৭৫ গড়ে। সেঞ্চুরি করেছেন দুটি। উইকেট নিয়েছেন ১৯টি। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৭০ গড় ও ১১২ স্ট্রাইক রেটে ২৮০ রান করে তিনি ছিলেন দলের সফলতম ব্যাটসম্যান। গত জুনে ইংল্যান্ডে যুব টেস্টে করেছেন ডাবল সেঞ্চুরি।

রোলসকে নিয়ে নিলামে এমন কাড়াকাড়ি দেখে দারুণ রোমাঞ্চিত এসএ টোয়েন্টির কমিশনার ও দক্ষিণ আফ্রিকার সেরা অধিনায়কদের একজন গ্রায়েম স্মিথ।

“আমার মতে দিনের সেরা আকর্ষণ ছিল জেসন রোলস। একজন ১৮ বছর বয়সীকে নিয়ে নিলামে সবচেয়ে বড় লড়াই করাটাই বলে দেয় যে, ফ্র্যাঞ্চাইজিগুলো পরবর্তী প্রজন্মের ওপর কতটা বিশ্বাস রাখে। মাত্র গত বছরই সে রেইন স্কুল এসএ টোয়েন্টির ফাইনালে অংশ নিয়েছিল এবং আজ সে বিশ্বের সেরা কজন টি-টোয়েন্টি তারকাদের নিয়ে গড়া একটি দলের অংশ হতে চলেছে। আমরা এই পথটিই তৈরি করতে চেয়েছিলাম এবং এটি সফল হতে দেখে আমরা অত্যন্ত উজ্জীবিত।”

জোবার্গে রোলসের সঙ্গী হচ্ছেন ফাফ দু প্লেসি। নিলামের আগে তাকে ছেড়ে দিয়ে আবার ২৭ লাখ র‌্যান্ডে (প্রায় ১ লাখ ৬৩ হাজার মার্কিন ডলার) অভিজ্ঞ ব্যাটসম্যানকে দলে নিয়েছে দলটি। এবারের নিলামের দ্বিতীয় সর্বোচ্চ দাম এটি।

নিলামের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা, কাইরন পোলার্ডের প্রতি আগ্রহী হয়নি এমআই কেপ টাউন। বিশ্বজুড়ে বিভিন্ন লিগে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির অংশ তিনি। কোথাও তিনি আছেন কোচিং স্টাফে, কোথাও খেলে যাচ্ছেন এখনও। কিন্তু এবার এসএ টোয়েন্টিতে সেই বন্ধন ছিন্ন হলো। তাকেও দলে নিয়েছে জোবার্গ। দাম পড়েছে ১৫ লাখ র‌্যান্ড (৯০ হাজার ডলার)।

পোলার্ডকে না নিয়ে এমআই কেপ টাউন একই দামে নিয়েছে শিমরন হেটমায়ারকে। এবারের নিলামে দল পাওয়া প্রথম ক্রিকেটার তিনি।

১৫ লাখ ডলারেই ট্রেন্ট বোল্টকে নিয়েছে এমআই কেপ টাউন। আইপিএল, মেজর লিগ ক্রিকেট, আইএল টি-টোয়েন্টি এবং দা হান্ড্রেড, সব লিগেই মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির পাওয়ার প্লে বোলিং বিশেষজ্ঞ তিনি।

নিলামের তৃতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার ভিয়ান মুল্ডার। ২৬ লাখ র‌্যান্ডে (প্রায় ১ লাখ ৫৬ হাজার ডলার) তাকে নিয়েছে এমআই কেপ টাউনই।

বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ ১৫ লাখ র‌্যান্ডে নিয়েছে ইংলিশ অলরাউন্ডার ক্রেইগ ওভারটনকে। এই দলটিই সরাসরি চুক্তিতে আগেই দলে নিয়েছে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন ও অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শকে।

দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের কিপার-ব্যাটার আন্দ্রিয়েস হাউসকে ১০ লাখ র‌্যান্ডে নিয়েছে জোবার্গ। এই দলেই ৫ লাখ র‌্যান্ডে খেলবে ব্লেসিং মুজারাবানি।

৫ লাখ র‌্যান্ডে রাসি ফন ডার ডাসেনকে নিয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস। এই দলই ২ লাখ র‌্যান্ডে নিয়েছে গত দুই আসরে খেলার সুযোগ না পাওয়া টেম্বা বাভুমাকে।

স্কোয়াড পরিপূর্ণ মনে করায় নিলামে কোনো ক্রিকেটার নেয়নি পার্ল রয়্যালস ও ডারবান’স সুপার জায়ান্টস।

এসএ টোয়েন্টির পঞ্চম আসর শুরু হবে আগামী ২৭ জানুয়ারি।