‘ফেভারিট’ হয়ে নিগারদের বিশ্বকাপ বাছাই অভিযান
সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন কঠিন হলেও টুর্নামেন্ট শুরুর আগে মানিয়ে নেওয়ার আশা বাংলাদেশ অধিনায়কের।
সংবাদ সম্মেলনে তখন কথা বলছিলেন বাংলাদেশ নারী দলের নির্বাচক ও সাবেক জাতীয় পেসার মঞ্জুরুল ইসলাম। তার কাছে প্রশ্ন ছুটে গেল, ‘বাংলাদেশের বিশ্বকাপ কোয়ালিফাই করার সম্ভাবনা কতটুকু?’ মঞ্জুর পাশেই বসে ছিলেন অধিনায়ক নিগার সুলতানা। প্রশ্নটি শুনে তার মুখে খেলে গেল মুচকি হাসি। হয়তো ভাবছিলেন, এটা আর এমন কী!
বিশ্বকাপে ‘কোয়ালিফাই’ করা আসলেই আর খুব বড় চ্যালেঞ্জ নয় বাংলাদেশের জন্য। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আগে তিন বার খেলেছেন নিগাররা। বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বমঞ্চে পা রেখেছেন তারা দুইবার, আরেকবার রানার্স আপ হয়ে। এবারও বাংলাদেশ বাছাইয়ের সেরা হতে না পারলে সেটিই হবে বড় অঘটন।
প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলাতেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে বৃহস্পতিবার দেশ ছেড়েছে বাংলাদেশ দল।
বাছাইপর্বের সম্ভাব্য সবচেয়ে বড় প্রতিপক্ষ আয়ারল্যান্ডের সঙ্গে অবশ্য এবার গ্রুপেই দেখা হবে বাংলাদেশের। তবে সেটি নিয়ে খুব একটা দুর্ভাবনা নেই নিগারের। সফরপূর্ব সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ অধিনায়ক বললেন, সেরা হয়েই টুর্নামেন্ট শেষ করতে চান তারা।
“আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই কোয়ালিফাই করা। আয়ারল্যান্ড ভালো দল। তবে যদি পরিসংখ্যান দেখেন, আমাদের বিপক্ষে তাদের জয় কম। সেদিক থেকে আমি বলব যে, আমাদের দল ফেভারিট এই জায়গায়।”
“আমরা দল হিসেবে লম্বা সময় ধরে একসঙ্গে খেলছি। আমাদের যে সম্ভাবনা আছে, সেটা অনুযায়ী যদি ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারি, ব্যাটাররা যদি ভালো করতে পারে, আমার কাছে মনে হয় আমরা ফেভারিট হয়েই থাকব।”
আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ টি-টোয়েন্টি খেলে ৬টিতেই জিতেছে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে সবশেষ ৫ ম্যাচে জয় ৪টি। নিগারের কণ্ঠে আত্মবিশ্বাসের ছাপ তাই থাকারই কথা। আয়ারল্যান্ড ছাড়া বাছাইয়ে বাংলাদেশের পরীক্ষা নেওয়ার মতো দল আছে আর একটিই। মেয়েদের ক্রিকেটের উঠতি শক্তি থাইল্যান্ড। তবে থাই মেয়েদের বিপক্ষেও বাংলাদেশ চার ম্যাচ খেলে জিতেছে চারটিই।
কোনো দল নয়, বাংলাদেশের বড় প্রতিপক্ষ হতে পারে কন্ডিশন। সংযুক্ত আরব আমিরাতে আগে কখনোই খেলেননি নিগাররা। এখানকার প্রচণ্ড গরম ও আর্দ্রতায় মানিয়ে নেওয়া সব দলের জন্যই চ্যালেঞ্জ।
তবে বাংলাদেশ যাচ্ছে একটু আগেভাগে। নিগারের ধারণা, টুর্নামেন্ট শুরু হওয়ার সময় তারা ওখানকার আবহাওয়ায় অনেকটাই অভ্যস্ত হয়ে উঠবেন।
“এজন্যই কিন্তু আমরা আগে যাচ্ছি। আইসিসি প্রোগ্রাম শুরু ১৪ তারিখ থেকে। মানিয়ে নেওয়ার জন্যই ক্রিকেট বোর্ড আমাদের আগে নিয়ে যাচ্ছে। সম্প্রতি আমরা দেখেছি ছেলেদের এশিয়া কাপে, কতটা বাজে আবহাওয়া ওখানে। সবারই মানিয়ে নেওয়া কষ্টকর। আমরা যেহেতু আগে যাচ্ছি, চেষ্টা করব যতটা সম্ভব ওই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে।”
আগামী ১৮ অক্টোবর আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বাছাইপর্ব। প্রথম ম্যাচের আগে তাই সেখানে ৯ দিন প্রস্তুতি নিতে পারবে দল।
সেই ২০২০ সালের মার্চে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণে খুব বেশি খেলা হয়নি বাংলাদেশের। কোভিডের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল খেলা। এরপর খেলা শুরু হলেও এই সংস্করণে কোনো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে পারেনি বিসিবি। গত আড়াই বছরে স্রেফ চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। সেটিও গত জানুয়ারিতে, মালেয়েশিয়ায় কমনওয়েলথ গেমসের বাছাইপর্বে।
লম্বা বিরতির পর মাঠে নামা মানে ছন্দ ফিরে পাওয়ার কঠিন লড়াই। তবে সম্প্রতি জাতীয় লিগে টি-টোয়েন্টি সংস্করণে খেলেছেন নিগাররা। এই প্রস্তুতির ওপরই তাদের ভরসা রাখতে হচ্ছে।
“গত দুই বছরে আমরা খুব কম টি-টোয়েন্টি খেলেছি। তবে ঘরোয়া ক্রিকেটে খেলেছি। যেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি, আমাদের নিজেদের জন্য হোক বা ওখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ওখানে আমরা দু-তিনটি ম্যাচ খেলতে পারি, তাহলে ভালো হবে আমাদের জন্য।”
ছেলেদের দলের মতো বাংলাদেশের মেয়েদের দলেও টি-টোয়েন্টিতে বড় একটা ঘাটতির জায়গা কোনো পাওয়ার হিটার কিংবা দ্রুত রান তোলার মতো ব্যাটার না থাকা। তবে জাতীয় লিগের পারফরম্যান্স থেকে এই ঘাটতি পূরণের আশা দেখছেন নিগার।
“জাতীয় লিগ ও প্রিমিয়ার লিগে কিন্তু ব্যাটাররা অনেক ভালো করেছে। সবশেষ জাতীয় লিগে, ছয়-সাতে বড় শট খেলার মতো বা হার্ড হিটার যাদেরকে বলা হয়, এরকম তিন-জন আমরা পেয়েছি। নাম ধরে যদি বলি, সোবহানা আছে, রিতু মনি আছে, জাহানারা আপু আছেন, শেষ দিকে গিয়ে মারতে পারেন। সঙ্গে যদি আমরা মারুফাকে পাই একাদশে।”
“আগে যে জায়গাটায় ঘাটতি ছিল, এখন সেখানে আমাদের অপশন আছে বেশ কিছু। সেদিক থেকে মনে হয় না ওই জায়গায় ভুগতে হবে।”
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের লম্বা বিরতি পড়লেও সামনে এই শঙ্কা আর নেই বললেই চলে। বিশ্বকাপ বাছাই থেকে ফেরার পরই দেশে এশিয়া কাপের আসর হবে সিলেটে। সামনে দ্বিপাক্ষিক সিরিজও আছে বেশ কিছু। আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপে জায়গা করে নেওয়ায় এখন আন্তর্জাতিক ম্যাচ থাকবে নিয়মিতই।
নিগারের আশা, দ্বিপাক্ষিক সিরিজগুলোয় ভালো করে র্যাঙ্কিংয়ে উন্নতি করা, যেন সামনে আর এভাবে বিশ্বকাপ বাছাই খেলতে না হয়।
“আমরা চাই না এই বাছাই পর্ব আর খেলতে। সবসময়ই একটা ঝামেলার ব্যাপার থাকে এটা। এক ধরনের চাপও থাকে। যেহেতু আমরা এফটিপিতে ঢুকে গেছি, অন্যান্য দলগুলির সঙ্গে আমরা ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিও খেলব। যখন আমরা টি-টোয়েন্টি সিরিজগুলো খেলব, সিরিজ জয়ের জন্য তো অবশ্যই খেলব, পাশাপাশি এরকম লক্ষ্য থাকবে যেন পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে পারি।”
