২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্মৃতির ট্র্যাকে ছুটোছুটি ক্রিকেটারদের

অনেক বছর পর ক্রিকেটীয় ব্যস্ততায় মুখর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ক্রিকেটের স্মৃতিময় মাঠে ফিটনেস মূল্যায়নের পরীক্ষা দিলেন ৩৫ ক্রিকেটার।

শাহাদাৎ আহমেদ সাহাদ শাহাদাৎ আহমেদ সাহাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2024, 01:13 PM

Updated : 20 Apr 2024, 01:28 PM

‘সব কিছু দেখি বদলে গেছে’- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢুকে এদিক-ওদিক তাকিয়ে বললেন জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল। শনিবার সকালে চারপাশে চোখ রেখে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফীসও যেন ডুব দিলেন স্মৃতির জগতে। এই সময়ের ক্রিকেটারদের শারীরিক পারফরম্যান্স মূল্যায়নের কাজে দীর্ঘ দিন পর এই মাঠে এসে অতীতে ফিরে গেলেন জাতীয় দলের দুই সাবেক ওপেনার।

প্রায় দেড় যুগ আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে দেশের ক্রিকেট পাড়ি জমিয়েছে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর থেকে সব ধরনের ক্রিকেটীয় ব্যস্ততা মিরপুরের মাঠে। মাঝে ২০১১ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান অবশ্য হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। দীর্ঘ দিন পর নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাসদের ফিটনেস মূল্যায়নে বেছে নেওয়া হয়েছে দেশের খেলাধুলার অনেক ইতিহাসের সাক্ষী এই মাঠটিকে।

৩৫ ক্রিকেটারের পদচারণায় শনিবার সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে এলো হারিয়ে যাওয়া ক্রিকেটীয় আবহ।

বর্তমান দলের ক্রিকেটারদের মধ্যে মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের এই মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে জানা গেছে। সেটিও কোনো স্বীকৃত ক্রিকেটে নয়। ২০০৪ সালে ঘরোয়া একটি টুর্নামেন্ট খেলেছিলেন মাহমুদউল্লাহ। বিকেএসপির হয়ে বয়সভিত্তিক ক্রিকেট খেলেছেন মুশফিক। 

লম্বা সময় পর শনিবার এই মাঠে এসেই গ্যালারির দিকে তাকিয়ে থাকতে দেখা গেল মাহমুদউল্লাহকে। আঙুল উঁচিয়ে কিছু একটা বললেন তিনি বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামকে। কাছেই থাকা নাফিস ইকবাল তখন যেন নিজের খেলোয়াড়ি জীবনের সুখস্মৃতিতে ডুব দিয়েছেন।

সম্ভাবনার পূর্ণতা না পাওয়া ক্যারিয়ারের একমাত্র টেস্ট সেঞ্চুরি এই মাঠেই করেছিলেন নাফিস ইকবাল। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞার সেই লড়িয়ে সেঞ্চুরির পথ ধরে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এখন সংস্কার কাজ চলতে থাকা মাঠের ঘাস, নতুন অ্যাথলেটকস ট্র্যাক ও অন্যান্য স্থাপনা দেখে নিজের খেলোয়াড়ি সময়ের সঙ্গে মেলাতে পারছিলেন না সাবেক এই ওপেনার। 

শাহরিয়ার নাফীসও এই মাঠে এসে স্মৃতিকাতর হয়ে পড়লেন। পরিচিত এক সাংবাদিককে দেখেই কাছে এসে বললেন, ‘কী স্টেডিয়াম ভাই! তখন তো খেলা হলে এই (ভিআইপি) গেট বন্ধ করে রাখতে হতো। আম্মা সবসময় এই গ্যালারিতে বসে থাকতেন। সব কিছু ভাসছে চোখে…।’

পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনেও অতীতে ফিরে গেলেন বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক।

“খুব সম্ভবত ১৯৯৪ সালে প্রথম এই মাঠে খেলা দেখতে এসেছিলাম। আমার কাজিন ফারুক ভাই (ফারুক আহমেদ) জাতীয় দলের অধিনায়ক ছিলেন। বাংলাদেশের যে আইকনিক প্লেয়াররা ছিলেন, এই মাঠে তাদের দেখে খেলা শুরু। ঘরোয়া ক্রিকেটেও এখানেই আমার শুরু। আমার জীবনের গুরুত্বপূর্ণ যে ইনিংসটা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে, সেটাও এই মাঠে।”

