২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্রিকেটে আসক্ত অ্যান্ডারসন’

স্টুয়ার্ট ব্রডের মতে, এই আসক্তিই তার দীর্ঘদিনের সতীর্থকে আরও ভালো করার তাড়না যোগায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 04:24 PM

Updated : 11 Jun 2023, 04:29 PM

বয়স ৪১ ছুঁইছুঁই। কিন্ত জেমস অ্যান্ডারসনের পারফরম্যান্সে এর ছাপ নেই বললেই চলে। বয়স যত বাড়ছে, তার বোলিং যেন হয়ে উঠছে আরও ধারালো। এর পেছনের রহস্য খোলাসা করেছেন তার দীর্ঘদিনের সতীর্থ স্টুয়ার্ট ব্রড। ইংলিশ অভিজ্ঞ পেসারের মতে, ক্রিকেটের প্রতি এখনও আসক্ত হওয়ার কারণে এই বয়সেও এতটা দুর্দান্ত অ্যান্ডারসন। 

টেস্টে ইংল্যান্ডের সফলতম বোলার অ্যান্ডারসন আগামী মাসেই পা রাখবেন ৪১ বছরে। ২০০৩ সালে এই সংস্করণে পথচলা শুরু করেন ডানহাতি এই পেসার। সাদা পোশাকে দুই দশক ধরে এখন পর্যন্ত ১৭৯ ম্যাচ খেলে তার উইকেট ৬৮৫। 

টেস্টে তা চেয়ে বেশি উইকেট নেই আর কোনো পেসারের। সব মিলিয়ে এই সংস্করণের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় অ্যান্ডারসন আছেন তিনে। 

বয়স যে তার কাছে কেবলই সংখ্যা, সেটার আরেকটি প্রমাণ মেলে আইসিসি র‍্যাঙ্কিংয়ে। চলতি বছরের শুরুতে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠেন তিনি। গড়েন সবচেয়ে বেশি বয়সে তালিকায় শীর্ষে ওঠার রেকর্ড। এখন আছেন দুই নম্বরে। 

অ্যান্ডারসনের ৪ বছর পর শুরু ব্রডের টেস্ট ক্যারিয়ার। এরপর থেকে কাঁধে কাঁধ মিলিয়ে অনেক পথ পাড়ি দিয়েছেন তারা। হয়ে উঠেছেন টেস্ট ইতিহাসের সফলতম বোলিং জুটি। ১৩৪ টেস্টে ১ হাজার ১৭ উইকেট জ্বলজ্বল করছে অ্যান্ডারসন-ব্রড জুটির নামের পাশে। 

আসন্ন অ্যাশেজ সিরিজের দলেও আছেন অভিজ্ঞ এই দুই পেসার। ‘লেজেন্ডস অব অ্যাশেজ’ পডকাস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহ্যবাহী লড়াইটি নিয়ে কথা বলেন ব্রড। সেখানেই তুলে ধরেন তিনি অ্যান্ডারসনের নিবেদন নিয়ে তার মুগ্ধতার কথা। 

“জিমি অবিশ্বাস্য এক প্রতিদ্বন্দ্বী। আর এটাই তার মূল শক্তি। আমার দেখা সবচেয়ে লড়াকু মানসিকতার মানুষ সে…তার তাড়না অনেক বেশি। সত্যি বলতে, সে ক্রিকেটে আসক্ত। অনুশীলনে আসক্ত, আরও ভালো হতে ও সবসময় উন্নতি করতে আসক্ত।” 

“সেটাই এখন ফুটে উঠছে, তার বয়স ৪০ এবং সে সম্ভবত চার বছর আগের চেয়ে ভালো বোলিং করছে। এটাই তার নিবেদনের অবিশ্বাস্য একটা প্রমাণ নিজের প্রতি ও খেলার প্রতি।”  

আগামী শুক্রবার এজবাস্টন টেস্ট দিয়ে শুরু হবে অ্যাশেজ। অ্যান্ডারসন-ব্রড জুটির এটি নবম অ্যাশেজ সিরিজ।