২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাছাইয়ে ব‍্যর্থতার দায় প্রস্তুতিকে দিলেন ক‍্যারিবিয়ান অধিনায়ক

বাছাইপর্বেই বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে যাওয়ার পর সব দিকেই উন্নতির তাগিদ দিলেন শেই হোপ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2023, 10:30 PM

Updated : 01 Jul 2023, 10:30 PM

টানা দুই জয়ে বাছাইপর্ব শুরু করার পর ছন্দপতন। পরপর তিন ম্যাচ হেরে বিশ্বকাপ খেলার আশাই শেষ ওয়েস্ট ইন্ডিজের। প্রথমবারের মতো ক্যারিবিয়ানদের ছাড়া হবে ওয়ানডের বৈশ্বিক আসর। এমনটা হওয়ারই কথা ছিল বলে মনে করেন শেই হোপ। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের মতে, ভালো প্রস্তুতি না নিয়ে একদিনেই সেরা হয়ে যাওয়ার আশা করা যুক্তিসঙ্গত নয়। 

যুক্তরাষ্ট্র ও নেপালের বিপক্ষে জয় দিয়ে জিম্বাবুয়েতে চলমান ২০২৩ বিশ্বকাপের বাছাই শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বে পরে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে যায় তারা। সুপার সিক্সে জায়গা করে নিলেও পয়েন্টে পিছিয়ে পড়ে দলটি। 

বিশ্বকাপ বাছাইয়ে প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, গ্রুপ পর্ব থেকে সুপার সিক্সে ওঠা দলগুলোর বিপক্ষে পাওয়া পয়েন্ট যোগ হবে সুপার সিক্সে। পরের ধাপে যাওয়া জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে যাওয়ায় ক্যারিবিয়ানদের নামের পাশে ছিল না কোনো পয়েন্ট। 

বিশ্বকাপে যাওয়ার জন্য তাদের জিততে হতো সুপার সিক্সের সব ম্যাচ। পাশাপাশি অপেক্ষা করতে হতো অন্য ম্যাচের ফলগুলো নিজেদের পক্ষে আসার। কিন্তু নিজেদের কাজটিই করতে পারেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

সুপার সিক্সে নিজের প্রথম ম্যাচেই হেরে যায় তারা। হারারে স্পোর্টস ক্লাব মাঠে শনিবার স্কটল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের পরাজয়ে বিশ্বকাপ খেলার সব সম্ভাবনা শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। ব্যাটিং ব্যর্থতায় স্রেফ ১৮১ রানে গুটিয়ে যায় দলটি। ছোট লক্ষ্যে ৩৯ বল বাকি থাকতেই জিতে যায় স্কটিশরা। 

১৩ আসরে প্রথমবার বিশ্বকাপ খেলতে না পারার হতাশা থাকলেও নিজেদের ব্যর্থতা মেনে নিয়েছেন হোপ। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সব বিভাগেই উন্নতির তাগিদ দিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক। 

“সত্যি বলতে, এখানে আঙুল তোলার মতো কেবল একটিই বিষয় নয়। সব বিভাগে আমাদের নজর দিতে হবে। পুরো টুর্নামেন্টেই আমরা নিজেদের হতাশ করেছি। যেভাবে আমরা ইনিংস শুরু করেছি এবং অবশ্যই ফিল্ডিং নিয়েও আমাদের ভাবতে হবে।” 

“সবকিছু একটা ভিত থেকে শুরু হয়। প্রস্তুতি ভালো হওয়া জরুরি। সেটা দেশ থেকেই। ঘুম থেকে উঠেই আমরা দারুণ দল হয়ে যাবো, এমন আশা করা যায় না। অনেক বিষয়ে আমাদের মনোযোগ দিতে হবে। আমাদের নিয়ন্ত্রণে যা আছে, তা নিয়ন্ত্রণ করতে হবে।” 

পুরো আসরেই ফিল্ডিং ব্যর্থতা প্রকট হয়ে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের জন্য। স্কটল্যান্ডের জয়ের নায়ক ব্র্যান্ডন ম্যাকমুলানকে ২১ রানের মাথায় জীবন দেন কাইল মেয়ার্স। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের হাত থেকে পড়ে একাধিক ক্যাচ। গ্রাউন্ড ফিল্ডিংয়েও তেমন তৎপরতা দেখাতে পারেনি তারা। 

ব্যাটিং, বোলিংয়ের বাইরে এই বিভাগেও কাজ করার জায়গা দেখছেন হোপ। 

“(ফিল্ডিংয়ের ক্ষেত্রে) আমি বলব, মানসিকতার কথা। ফিল্ডিং মূলত মনোভাবের বিষয়। আমাদের আরও ভালোভাবে চেষ্টা করতে হবে। ক্যাচ পড়বে, ফিল্ডিংও ছুটবে কিন্তু চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমার মনে হয় না প্রতিবার আমরা শতভাগ দিয়ে চেষ্টা করেছি। হয়তো ভিন্ন ভিন্ন সময়ে করেছি। কিন্তু এর উন্নতি করতে হবে।” 

বাছাইপর্ব থেকে আর কিছুই পাওয়ার নেই ওয়েস্ট ইন্ডিজের। তবে সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য ওমান ও শ্রীলঙ্কার বিপক্ষে বাকি থাকা দুই ম্যাচে ভালো খেলার প্রত্যয় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের। 

“এখন আমরা এখানে খেলছি। ওয়েস্ট ইন্ডিয়ান সমর্থকদের জন্য হলেও মাঠে নিজেদের সর্বোচ্চটা দেওয়া নিশ্চিত করতে হবে। আমাদের সামনে আরও দুটি ম্যাচ বাকি আছে। ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে বের করতে হবে।” 

হোপের বিশ্বাস, তার দলে যথেষ্ট প্রতিভা রয়েছে। সেগুলোকে ধারাবাহিক পারফরম্যান্সে রূপ দেওয়ার তাগিদ ক্যারিবিয়ান অধিনায়কের।