৮ বছর আগের মতো করেই আবার হেরে গেল বাংলাদেশ
সেবার পাকিস্তানের সঙ্গে লক্ষ্য ছিল ৭ ওভারে ৪৩, এবার শ্রীলঙ্কার বিপক্ষে ৭ ওভারে ৪১। দুবারই পারল না বাংলাদেশ।
প্রেক্ষাপটে অদ্ভুত মিল। ২০১৪ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে ৭ ওভারে ৪৩ রানের সহজ লক্ষ্য তাড়ায় হেরে যায় বাংলাদেশ। সেই স্মৃতি মনে করেই এবার রান তাড়ার শুরুতে ক্রিকেটারদের প্রতিজ্ঞা ছিল, আগের ভুল আর করা যাবে না। কিন্তু মাঠে নামতেই তারা গুবলেট পাকালেন আবার। একই ভুলের চক্রে ঘুরপাক খেয়ে তাই সঙ্গী হলো আরেকটি হতাশাজনক হার।
সিলেটে সোমবার নারী এশিয়া কাপের ম্যাচে ফিরে আসে ৮ বছর আগের এশিয়ান গেমসের ফাইনাল। ইনচনে সেবার প্রতিপক্ষ ছিল পাকিস্তান। ২০ ওভারে তারা তুলতে পারে ৯৭ রান। পরে বৃষ্টির কারণে বাংলাদেশের লক্ষ্য হয়ে যায় ৭ ওভারে ৪৩। আপাত সহজ সেই রান তাড়ায় বাংলাদেশ করতে পারে ৯ উইকেটে ৩৮।
এবার সিলেটে শ্রীলঙ্কা ১৮.১ ওভারে ৮৫ রান তোলার পর নামে বৃষ্টি। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় এবার ৭ ওভারে ৪১। এবারও মুখ থুবড়ে পড়ে ব্যাটিং। শেষ পর্যন্ত সংগ্রহ ৭ উইকেটে ৩৭।
সেবার শেষ দুই ওভারে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এবারও চিত্র ছিল ঠিক একই।
সেই ম্যাচে খেলা ৫ জন ছিলেন এবারের ম্যাচের একাদশে-ফারজানা হক, সালমা খাতুন, রুমানা আহমেদ, ফাহিমা খাতুন ও জাহানারা আলম। ওই ম্যাচে রুমানা দুটি উইকেট নিয়েছিলেন ১৪ রানে, এবার দুটি নেন ১৩ রানে। সেবারের মতোই এবার একটি করে উইকেট নেন জাহানারা ও ফাহিমা।
এই ম্যাচে রান তাড়ার আগে জাহানারাদের মনে উঁকি দেয় ওই ম্যাচের তিক্ততার স্মৃতি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে অভিজ্ঞ এই পেসার বললেন, এবার ভুল শোধরানোর তাড়না ছিল তাদের। কিন্তু পূরণ হয়নি আশা।
“দল হিসেবে তো অবশ্যই হতাশাজনক আমাদের জন্য। যখনই টার্গেট সেট হয়েছে, আমরা নিজেদের মধ্যে বলাবলি করছিলাম যে, কিছুটা পুনরাবৃত্তি হতে চলেছে। ২০১৪ সালে ইনচনে এরকম একটা ঘটনা ঘটেছিল। ৪২ বলে ৪৩ রানের টার্গেট ছিল পাকিস্তানের বিপক্ষে। আমরা ওটা হেরে সিলভার পেয়েছিলাম। আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই। আমরা সবাই হতাশ।”
“আমাদের আবহটা আজকে ইতিবাচক ছিল। আমরা বলছিলাম যে দ্বিতীয়বারের মতো এরকম হতে চলেছে, আমরা আজকের ম্যাচ জিতে ফিরব। আজকের দুই পয়েন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল সেমি-ফাইনালের টিকিট পাওয়ার জন্য।”
৭ ওভারে ৪১ রান, মানে ওভারপ্রতি ৬ রানের চেয়েও কম প্রয়োজন ছিল বাংলাদেশের। বড় শট জরুরি ছিল না। জাহানারা বললেন, এক-দুই রান করে নিয়ে এগোনোর পরিকল্পনাই ছিল তাদের।
“(রান তাড়ায়) চাপ তো একটা থাকেই। আমাদের টার্গেট ও পরিকল্পনা ছিল যে আমরা বলপ্রতি রান নেব। সিঙ্গেলগুলো মিস করব না। খেলাটাকে কাছে নিয়ে যাব। শেষ তিন ওভারের দিকে গিয়ে চান্স নেব। বলপ্রতি রান দরকার ছিল। সিঙ্গেলগুলি নিলেই টার্গেট কাছাকাছি চলে আসত। পরের ব্যাটারদের জন্য কাজ সহজ হয়ে যেত।”
জাহানারা যে পরিকল্পনার কথা বললেন, ম্যাচে দেখা গেছে তার উল্টো। বাংলাদেশের দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা হক শুরুতেই আউট হন ক্রিজ ছেড়ে বেরিয়ে উড়িয়ে মারতে গিয়ে। পরে ১২ বলে যখন প্রয়োজন ১৪ রান, তখন নিগার সুলতানা, রুমানা আহমেদের মতো অভিজ্ঞরা বিদায় নিয়েছেন স্লগ করতে গিয়ে। বড় শটের চেষ্টাতেই উইকেট পড়েছে একের পর এক।
জাহানারার দাবি, এই ধরনের ম্যাচ পরিস্থিতি তৈরি করে অনুশীলন যথেষ্ট করেছেন তারা। প্রস্তুতিতে ঘাটতি বা নিজেদের ব্যাটিংয়ের সামর্থ্য তিনি কম দেখেন না।
“আমরা ছোট ছোট টার্গেটে অনেক ব্যাট করেছি এবং আমাদের ব্যাটাররা উন্নতি করেছে। আপনারা দেখে থাকবেন যে, তারা অনেক ভালো করে এখন। কিছু ম্যাচে শুরুটা ধীরগতির হলেও কিছু ম্যাচে খুব ভালো শুরুও এনে দিয়েছে ওপেনাররা। যে ম্যাচ হেরে যাই, সেখানে সবকিছুই খারাপ হয়।”
“এখানে আমাদের ট্রেনিংয়ের কোনো ঘাটতি ছিল না। যে লেভেলে আমরা এখন পৌঁছেছি, আমাদের ব্যাটারদের জন্য এটা সহজ লক্ষ্য ছিল। পারিনি, এটা হতাশাজনক।”
টানা দুই হারে বাংলাদেশ এখন পয়েন্ট তালিকায় আছে পাঁচে। তবে বর্তমান চ্যাম্পিয়নদের সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি এখনও। তুলনামূলক বেশ দুর্বল সংযুক্ত আরব আমিরাতকে মঙ্গলবার হারাতে পারলেই শেষ চারে পা রাখতে পারবেন জাহানারা, নিগার সুলতানারা। একটি শঙ্কার জায়গা কেবল আছে। ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেলে বাংলাদেশ বাদ পড়ে যাবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে সেমিতে খেলবে তখন থাইল্যান্ড।
