২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুঃসময়ের শিক্ষা থেকেই সুসময়ের ছবি আঁকছেন কোহলি

দুঃসময় কেটে গেলে আবার ধারাবাহিক হতে পারতেন, বিশ্বাস বিরাট কোহলির।

দুঃসময়ের শিক্ষা থেকেই সুসময়ের ছবি আঁকছেন কোহলি

একসময় রানের জোয়ার বইয়ে দেওয়া বিরাট কোহলির ব্যাটে এখন ভাটার টান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 07:59 PM

Updated : 25 Aug 2022, 09:02 PM

সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন বিরাট কোহলি নিজের ছায়া হয়ে আছেন লম্বা সময় ধরে। একসময় রানের জোয়ার বইয়ে দেওয়া ব্যাটসম্যানের ব্যাটে এখন ভাটার টান। তার পড়তি ফর্ম নিয়ে ক্রিকেট বিশ্বে আলোচনা-সমালোচনা চলছে অনেক দিন ধরে। ভারত দলে জায়গা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। বিশ্রাম শেষে এশিয়া কাপ দিয়ে মাঠে ফেরার আগে সমালোচকদের এক হাত নিলেন সাবেক ভারতীয় অধিনায়ক।

একসময় কোহলির ব্যাটে প্রায়ই সেঞ্চুরির দেখা মিলত, সেখানে প্রায় তিন বছর হতে চলল তিন অঙ্কের স্বাদ পাননি তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ শতক করেছিলেন ২০১৯ সালের নভেম্বরে, বাংলাদেশের বিপক্ষে কলকাতা টেস্টে।

এর মধ্যে পেরিয়ে গেছে ৭৯ ইনিংস! মাস কয়েক আগেও আলোচনায় ছিল তার সেঞ্চুরি খরা, সেখানে এখন সমালোচনা চলছে তার ব্যাটিং ফর্ম নিয়ে।

নিজের পড়তি ফর্ম নিয়ে এবার মুখ খুললেন কোহলি নিজেই। স্টার স্পোর্টসের ‘গেম প্ল্যান’ অনুষ্ঠানে জবাব দিলেন তার দিকে আঙুল তোলা সমালোচকদের।

“জানি, আমার খেলা কোন অবস্থায় আছে। নানা পরিস্থিতি ও পরিবেশ এবং ভিন্ন ধরনের বোলিং আক্রমণ সামলানোর সামর্থ্য না থাকলে আন্তর্জাতিক ক্যারিয়ারে এতদূর আসতে পারতাম না। তাই এই সময় কীভাবে কাটিয়ে ওঠা যায়, সেটা বোঝা আমার কাছে সহজ। তবে কোনোভাবেই এই সময়টা ভুলে যেতে চাই না।”

হতাশায় ঘেরা এই সময় হাফ-সেঞ্চুরির দেখাও পাচ্ছেন না কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ১৪ ইনিংসে তার ফিফটি কেবল একটি। গত বছরের জুন থেকে তিন সংস্করণ মিলিয়ে ৩৫ ইনিংসে মাত্র ২৬.৭০ গড়ে তার রান মোটে ৯০৮।

সাম্প্রতিক সময়ে নানা সংস্করণেই এমন সব আউট তিনি হয়েছেন, একসময় যা কল্পনাও করা যেত না।

২০১৪ সালের ইংল্যান্ড সফর কোহলির জন্য ছিল বিভীষিকার। পাঁচ টেস্টের ১০ ইনিংসে কেবল ১৩৪ রান করেছিলেন ১৩.৪ গড়ে। বেশিরভাগ সময় আউট হয়েছিলেন অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে। পরে ব্যাটিং টেকনিক নিয়ে কাজ করেন তিনি। তাতে ধরা দেয় সাফল্যও। ২০১৮ সালে আবার ইংল্যান্ড সফর গিয়ে ১০ ইনিংসে ৫৯৩ রান করেন ৫৯.৩০ গড়ে।

এবারের দুঃসময়ের সঙ্গে অবশ্য ২০১৪ সালের সেই ইংল্যান্ড সফরকে মেলাতে চান না কোহলি। এখন টেকনিক নিয়ে কাজেরও বেশি কিছু দেখছেন না তিনি।

“ইংল্যান্ডে যেটা হয়েছিল, সেটা নির্দিষ্ট একটা ধারা মেনে। সেটা শোধরানোর জন্য কাজ করেছিলাম এবং সফলও হয়েছিলাম। এখন আলাদা করে কোনো একটি বিষয়কে চিহ্নিত করে বলতে পারবেন না যেখানে আমার সমস্যা হচ্ছে।'

“আমার কাছে তাই এখন ব্যাপারটা বোঝা বেশ সহজ। কারণ, নিজে বুঝতে পারছি ব্যাটিং ভালোই করছি। ২০১৪ সালের ইংল্যান্ড সফরে বিষয়টা এখনকার মতো ছিল না। তখন শুধু মনে হতো, ভালো ব্যাটিং করছি না। তাই একটা নির্দিষ্ট টেকনিকের ওপর পরিশ্রম করেছিলাম এবং সফল হয়েছিলাম। এখন বিষয়টা তেমন নয়।”

গত জুলাইয়ে ইংল্যান্ড সফরের পর থেকে বিশ্রামে ছিলেন কোহলি। আসছে এশিয়া কাপ দিয়ে ফিরছেন তিনি। যেখানে প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ৭০ সেঞ্চুরি করা কোহলির বিশ্বাস, দুঃসময় কেটে গেলে আবার ধারাবাহিকভাবে ভালো খেলতে পারবেন তিনি।

“আমি জানি, ক্যারিয়ারে উত্থান-পতন থাকবেই। তবে এই খারাপ সময় পার করার পর জানি কতটা ধারাবাহিকভাবে খেলতে পারব। অভিজ্ঞতাই আমার জন্য আশীর্বাদ।”

"এই সময়টাকে আমি ভুলে যেতে চাই না। এখান থেকে শিখতে চাই এবং বুঝতে চাই, একজন ক্রীড়াবিদ ও একজন মানুষ হিসেবে আমার নিজের ভেতর সত্যিকার গুণাবলী কী আছে।"