পাকিস্তান সফরে নেই আর্চার, ৮ বছর পর ইংল্যান্ড দলে ক্রেইন
চোট কাটিয়ে দলে ফিরেছেন লেগ স্পিনার আদিল রাশিদ ও পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারান।
হ্যামস্ট্রিং চোটে আগেই ছিটকে পড়া জস বাটলারের পর এবার জফ্রা আর্চারকেও পাকিস্তান সফরে পাচ্ছে না ইংল্যান্ড। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে গতিময় এই পেসারকে বিশ্রাম দিয়েছে তারা। সাড়ে আট বছরের বেশি সময় পর জাতীয় দলে ফেরানো হয়েছে লেগ স্পিনার ম্যাসন ক্রেইনকে।
পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে লড়াইয়ের জন্য বৃহস্পতিবার ১৬ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। চোট কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ লেগ স্পিনার আদিল রাশিদ ও পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারান।
হাতের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজে খেলতে পারেননি রাশিদ। আর কুঁচকির চোট থেকে সেরে উঠেছেন গত জুলাইয়ে সবশেষ জাতীয় দলের প্রতিনিধিত্ব করা কারান।
ঘরোয়া ক্রিকেটে গ্ল্যামরগনের হয়ে ভালো করার পুরস্কার পেয়েছেন ২৯ বছর বয়সী ক্রেইন। ইংল্যান্ড দলের নির্বাচক মার্কাস নর্থ বললেন সেই কথাই।
“গ্রীষ্মজুড়ে দুই সংস্করণেই গ্ল্যামরগনের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে ম্যাসন ক্রেইন। সে অভিজ্ঞ ও উচ্চমানের লেগ স্পিনার। আন্তর্জাতিক পর্যায়ে আরেকটি সুযোগ পাওয়ার পুরোপুরি যোগ্য সে।”
২০১৭ সালের জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ক্রেইনের। এই সংস্করণে দেশের হয়ে কেবল দুই ম্যাচ খেলে এক উইকেট নিতে পেরেছেন তিনি।
পরের বছরের জানুয়ারিতে তার টেস্ট অভিষেক হয়। ক্রিকেট অভিজাত সংস্করণে ক্যারিয়ারের একমাত্র ম্যাচটিতেও একটি উইকেট নেন ক্রেইন। ওয়ানডে খেলার এখনও অভিজ্ঞতা হয়নি তার। এই সংস্করণ দিয়ে লম্বা সময় পর আবারও জাতীয় দলের প্রতিনিধিত্ব করার হাতছানি এই ক্রিকেটারের সামনে।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৩ ম্যাচ খেলে ২১১ উইকেট নিয়েছেন ক্রেইন। লিস্ট ‘এ’ তে ৫০ ম্যাচ খেলে তার প্রাপ্তি ৭৯ উইকেট। আর স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন ১৩১টি, শিকার ১৫৪টি।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা সাসেক্সের বাঁহাতি স্পিনার জেমস কোলস ও ডানহাতি পেসার হেনরি ক্রকম্বকে আরও একবার দলে রেখেছে ইংল্যান্ড।
ত্রিদেশীয় সিরিজে ফাইনালে উঠতে পারলে মোট পাঁচটি ওয়ানডে খেলবে ইংল্যান্ড। রাওয়ালপিন্ডিতে আগামী ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু তাদের অভিযান। ২২ অক্টোবর শ্রীলঙ্কার পর ২৫ অক্টোবর স্বাগতিকদের মুখোমুখি হবে তারা। প্রাথমিক পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে লড়বে ২৯ অক্টোবর।
ইংল্যান্ড ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জেমস কোলস, জর্ডান কক্স, ম্যাসন ক্রেইন, হেনরি ক্রকম্ব, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রাশিদ, জো রুট, জশ টাং।
