২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার আগের নির্বাচক কমিটিকে একহাত নিলেন ম্যাথিউস

প্রায় তিন বছর পর শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টিতে ফেরার ম্যাচে ম্যান অব দা ম্যাচ হয়ে অভিজ্ঞ অলরাউন্ডার বললেন, এজেন্ডা বাস্তবায়নের জন্য তাকে বাদ দেওয়া হয়েছিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2024, 02:11 PM

Updated : 15 Jan 2024, 04:42 PM

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে অ্যাঞ্জেলো ম্যাথিউস বলেছিলেন, কারও কাছে কিছু প্রমাণের তাড়না তার ছিল না, তবে বুকের ভেতরে যে প্রচণ্ড ক্ষোভ পুষে রেখেছিলেন, তা স্পষ্ট হলো একটু পরই। কিছুটা উগড়ে দিলেন তিনি সংবাদ সম্মেলনে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার ম্যাচে ম্যান অব দা ম্যাচ হয়ে শ্রীলঙ্কার আগের নির্বাচকদের কাঠগড়ায় দাঁড় করালেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। 

কদিন আগেই শ্রীলঙ্কার নির্বাচক কমিটিতে বড় রদবদল হয়। উপুল থারাঙ্গার নেতৃত্বে নতুন নির্বাচক প্যানেল দায়িত্ব নেয়। এরপরই টি-টোয়েন্টি দলে ডাক পান ম্যাথিউস। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে রোববার শ্রীলঙ্কার জার্সিতে এই সংস্করণে ফেরেন তিনি প্রায় তিন বছর পর। 

ফেরার ম্যাচে শুরুতে তার ব্যাটিংয়ে জড়তা ছিল বেশ। এক পর্যায়ে রান ছিল ১৫ বলে ৬। তবে পরে পুষিয়ে দেন অনেকটাই। ৩৮ বলে ৪৬ রানের ইনিংস উপহার দেন তিনি। শেষ ওভারে প্রথম দুই বলে তার দুটি বাউন্ডারিতেই সমীকরণ নাগালে আসে। এক বল পর তিনি আউট হয়ে গেলেও শেষ বলে জিতে সিরিজে এগিয়ে যায় শ্রীলঙ্কা। 

ম্যাচ সেরা পুরস্কার নিতে এসে ম্যাথিউস বলেন, অনেকটা অভিষেকের মতো অনুভূতি হয়েছে তার। পরে সংবাদ সম্মেলনে বেশ ঝাঁঝাল কথাই বললেন তিনি। টি-টোয়েন্টি থেকে এত দীর্ঘ বিরতির জন্য দায় দিলেন আগের নির্বাচকদের। 

“গত দুটি এলপিএলেই আমি ভালো ব্যাটিং-বোলিং করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে আমাকে নেওয়া হয়নি এবং সেটির কোনো কারণও আমাকে জানানো হয়নি। যদি ‘এজেন্ডা’ বাস্তবায়নের ভাবনা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে এই ধরনের ব্যাপার ঘটতেই পারে।"

"আমরা এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতাই অর্জন করতে পারিনি। তবে স্রেফ বিশ্বকাপে ব্যর্থতার ব্যাপার এটি নয়। পরিকল্পনা নেওয়ার জন্য তো দুই বছর ছিল। তারা (নির্বাচকরা) জানতেন যে, কোন অবস্থানে না থাকলে আমরা সেখানে খেলতে পারব না। ” 

গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পেছনে থেকে নবম হয়ে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় শ্রীলঙ্কা। 

লম্বা সময় এই সংস্করণের বাইরে থাকলেও নিজের প্রতি বিশ্বাস হারাননি ম্যাথিউস। বর্তমান নির্বাচক কমিটির সঙ্গে খোলামেলা আলোচনার কথাও জানালেন ৩৬ বছর বয়সী অলরাউন্ডার। 

“একটা ব্যাপার হলো, আমি সবসময় বিশ্বাস করেছি যে, যদি হৃদয় দিয়ে অনুশীলন করি ও খেলে যাই, তাহলে পারফর্ম করার মতো আবহ নিজের জন্য তৈরি করা যায়। গত দুই বছরেও চেষ্টা করে গেছি আমি। আমার মনে হয়, আর কিছুদিন অন্তত খেলতেই পারি।” 

“নতুন নির্বাচকদের সঙ্গে আমার যোগাযোগ বেশ পরিষ্কার। তারা আমাকে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জিজ্ঞেস করেছেন এবং তাদের পরিকল্পনার কথাও জানিয়েছেন। খুব ভালো আলোচনা হয়েছে আমাদের। তারা জানিয়েছে যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের পরিকল্পনায় আমি আছি, যদি কিছু ওভার বোলিং করতে পারি। আমি বলেছি, ‘অবশ্যই।’ যদি পারি, যে কোনো ভাবে দলকে সহায়তা করতে চাই।” 

ক্যারিয়ারের অনেকটা সময় তার বোলিং ছিল দারুণ কার্যকর। তবে চোটের থাবায় কয়েক বছর আগে একটা সময় সেভাবে বোলিং করতে পারছিলেন না। সাম্প্রতিক সময়ে অবশ্য ওয়ানডেতে আবার বোলিং করছেন। এই টি-টোয়েন্টি সিরিজের আগে ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্টে নিয়মিতই বোলিং করেছেন। এই ধারা তিনি জাতীয় দলেও চালিয়ে যেতে চান। 

“এলপিএলে তো বোলিং করেই আসছি। সম্প্রতি ওয়ানডেতেও আপনারা আমাকে বোলিং করতে দেখেছেন। আমি কিছু ওভার বোলিং করলে দলীয় ভারসাম্যের জন্য তা সহায়ক হয় এবং অধিনায়ক চাইলে তখন একজন বাড়তি বোলার বা ব্যাটার খেলাতে পারেন।”