২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিকের বিদায়ে ‘হৃদয় ভেঙে গেছে’ মাহমুদউল্লাহর

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অভিজ্ঞ ব্যাটসম্যানের অবসরের খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন তার নানা সময়ের সতীর্থরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 06:07 PM

Updated : 04 Sep 2022, 07:59 PM

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মুশফিকুর রহিমের বিদায় বড় ধাক্কা হয়ে এসেছে মাহমুদউল্লাহর জন্য। সেই বেদনাকে সঙ্গী করেই তিনি আলিঙ্গন করছেন বাস্তবতাকে। বাংলাদেশের এক অভিজ্ঞ ক্রিকেটারের বিদায়ের আবেগময় বার্তা দিলেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার। মুশফিকের টি-টোয়েন্টি থেকে অবসরের খবরে এমন আবেগ-শ্রদ্ধা-ভালোবাসার নানা কথা থাকল তার নানা সময়ের সতীর্থ ক্রিকেটারদের কণ্ঠেও।

বাংলাদেশের টি-টোয়েন্টি দলে জায়গা নিয়ে ক্রমাগত প্রশ্নের মধ্যেই রোববার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন মুশফিক। ১৫ বছর ২৭৭ দিনের ক্যারিয়ার থামল ৩৫ বছর বয়সে এসে।

১০২ ম্যাচের ক্যারিয়ারে মুশফিক সর্বোচ্চ ২৪ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহর নেতৃত্বে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহমুদউল্লাহর প্রতিক্রিয়ায় মিশে থাকল তার ভেতরের যন্ত্রণাও।

“প্রিয় মুশফিক, তোমার ঘোষণা শোনার পর আমার হৃদয় ভেঙে গেছে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোমার অর্জন ও ক্যারিয়ারের জন্য শুভেচ্ছা। তোমার সঙ্গে টি-টোয়েন্টিতে খেলা ছিল তৃপ্তির। যে কোনো সংস্করণেই তোমার ওয়ার্ক এথিকস প্রেরণাদায়ী।”

সেই বয়সভিত্তিক ক্রিকেটে একই রুমে থাকার দিনগুলো থেকেই মুশফিক আর তামিম বেশ ভালো বন্ধু। তাদের বন্ধুত্বের কথা জানা বাংলাদেশ ক্রিকেটের অনেকের। বন্ধুর একটি অধ্যায়ের সমাপ্তিতে তামিমকেও আবেগ ছুঁয়ে গেল প্রবলভাবে।

“অভিনন্দন মুশফিক! ১৫ বছর ২৭৭ দিনের টি-টোয়েন্টি ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার...”

“টেস্ট ও ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু!”

অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কথায় যেমন হাহাকার ফুটে উঠল, তেমনি থাকল আশাবাদও।

“আমার ছেলেবেলার নায়ক মুশফিকুর রহিম ভাই, আপনি আদর্শ একজন এবং অনেকের জন্য প্রেরণাদায়ী। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে আপনাকে আমরা মিস করব। প্রবলভাবে বিশ্বাস করি, অন্যান্য সংস্করণে অনেক কিছুই দেওয়ার আছে। নতুন যে চ্যালেঞ্জই গ্রহণ করুন, উপভোগ করতে থাকুন ভাই।”

অন্যান্য সংস্করণ নিয়ে মুশফিকের প্রতি শুভ কামনা জানালেন লিটন কুমার দাসও।

“আপনার সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে পারা ছিল তৃপ্তির, মুশফিক ভাই। আশা করি, ওয়ানডে ও টেস্টে আপনি আরও অনেক অবদান রাখবেন বাংলাদেশের হয়ে।”

মুশফিকের একটি ছবি দিয়ে তাসকিন আহমেদ ছোট্ট করে লিখেছেন, “ধন্যবাদ, কিংবদন্তি।” সাব্বির রহমানের ছোট্ট প্রতিক্রিয়া, “অবসর শুভ হোক মুশফিক ভাই।” মোসাদ্দেক হোসেন লিখেছেন, “সবকিছুর জন্য কৃতজ্ঞতা।”

নুরুল হাসান সোহান তুলে ধরেছেন, মুশফিক তাদের কতটা উজ্জীবিত করেছেন।

“মাঠের ভেতরে-বাইরে আপনি আমাদের প্রেরণা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর শুভ হোক। সামনের দিনগুলোর জন্য শুভ কামনা।”

আফিফ হোসেনও শুভ কামনা জানালেন সামনের পথচলার জন্য, “আশা করি, আপনার সামনের ভ্রমণ আরও সফল হবে মুশফিকুর রহিম ভাই।”

জাতীয় দলে সতীর্থ হিসেবে মুশফিকের সঙ্গে খুব বেশি দিন ধরে খেলছেন না শরিফুল ইসলাম। তবু তরুণ এই পেসারের কথায় মিশে থাকল হাহাকার।

“আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা। আপনি আমাদের আলোর বাহক ছিলেন, আপনি সর্বদা মানুষের হৃদয়ে থাকবেন। আমরা আপনাকে টি-টোয়েন্টি ফরম্যাটে মিস করব। আপনি আমাদের জীবন্ত কিংবদন্তি। আপনার জন্য শুভ কামনা।”