“আমি অনূর্ধ্ব-১৯ দল থেকে বাদ পড়েছিলাম। (২০০৪) বিশ্বকাপ শুরুর আগে ভারতের বিপক্ষে একটি অনুশীলন ম্যাচের জন্য ডাকা হয়। ওই ম্যাচে আমি সেঞ্চুরি করি। তেমন কোনো পরিকল্পনা ছিল না যে, ভালো খেলতে হবে। তবে এই ইনিংসটা যে এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে সেটা বুঝতে পারিনি। এই মাঠে ঢুকে ওই ইনিংসের কথাই প্রথম মনে পড়েছে।” 

ঘরোয়া ক্রিকেটের অনেক ম্যাচ খেললেও আন্তর্জাতিক ক্যারিয়ারে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলার সুযোগ পাননি শাহরিয়ার নাফীস। তার অভিষেকেই আগেই পাকাপোক্তভাবে মিরপুরে পাড়ি জমায় দেশের ক্রিকেট। গুলিস্তানের মাঠটিতে বাংলাদেশের হয়ে কোনো ম্যাচ খেলতে না পারার আফসোসও করলেন সাবেক বাঁহাতি ওপেনার। 

এই মাঠের জন্মই ক্রিকেটের জন্য। বাংলাদেশের স্বাধীনতার আগে অবিভক্ত পাকিস্তান প্রথম টেস্ট খেলে এই মাঠেই। ১৯৫৫ সালে ভিনু মানকাডের ভারতের বিপক্ষে এখানে খেলেছিল আব্দুল হাফিজ কারদারের পাকিস্তান। বাংলাদেশের স্বাধীনতার আগে এখানে সাতটি টেস্ট ম্যাচ হয়েছে। পরে ২০০০ সালে বাংলাদেশও নিজেদের প্রথম টেস্ট খেলে এখানেই। এটিই ক্রিকেট বিশ্বের একমাত্র মাঠ, যেখানে অভিষেক টেস্ট খেলেছে দুটি দেশ।

স্বাধীনতার পর এখানে ক্রিকেট ও ফুটবল চলেছে হাত ধরাধরি করেই। গ্রীষ্মকালে ফুটবল আর শীতকালে ক্রিকেট, এভাবেই বছরের পর বছর চলেছে। ফুটবলের জন্য মিরপুরে আলাদা স্টেডিয়াম গড়া হলেও বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়েনি তারা। বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার পর যখন ক্রমেই আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা বাড়তে থাকে, ক্রিকেটের আলাদা স্টেডিয়ামও জরুরি হয়ে পড়ে। ফুটবলের মিরপুর স্টেডিয়ামকেই তখন নতুনভাবে সংস্কার করে গড়ে তোলা হয় ক্রিকেটের জন্য। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে পাকাপাকিভাবে পাততাড়ি গোটায় ক্রিকেট।

২০০৫ সালের ৩১ জানুয়ারির পর আন্তর্জাতিক ক্রিকেট হয়নি বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয় দেশের এই ক্রীড়াকেন্দ্রে। এরপর শনিবারের আগে আর কোনো ক্রিকেটীয় ব্যস্ততা দেখা যায়নি এই মাঠে। বর্তমান জাতীয় দলের অনেক ক্রিকেটারই তাই এবারই প্রথম ক্রিকেটীয় প্রয়োজনে এলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

তীব্র গরমে ক্লান্তিকর ফিটনেস পরীক্ষার মাঝেও তাই ইতিহাসের অংশ এই মাঠে আসার রোমাঞ্চ ছুঁয়ে গেছে ক্রিকেটারদের। দৌড়ঝাঁপ শেষে অবসন্ন শরীরেই তরুণ এক পেসার বলছিলেন, ‘এই মাঠের কথা কত শুনেছি। কত ইতিহাস এখানে! আজকে এলাম। সত্যিই অন্যরকম অনুভূতি।’

নতুন প্রজন্মের ভালো লাগার কথা শোনালেন শাহরিয়ার নাফীসও। 

“যারা একদম নতুন, তারা এই মাঠে খেলেনি। তবে সবসময় এই মাঠের কথা শুনেছে। এখন তো জাতীয় দলে এমন খেলোয়াড়ও আছে, যার জন্ম ২০০০ সালের কাছাকাছি সময়ে। তারা খুবই রোমাঞ্চিত। শুধু ক্রিকেটার নয়, আপনারাও হয়তো খুব রোমাঞ্চ অনুভব করেছেন। সাধারণত ভোর ৬টায় ফিটনেস টেস্ট দেখতে এতো মানুষ আসার কথা না। আমি নিশ্চিত বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেখেই এসেছেন। সবার জন্য এটা দারুণ একটা অভিজ্ঞতা ছিল।”

