অগাস্টের সেরার লড়াইয়ে স্টোকস-রাজা-স্যান্টনার
মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন জেমিমা রদ্রিগেজ, বেথ মুনি ও তাহলিয়া ম্যাকগ্রা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা হওয়া বেন স্টোকসের সামনে এবার দারুণ এক স্বীকৃতির হাতছানি। ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। অগাস্ট মাসের সেরার লড়াইয়ে স্টোকসের সঙ্গী সিকান্দার রাজা ও মিচেল স্যান্টনার।
গত মাসের পারফরম্যান্সের ভিত্তিতে সোমবার নারী-পুরুষ ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি। মেয়েদের সেরার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন ভারতের জেমিমা রদ্রিগেজ, অস্ট্রেলিয়ার বেথ মুনি ও তাহলিয়া ম্যাকগ্রা।
বেন স্টোকস
গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডস টেস্টে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি ইংলিশ অলরাউন্ডার। ইনিংস ব্যবধানে হারা ওই ম্যাচে দুই ইনিংসেই করেন তিনি ২০ রান করে। একমাত্র ইনিংসে বোলিং করে উইকেট নেন তিনটি।
পরের টেস্টেই নিজের সেরাটা মেলে ধরেন স্টোকস। ম্যানচেস্টারে প্রোটিয়াদের ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা টানার ম্যাচে ইংলিশদের নায়ক ছিলেন তিনি। দলের বিপর্যয়ে একমাত্র ইনিংস করেন ১০৩ রান। পরে বল হাতে দুই ইনিংসে নেন দুটি করে উইকেট।
প্রথম ইনিংসে মিডল অর্ডার দুই ব্যাটসম্যান এইডেন মারক্রাম ও রাসি ফন ডার ডাসেনকে পরপর দুই ওভারে ফেরান স্টোকস। এরপর আর বেশিদূর যেতে পারেনি দক্ষিণ আফ্রিকা, থেমে যায় ১৫১ রানে।
দ্বিতীয় ইনিংসেও দলকে গুরুত্বপূর্ণ সময়ে এনে দেন তিনি সাফল্য। মাথাব্যথার কারণ হয়ে ওঠা কিগান পিটারসেন ও ফন ডার ডাসেনকে পরপর দুই ওভারে ফিরিয়ে দলের জয়ের ভিত গড়ে দেন স্টোকস।
সিকান্দার রাজা
৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ জয়ের নায়ক ছিলেন সিকান্দার রাজা। প্রথম ম্যাচে ৩০৩ রান তাড়ায় দলের জয় সঙ্গে নিয়ে যখন মাঠ ছাড়েন তিনি, নামের পাশে জ্বলজ্বল করছিল ১৩৫ রান।
দ্বিতীয় ওয়ানডেতেও দলকে জিতিয়ে ফেরেন রাজা। ২৯১ রানের লক্ষ্যে তিনি খেলেন ১১৭ রানের অপরাজিত ইনিংস। বল হাতে নেন ৩ উইকেট। টানা দুই জয়ে তিন ম্যাচের সিরিজ ঘরে তোলে জিম্বাবুয়ে।
এরপর ভারতের বিপক্ষেও ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সেঞ্চুরি উপহার দেন রাজা। খেলেন ১১৫ রানের দারুণ ইনিংস। ম্যাচটি অল্পের জন্য হেরে যায় জিম্বাবুয়ে। ২৮৯ রান তাড়ায় যেতে পারে তারা ২৭৬ রান পর্যন্ত।
মিচেল স্যান্টনার
গত মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৮ ম্যাচ খেলা নিউ জিল্যান্ড জিতেছে ৬টিতে। কিউইদের এসব জয়ে ব্যাট কিংবা বল হাতে দারুণ অবদান ছিল মিচেল স্যান্টনারের।
নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনে নেমে তিনি খেলেন ৪২ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতা প্রথম দুই টি-টোয়েন্টিতে নেন তিনটি করে উইকেট।
ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেন কার্যকর দুটি ইনিংস। সঙ্গে তিন ম্যাচে নেন মোট ৪ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে জেতেন সিরিজ সেরার পুরস্কার। এবার প্রথমবারের মতো জায়গা পেলেন আইসিসির মাস সেরার লড়াইয়ে।
নারী ক্রিকেট
তাহলিয়া ম্যাকগ্রা
কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার সোনা জয়ের পথে অলরাউন্ড পারফরম্যান্সে বড় অবদান রাখেন তাহলিয়া ম্যাকগ্রা। পেস বোলিংয়ে ১৩.৪০ গড়ে উইকেট নেন তিনি পাঁচটি। ব্যাট হাতে করেন ১১৪ রান।
ভারতের বিপক্ষে ফাইনালে যদিও সেভাবে মেলে ধরতে পারেননি নিজেকে। তবে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। পরে বল হাতে স্রেফ ১৩ রান দিয়ে নেন ৩ উইকেট।
সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩০ রানে তার শিকার ছিল ২ উইকেট। পরে রান তাড়ায় খেলেন ২৩ বলে ৩৪ রানের কার্যকর ইনিংস।
বেথ মুনি
বড় ম্যাচের তারকা বেথ মুনি। কনওয়েলথ গেমসের ফাইনালে অস্ট্রেলিয়ার জয়ে এই ওপেনার খেলেন ৪১ বলে ৬১ রানের ইনিংস। গ্রুপ পর্বে পাকিস্তানের সঙ্গেও তার ব্যাট জ্বলে ওঠে। খেলেন অপরাজিত ৭০ রানের দারুণ এক ইনিংস।
নিউ জিল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে করেন ৩৬ রান। গত মাসে তিন টি-টোয়েন্টি খেলা মুনি রান করেন মোট ১৬৭। সেরার লড়াইয়ে তার জায়গা পাওয়া প্রত্যাশিতই ছিল।
জেমিমা রদ্রিগেজ
ব্যাট হাতে অগাস্ট মাস ভালোই কেটেছে জেমিমা রদ্রিগেজের। তিন টি-টোয়েন্টি খেলে তিনি করেছেন ১৩৩ রান রান।
কনওয়েলথ গেমসের গ্রুপ পর্বে বারবাডোসের বিপক্ষে ভারতীয় এই ব্যাটার খেলেন অপরাজিত ৫৬ রানের ইনিংস। পরে সেমি-ফাইনালে ইংল্যান্ডকে হারানোর ম্যাচে করেন অপরাজিত ৪৪ রান।
ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ইনিংস খেলতে না পারলেও তার ব্যাট থেকে আসে ৩৩ রান।
২০২১ সালের জানুয়ারি থেকে আইসিসি মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করে। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে।
সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।
