২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিন লাঞ্চের আগে বাংলাদেশকে থামাতে চায় আফগানিস্তান

প্রথম দিনে বোলিংয়ে প্রত্যাশা পূরণ না হলেও দ্বিতীয় দিনের সকালের সেশনের দিকে তাকিয়ে আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 08:04 PM

Updated : 14 Jun 2023, 09:29 PM

‘১০ রানের মধ্যে বাকি ৫ উইকেট নিতে চাই, পরে আমরা রান করতে চাই’- হাসতে হাসতেই বললেন জোনাথন ট্রট। আফগানিস্তানের প্রধান কোচের কাছে প্রশ্ন ছিল, দ্বিতীয় দিন তার দলের জন্য আদর্শ পরিস্থিতি কী হতে পারে। তাতে বেশ এক চোট মজা করে নিলেন ইংল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যান। তবে বাস্তবতা যে এতটা সহজ নয়, তা তো তিনি জানেনই। পরে তাই  নিজেদের পরিকল্পনাও পরিষ্কার করলেন আফগান কোচ।

মিরপুর টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৬২ রান। ৭২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় দিন প্রথম সেশনের ভেতরেই তাদের আউট করে বাকি সব উইকেটও নিতে চায় আফগানিস্তান।

আফগানরা আপাতত আশা নিয়ে তাকিয়ে দ্বিতীয় নতুন বলে। আলোকস্বল্পতা বা বৃষ্টির কোনো বাগড়া না থাকলেও নানা করণে বুধবার খেলা হতে পেরেছে স্রেফ ৭৯ ওভার। দ্বিতীয় দিন এক ওভার পরই দ্বিতীয় নতুন বল নিতে পারবে তারা।

প্রথম দিনে টস জিতে ফিল্ডিং নেওয়ার পর নতুন বলে দ্বিতীয় ওভারে নিজাত মাসুদের হাত ধরে সাফল্য পায় আফগানরা। দ্বিতীয় নতুন বলে মাসুদের সঙ্গে অন্য পেসারদের কাছ থেকেও একই ধরনের বোলিং দেখতে চান ট্রট। 

“(লাঞ্চ বিরতির আগে অলআউট) করতে পারলে ভালো হবে। আমরা যদি ভালো জায়গায় বোলিং করতে পারি... ১ ওভার পর আমরা আবার নতুন বল পাব। আমাদের ভালো বোলিং করতে হবে। আশা করি নিজাত (মাসুদ) ও অন্য পেসাররা ভালো করবে।”

সবুজ উইকেটে পেসাররা সুবিধা পাবে ভেবে টস জিতে আগে ফিল্ডিং নিতে দুইবার ভাবেননি আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। স্বাগতিক অধিনায়ক লিটন দাস তখন জানান, তারও ছিল অভিন্ন ভাবনা। 

দ্বিতীয় ওভারে জাকির হাসানকে ফিরিয়ে অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতাও যেন জানান দেন অভিষিক্ত পেসার মাসুদ। তবে সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে বাংলাদেশের দাপট। 

পেসাররাও আর পারেনি উইকেটের সহায়তাটুকু কাজে লাগাতে। তাই স্পিনের দিকেই ঝোঁকে আফগানরা। পুরো দিনে তাদের তিন পেসার করেছেন ৩০ ওভার। দুই স্পিনার জাহির খান ও আমির হামজা হোতাক করেন ৪০ ওভার। এমনকি দুই খণ্ডকালীন স্পিনার রহমত শাহ ও শাহিদিও ৯ ওভার হাত ঘোরান।

দিনের শুরুর দিকে পেসারদের বলে কিছুটা সুইং দেখা গেলেও, সময়ের সঙ্গে সঙ্গে উইকেটে ধরেছে স্পিন। কিছু বল আবার হঠাৎ লাফিয়েও উঠেছে। ট্রট বললেন, উইকেটের এই আচরণ তাদের কাছে ছিল অপ্রত্যাশিত।