ক্রিকেটারদের জন্য অবশ্য রোমাঞ্চের পাশাপাশি অভিজ্ঞতা বেশ কঠিনই ছিল। হালকা গা-গরমের পরই শুরু হয়ে যায় তাদের শারীরিক মূল্যায়নের পরীক্ষা। প্রথমে দুই দফায় ৪০ মিটার স্প্রিন্টে অংশ নেন ক্রিকেটাররা। জাতীয় দলে সদ্য যোগ দেওয়া স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ন্যাথান কিলির সঙ্গে বিসিবির দুই ট্রেনার মীর ইফতি খায়রুল ইসলাম ও তুষার কান্তি হাওলাদার কাছ থেকে তাদের পর্যবেক্ষণ করেন। প্রয়োজনীয় তথ্য খাতায় টুকে রাখেন।

এরপর বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে ১ হাজার ৬শ মিটার দৌড়ের পালা। নিশ্চিতভাবেই কঠিন হবে এই পর্ব, তা বুঝতে পেরেছিলেন মুশফিকুর রহিম। তাই তো দৌড় শুরুর আগে খুনসুটি করে সেরা দৌড়বিদের জন্য স্বর্ণ পদকের আবদার করে বসেন অভিজ্ঞ ক্রিকেটার।

সত্যিই সেই ব্যবস্থা থাকলে স্বর্ণ পদক পেতেন তানজিম হাসান ও নাহিদ রানা। দুই দলে ভাগ করে ৪*৪০০ মিটার দৌড়ে প্রথম হন দুই তরুণ পেসার। দৌড় শেষ করে বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টের মতোই উদযাপন করেন নাহিদ। তবে এই দৌড়ে যে উত্তীর্ণ-অনুত্তীর্ণ বা প্রথম-দ্বিতীয় বলতে কিছু নেই, সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে সেটিও মনে করিয়ে দেন ট্রেনার ইফতি।

মূলত টানা খেলার মধ্যে থাকায় জাতীয় দল ও আশপাশে থাকা ক্রিকেটারদের ফিটনেসের সবশেষ অবস্থা বোঝার জন্য এই মূল্যায়ন করতে চেয়েছিলেন জাতীয় দলের নতুন অস্ট্রেলিয়ান ট্রেনার কিলি। ৩৫ ক্রিকেটার অংশ নেন এ দিন। চোটের কারণে ছিলেন না সৌম্য সরকার ও তাইজুল ইসলাম। আইপিএলে ব্যস্ত মুস্তাফিজুর রহমান ও টানা খেলার ধকলের কারণে তাসকিন আহমেদ আসেননি এদিন। 

সাধারণত মিরপুর স্টেডিয়ামের সবুজ ঘাসেই ক্রিকেটারদের ফিটনেসের নানান পরীক্ষা করা হয়। তবে এবার কিলির পরামর্শই বেছে নেওয়া হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাককে। এছাড়া ভিন্ন একটি কারণও জানিয়েছেন ইফতি।

“অ্যাথলেটিকস ট্র্যাক বেছে নেওয়ার কারণ আসলে টাইমিংয়ের একটা বিষয় আছে। আমরা যদি আন্তর্জাতিকভাবে টাইমিং দেখি, তাহলে বেশ কিছু পদ্ধতি আছে। আমরা আজ ১৬শ মিটার টাইম ট্রায়াল নিলাম। অ্যাথলেটিকস ট্র্যাকে যথাযথ টাইমিংটা পাব। কারণ ওভাবেই হিসেব করা হয়। এটা ক্রিকেটারদের কাছে নতুন মনে হয়েছে। সব মিলিয়ে ভালো।”

বঙ্গবন্ধু স্টেডিয়ামের এই দৌড়ঝাঁপেই অবশ্য শেষ নয় ক্রিকেটারদের মূল্যায়ন। শের-ই বাংলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে কিলির সঙ্গে বিশেষ সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে শান্ত, লিটন, মুশফিকদের। সব মিলিয়ে ক্রিকেটারদের সবশেষ অবস্থা বুঝে পরবর্তী কার্যক্রম ঠিক করা হবে।