২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনির হাঁটুতে অস্ত্রোপচার

কয়েকদিন বিশ্রামের পর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে ভারতের সাবেক অধিনায়কের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2023, 10:52 PM

Updated : 02 Jun 2023, 09:29 AM

চোট নিয়েই পুরো আইপিএলে খেলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসকে শিরোপা জিতিয়ে এবার শল‍্যবিদের ছুরির নিচে গেলেন তিনি। অস্ত্রোপচার করালেন বাম হাঁটুতে।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো বৃহস্পতিবার জানায়, মুম্বাইয়ের একটি হাসপাতালে ধোনির অস্ত্রোপচার হয়েছে।

গত সোমবারের রুদ্ধশ্বাস ফাইনালে শেষ বলে গুজরাট টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। এরপরই আহমেদাবাদ থেকে মুম্বাইয়ে গিয়ে বিখ্যাত স্পোর্টস অর্থোপেডিক সার্জন দিনশ পার্দিওয়ালার সঙ্গে পরামর্শ করেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

পার্দিওয়ালা ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসক প্যানেলেও আছেন। এর আগে কয়েকজন শীর্ষ ক্রিকেটারদের অস্ত্রোপচার করেছেন তিনি। এবার তার তত্বাবধানে অস্ত্রোপচার করালেন ধোনিও।

সদ্য শেষ হওয়া আইপিএলের পুরোটায় বাম হাঁটুতে অনেক টেপ পেচিয়ে খেলেছেন ৪১ বছর বয়সী ধোনি। কিপিংয়ের সময় কোনো সমস্যা না হলেও ব্যাটিংয়ে রান নেওয়ার ক্ষেত্রে দৌড়ানোর সময় আগের সেই ক্ষিপ্রতা দেখা যায়নি তার মাঝে। অধিকাংশ ম্যাচেই ব্যাট করেছেন ৮ নম্বরে।

ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনি বলেন, শরীর যদি সায় দেয় তাহলে ভক্তদের জন্য অন্তত আরও একটি মৌসুমে আইপিএল খেলবেন তিনি।