“আমার মনে হয়, দুই দলই যতটা প্রত্যাশা করেছে, তার চেয়ে বেশি ঘুরেছে বল। উপমহাদেশের উইকেটে সাধারণত এমন স্পিনই দেখা যায় সবসময়। আমাদেরকে আগামীকাল ভালো খেলতে হবে।”

টস জয়ী দল আগে বোলিং নেওয়ার পর যদি প্রতিপক্ষ রান পাহাড়ের ভিত গড়ে ফেলে, তাহলে টসের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠে যায়। আফগান কোচ জানালেন, সিদ্ধান্তটি ছিল মূলত অধিনায়কের।

“একটি সিদ্ধান্ত তো নিতেই হবে, তাই না! অধিনায়ক আগে বোলিং করতে চেয়েছে। কোচ হিসেবে তাকে সমর্থন করা আমার দায়িত্ব। দল হিসেবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। কন্ডিশন ও পিচ দেখে যে কোনো সিদ্ধান্ত নিয়ে সেই অনুযায়ী এগোতে হবে।”

শুরুতে জাকিরকে হারালেও পরে নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়ের দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২১২ রানের জুটিতে ওভারপ্রতি প্রায় ৫ রান করে নেয় তারা। 

জয় কিছুটা আঁটসাঁট ব্যাটিং করলেও শান্ত ছিলেন সাবলিল। দেড়শ ছুঁইছুঁই ইনিংসটি খেলেন ৮৩ স্ট্রাইক রেটে। দিন শেষে বাংলাদেশের রান রেট ৪.৫৮! টেস্ট ক্রিকেটে যা দারুণই বটে।

বাংলাদেশের ব্যাটসম্যানদের কাজ সহজ হয় আফগানদের এলোমেলো বোলিংয়ে। জাহির, হামজারা উইকেটে থেকে টার্ন পেলেও, ভালো লাইন-লেংথে বোলিং করতে পারেননি। আলগা বল দিয়েছেন অনেক। দিন শেষে তাই কিছুটা আক্ষেপ ট্রটের কণ্ঠে।

“আমাদের যেমন বোলিং করা উচিত ছিল, তা করতে পেরেছি বলে মনে হয় না। আমার মতে, উইকেটে (বোলারদের জন্য) কিছু সাহায্য আছে। আমরা যখনই টানা ভালো জায়গায় বল করেছি, সুযোগ তৈরি হয়েছে। টেস্ট ক্রিকেটে এটিই লম্বা সময় ধরে করতে হবে। আগামীকাল আরও ভালো বোলিং করতে হবে। ছেলেদের জন্য এটি ভালো শিক্ষা ছিল।” 

“আমার মনে হয়, আমরা যেভাবে বোলিং করেছি, তাতে তাদের কাজ সহজ হয়েছে। আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম, তাহলে হয়তো তাদের রান করার গতিতে লাগাম দেওয়া যেত।” 

ছন্নছাড়া বোলিংয়ের দিনেও ৫টি উইকেট নিয়েছে আফগানিস্তান। এর মধ্যে অবশ্য জাকির ছাড়া বাকি চারজনই বিলিয়ে আসেন নিজেদের উইকেট। তবে এটি তাদের প্রাপ্য ছিল বলেই মনে করেন আফগান প্রধান কোচ।

“(৫ উইকেট নিতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করেন কি না) আমি বলব, হ্যাঁ আবার না! কিছু সিদ্ধান্ত আমাদের পক্ষে যেতে পারত। এলবিডব্লিউয়ে একটি 'আম্পায়ার্স কল' হলো। আমি বিশ্বাস করি, ক্রিকেটে প্রাপ্যটাই সবসময় পাওয়া যায়। ৫ উইকেট তাই আমাদের প্রাপ্য ছিল। পাশাপাশি তারাও যে হারে রান করেছে, এটি তাদের প্রাপ্য ছিল।”