২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ডে ভালো করে বিশ্বকাপের রসদ জোগাড়ের আশায় মিরাজ

নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ভালো করতে পারলে বিশ্বকাপেও বাংলাদেশ ভালো করবে বলে মনে করেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2022, 02:46 PM

Updated : 06 Oct 2022, 11:24 PM

পাকিস্তানের বোলিং কোচ শন টেইটের সঙ্গে আড্ডায় মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডারের সঙ্গী বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স ও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথও। বিসিবির একটি ভিডিওতে দেখা যায় বৃহস্পতিবার অনুশীলনের ফাঁকে এমন একটি দৃশ্য। তাদের সেই আলোচনায় বিশ্বকাপের প্রসঙ্গ উঠেছে কিনা, বলা মুশকিল। তবে দুয়ারে কড়া নাড়তে থাকা বিশ্বকাপ মিরাজদের ভাবনায় আছে প্রবলভাবেই।

নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ভালো করে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস জমা করতে চায় বাংলাদেশ। সেই চাওয়ার সঙ্গে পাওয়াকে একবিন্দুতে মেলানোর অভিযান শুরু শুক্রবার। ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ৮টায়।

এই ম্যাচে যেমন, তেমনি এই টুর্নামেন্টেও ‘আন্ডারডগ’ হিসেবে শুরু করছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে যা অবস্থা, তাতে ভালো কিছুর আশা এই দলকে ঘিরে করা কঠিন আপাতত। ফলাফল নিয়ে অবশ্য দল ভাবছে না বলেই দাবি নানা জনের কথায়। সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান বলেছিলেন প্রক্রিয়ায় ভরসা রাখার কথা।। এখন বিসিবির ভিডিও বার্তায় একই কথা মিরাজের কণ্ঠেও।

ভিসা ও ফ্লাইট জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দেন অধিনায়ক সাকিব আল হাসান। তাকে নিয়ে দল প্রক্রিয়ার পথ ধরে এগিয়ে যেতে চায় বলে জানালেন মিরাজ।

“ফলাফল তো আমাদের হাতে নেই। আমরা প্রক্রিয়া অনুসরণ করতে পারি এবং ব্যক্তিগতভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। সাকিব ভাই আজকে আমাদের সঙ্গে জয়েন করেছেন, এটা আমাদের জন্য বড় সুবিধা। কারণ সবশেষ সিরিজে সাকিব ভাই ছিলেন না। এখন আমাদের পরিপূর্ণ দল হয়েছে। আমরা সবাই একসঙ্গে অনুশীলন করে মাঠে নামতে পারব।”

প্রক্রিয়া অনুসরণ করে এগিয়ে চলার এই স্রোত গিয়ে মিশবে বিশ্বকাপের ঠিকানায়। এই ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স তাসমান সাগড়ে অপর পাড়ের বিশ্বকাপে বাংলাদেশের জন্য দারুণ কাজে দেবে বলে মনে করেন মিরাজ।

“বিশ্বকাপের আগে এরকম ত্রিদেশীয় সিরিজ আমাদের দলকে অনেক উজ্জীবিত করবে। পাকিস্তান বিশ্বকাপে ভালো করেছে, এশিয়া কাপেও ভালো ক্রিকেট খেলেছে এবং নিউ জিল্যান্ডের মাটিতে খেলব। আশা করি, বড় দুটি দলের সঙ্গে আমাদের আত্মবিশ্বাস ভালো থাকবে, যদি আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে পারি।”

“প্রতিটি ক্রিকেটারের প্রস্তুতি এখানে গুরুত্বপূর্ণ। যার যার জায়গা থেকে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ। আমরা যদি এখানে ভালো পারফর্ম করতে পারি, বিশ্বকাপে গিয়ে অনেক বেশি ভালো ক্রিকেট খেলতে পারব আশা করি।”

নিউ জিল্যান্ডে সবসময়ই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ থাকে কন্ডিশন। এবার সেই চ্যালেঞ্জটা আরও বেশি। অতীতে বেশির ভাগ সময়ই বাংলাদেশ সেখানে সফরে গেছে ডিসেম্বর-জানুয়ারি বা আরেকটু পরের দিকে। কিন্তু এবারের সফর অক্টোবরে শুরুতে, এখনও ক্রাইস্টচার্চে ঠাণ্ডা অনেক। কিছু জায়গায় বরফও পড়ছে। হাড়কাঁপানো বাতাস তো আছেই।

মিরাজ অবশ্য বললেন, এই কদিনের অনুশীলনে কন্ডিশনের সঙ্গে তারা ভালোই মানিয়ে নিয়েছেন।

“আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে। আমরা যে তিনদিন অনুশীলন করেছি, খুব ভালো অনুশীলন হয়েছে। বোলাররা বোলিং করেছে, ব্যাটসম্যানরা ব্যাটিং করেছে। দুটি গ্রুপে আমাদের অনুশীলন হয়েছে এবং সুনির্দিষ্ট  অনুশীলন করেছি আমরা। যার যতটুকু দরকার, ততটুকুই করেছি। বিশেষ করে, আমি ব্যাটিং করেছি এবং বোলিংও করেছি। পেস বোলাররা স্পট বোলিং করেছে।”

“যার যতটুকু দরকার, খুব ভালো প্রস্তুতি হয়েছে। কোচিং স্টাফ যারা আছেন, তারা খুব ভালো সহায়তা করেছেন আমাদের। আমাদের এখানে সহজ ছিল না অনুশীলন সেশন, কারণ এখানে একটু বেশি ঠাণ্ডা। তারপরও সবাই খুব ভালো মানিয়ে নিয়েছে। আমাদের দলের জন্য এটা ইতিবাচক দিক।”

মিরাজ নিজেও চেষ্টা করছেন নতুন এক চ্যালেঞ্জে মানিয়ে নেওয়ার। গত এশিয়া কাপ থেকে তাকে ওপেনিংয়ে ব্যাট করাচ্ছে দল। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ভালো করেছেন প্রথমবার ওপেন করতে নেমে। কদিন আগে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ম্যান অব দা ম্যাচ হয়েছেন ব্যাটিং দিয়েই। দলের সবার ভালোবাসাকে সঙ্গী করে সামনেও ভালো কিছুর আশায় মিরাজ।

“যেহেতু আমি ওপেনিংয়ে একটা সুযোগ পেয়েছি, চেষ্টা করছি ভালো ক্রিকেট খেলার জন্য এবং আমি উপভোগ করছি। সবাই আমাকে সাপোর্ট করছে, এই জিনিসটা ভালো লাগছে। অনুশীলন যখনই করছি, আমাকে সবাই সাপোর্ট করছে এবং আমার ওপর সবাই অনেক বিশ্বাস রাখছে। আমি নিজেও অনেক আত্মবিশ্বাসী। এখন শুধু মাঠে ভালো ক্রিকেট খেলার অপেক্ষায়।”