২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধারহীন বোলিং, নাটকীয় ব্যাটিং ধসে বাংলাদেশের হার

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১০৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত।

ধারহীন বোলিং, নাটকীয় ব্যাটিং ধসে বাংলাদেশের হার

এমন আনন্দের উপলক্ষ ম্যাচে খুব একটা পায়নি বাংলাদেশ। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2023, 05:11 PM

Updated : 19 Jul 2023, 06:09 PM

উইকেট বদলাতেই যেন বদলে গেল বাংলাদেশের বোলিংয়ের রূপ! তুলনামূলক ভালো উইকেটে ব্যাটিংয়ে উন্নতি করল ভারত। কিন্তু বিবর্ণ ব্যাটিং প্রদর্শনীতে তাদের দুইশ ছাড়ানো স্কোরের ধারেকাছেও যেতে পারল না বাংলাদেশ। বড় জয়ে সিরিজে সমতা ফেরাল সফরকারীরা।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় ওয়ানডেতে ভারতের জয় ১০৮ রানে। ২২৯ রানের লক্ষ্যে ৩৫.১ ওভারে বাংলাদেশ গুটিয়ে গেছে স্রেফ ১২০ রানে।

ওয়ানডেতে এত বড় রান তাড়া আগে কখনোই করেনি বাংলাদেশ। তবে এবার পারেনি লড়াই করতেও। উল্টো ১৪ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে পরাজয়ের ব্যবধান হয় বড়।

মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ভারতের এর চেয়ে বড় জয় আছে আর একটি। গত বছরের বিশ্বকাপে তারা জেতে ১১০ রানে।

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরাল তারা। একই মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচ শনিবার।

ভারতের বড় জয়ে ব্যাটে-বলে সবচেয়ে বড় অবদান জেমিমা রদ্রিগেসের। ৭৮ বলে ক্যারিয়ার সেরা ৮৬ রানের ইনিংস খেলার পর বোলিংয়ে স্রেফ ৩ রানে তিনি নেন ৪ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারে তার প্রতিদ্বন্দ্বী ছিল না আর কেউ।

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। পঞ্চম ওভারে দারুণ এক ইনসুইং ডেলিভারিতে প্রিয়া পুনিয়াকে বোল্ড করে দেন মারুফা আক্তার। 

পরে নিজের বোলিংয়ে স্মৃতি মান্ধানার স্ট্রেইট ড্রাইভ ঠেকানোর চেষ্টায় হাত এগিয়ে দেন তরুণ পেসার। বল তার হাতে লেগে আঘাত হানে নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্পে। তখন ক্রিজের বাইরে থাকায় রান আউটে কাটা পড়েন ইয়াস্তিকা ভাটিয়া।

ভালো কিছুর আশা জাগিয়ে ইনিংস বড় করতে পারেননি স্মৃতিও। রাবেয়া খানের লেগ স্পিনে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে ফ্লাইট ও টার্নে পরাস্ত হয়ে মিডল স্টাম্প হারান তিনি।

তখনও ওভারপ্রতি তিনের আশপাশে রান ছিল ভারতের। এরপর চতুর্থ উইকেট জুটিতে রানের পালে হাওয়া দেন জেমিমা ও হারমানপ্রিত কৌর। দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন দুই ব্যাটার।

৩৭তম ওভারে হাতের চোটে মাঠ ছেড়ে যান হারমানপ্রিত। এতে ছেদ পড়ে দুজনের ৭৩ রানের জুটির। পরে হার্লিন দেওলকে নিয়ে ৬১ বলে ৫৮ রান যোগ করেন জেমিমা। ক্যারিয়ারের চতুর্থ ফিফটি ছুঁতে তিনি খেলেন ৫৬ বল।

হার্লিন আউট হওয়ার পর আবার ব্যাটিংয়ে নামেন হারমানপ্রিত। এবার জেমিমার সঙ্গে তার জুটি ১৫ বলে ২৫ রানের।

নাহিদার বলে স্টাম্পড হয়ে শেষের আগের ওভারে বিদায় নেন জেমিমা।

শেষ ওভারে ৩ উইকেট হারিয়ে স্রেফ ৪ রান নিতে পারে ভারত।  

Image

অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সে ভারতের জয়ের নায়ক জেমিমা রদ্রিগেস। 

বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার। রাবেয়া ও মারুফার শিকার ১টি করে।

রান তাড়ায় কখনোই তেমন সম্ভাবনা জাগাতে পারেনি বাংলাদেশ। স্কোরবোর্ডে চল্লিশ রান জমা হওয়ার আগেই ড্রেসিং রুমে ফেরেন মুর্শিদা আক্তার, শারমিন আক্তার, লতা মণ্ডল।

চতুর্থ উইকেটে চাপ সামাল দেন রিতু মনি ও ফারজানা হক। কিন্তু রানের গতি বাড়াতে পারেননি তারা। ৬৮ রানের জুটি গড়তে তারা খেলেন ৯২ বল। 

ফিফটির কাছে গিয়ে হতাশ করেন ফারজানা। দেভিকার বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে স্টাম্পড হন ৮১ বলে ৪৭ রান করা অভিজ্ঞ ব্যাটার। এরপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

ফারজানার মতোই স্টাম্পড হন রিতু (৪৬ বলে ২৭) ও রাবেয়া। এমনিতে চারে ব্যাট করলেও এ দিন অসুস্থ থাকায় অধিনায়ক নিগার সুলতানা নামেন ছয়ে। তবে তিনিও পারেননি বেশিক্ষণ টিকতে।

বাকিরাও যোগ দেন আসা-যাওয়ার মিছিলে। ৩ উইকেটে ১০৬ রানে থাকা দল থমকে যায় ১২০ রানেই।

সংক্ষিপ্ত স্কোর: 

ভারত: ৫০ ওভারে ২২৮ (স্মৃতি ৩৬, প্রিয়া ৭, ইয়াস্তিকা ১৫, হারমানপ্রিত ৫২, জেমিমা ৮৬, হার্লিন ২৫, দিপ্তি ০, আমানজত ৩*, রানা ১; মারুফা ১০-১-৪৯-১, সুলতানা ১০-০-৪১-২, নাহিদা ১০-১-৩৭-২, ফাহিমা ১০-০-৫৬-০, রাবেয়া ১০-০-৪৪-১)

বাংলাদেশ: ৩৫.১ ওভারে ১২০ (মুর্শিদা ১২, শারমিন ২, ফারজানা ৪৭, লতা ৯, রিতু ২৭, নিগার ৩, রাবেয়া ১, নাহিদা ২, ফাহিমা ৬*, সুলতানা ০, মারুফা ১; মেঘনা ৭-২-২৭-১, দিপ্তি ৬-২-৭-১, আমানজত ৫-০-২৪-০, রানা ৬-০-২৬-১, দেভিকা ৮-০-৩০-৩, জেমিমা ৩.১-০-৩-৪)

ফল: ভারত ১০৮ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: জেমিমা রদ্রিগেস

সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা