‘অভিজ্ঞতার তো একটা দাম আছে’, তামিমের ফেরা নিয়ে বললেন সাকিব
অভিজ্ঞ ক্রিকেটার দলে কতটা অবদান রাখতে পারেন, এটার ওপর সবকিছু নির্ভর করে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
সাকিব আল হাসানের নেতৃত্বে যখন এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ, তামিম ইকবাল তখন মাঠে ফেরার লড়াই করছেন বিশ্বকাপে দৃষ্টি রেখে। অভিজ্ঞ ওপেনার কতটা ফিট হয়ে উঠতে পারবেন, উত্তর মিলবে সময়ে। তবে বিশ্ব আসরে অভিজ্ঞ ক্রিকেটারের উপস্থিতি দলে গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাকিব। বাংলাদেশ অধিনায়ক অবশ্য সঙ্গে যোগ করে দিলেন, দলে অবদান রাখতে পারাটাই সবচেয়ে জরুরি।
তামিম নেতৃত্ব ছেড়ে দেওয়াতেই আবার ওয়ানডে দলের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব। সবশেষ সিরিজ থেকে বড় এই পালাবদল হয়ে গেছে বাংলাদেশের ওয়ানডে দলে।
আফগানিস্তানের বিপক্ষে সেই সিরিজে অধিনায়ক হিসেবেই শুরু করেন তামিম। প্রথম ম্যাচের পর দিন আচমকা তিনি বিদায় জানান আন্তর্জাতিক ক্রিকেটে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আবার ফিরেও আসেন দ্রুত। তবে এই মাসের শুরুতে তিনি জানিয়ে দেন, ওয়ানডে দলের নেতৃত্বে আর থাকবেন না।
পিঠের নিচের অংশের ব্যথা কমাতে দুই দফা ইংল্যান্ড থেকে ইনজেকশন নিয়ে ফেরা তামিমের এখন পুনবার্সন প্রক্রিয়া চলছে। সম্প্রতি তিনি হালকা ব্যাটিং অনুশীলন শুরু করেছেন। পুরোদমে ব্যাটিং অনুশীলন শুরু করবেন আর কিছুদিন পর।
আপাতত তার লক্ষ্য বিশ্বকাপের ঠিক আগে নিউ জিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার। তবে সবকিছু নির্ভর করছে তার শারীরিক অবস্থার অগ্রগতির ওপর। শতভাগ ‘ইনটেনসিটি’ দিয়ে যখন তিনি ব্যাটিং ও ফিটনেস ট্রেনিং শুরু করবেন, তখন তার শরীর কীভাবে সাড়া দেয়, ব্যথা ফিরে আসে কি না, জড়তা কতটা থাকে, এমন অনেক কিছুই দেখার আছে। তামিমকে নিয়ে তাই সংশয়ের জায়গাও আছে।
তবে এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে সাকিবের কথায় বোঝা গেল, বিশ্বকাপে তামিমকে পাওয়া যাবে বলেই ধরে নিচ্ছেন তিনি। ‘অবসর ভেঙে তামিমের ফেরা কতটা স্বস্তির’, এই প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক তুলে ধরলেন অভিজ্ঞতার ইতিবাচক দিক।
“যে কোনো অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। দলে তারা কতটা অবদান রাখতে পারে, এটার ওপর অবশ্যই নির্ভর করে সবকিছু। তবে অবশ্যই অভিজ্ঞতার তো একটা দাম আছে এবং অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে কন্ডিশন সম্পর্কে কিংবা বড় বড় টুর্নামেন্ট সম্পর্কে যখন একজন ক্রিকেটারের অভিজ্ঞতা থাকে এবং তা যখন ভাগাভাগি করে, জিনিসটা অনেক সহজ হয়ে যায়, বিশেষ করে যারা নতুন দলে আসে।”
আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহর অবশ্য জায়গা হয়নি এশিয়া কাপের মূল স্কোয়াড কিংবা স্ট্যান্ড বাই তালিকায়। বিশ্বকাপের মূল পরিকল্পনায় তিনি নেই বলেই তাই ধরে নেওয়া যায়।
এশিয়া কাপ খেলতে রোববার দুপুরে শ্রীলঙ্কায় রওনা দেবে বাংলাদেশ দল।
