Published : 20 Sep 2026, 12:55 PM
রেকর্ড গড়া থেকে দূরত্ব ছিল স্রেফ আট রানের। সেই পথটুকু পাড়ি দিতে খুব একটা সময় নিলেন না স্মৃতি মান্ধানা। ম্যাচের শুরুর দিকেই দুটি বাউন্ডারিতে পৌঁছে গেলেন তিনি রেকর্ডের উচ্চতায়। নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান এখন ভারতের স্টাইলিশ এই ব্যাটারের।
এশিয়ান গেমসের সেমি-ফাইনালে রোববার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে রেকর্ডটি নিজের করে নেন মান্ধানা।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে রানের রেকর্ড আগেই করেছে মান্ধানা। ব্যাটিংয়ের আরও অনেক রেকর্ডে লেখা আছে তার নাম।
টি-টোয়েন্টিতে এতদিন শীর্ষে থাকা সুজি বেটসের চেয়ে সাত রান পেছনে থেকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি শুরু করেন মান্ধানা। ম্যাচের প্রথম ওভারে তার ব্যাট থেকে বাউন্ডারি আসে মারুফা আক্তারের বলে। তৃতীয় ওভারে মারুফকেই আরেকটি বাউন্ডারিতে রেকর্ডটি নিজের করে নেন তিনি। রেকর্ড উদযাপন করেন পরের বলেই আরেকটি বাউন্ডারিতে।
উড়ন্ত শুরুর পর ১৯ বলে ৩৭ করে আউট হন মান্ধানা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার রান এখন ৪ হাজার ৭৮৮। দুইয়ে নেমে গেলেন ৪ হাজার ৭৫১ রান করা বেটস।
গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে অসরে যাওয়া নিউ জিল্যান্ডের ব্যাটার ইনিংস খেলেছিলেন ১৭৮টি। তাকে ছাড়িয়ে যেতে সাত ইনিংস কম লাগল মান্ধানার।
মান্ধানার রেকর্ডের ম্যাচেই ৪০ রান করা হারমানপ্রিত কৌর আছেন রানের রেকর্ডের তিনে। ভারতীয় অধিনায়কের রান ৪ হাজার ৩২৭।
যদিও রানের তালিকায় তিনি পিছু ছুটছেন শীর্ষে থাকা সতীর্থের, তবে বয়স ও অন্যান্য বাস্তবতা মিলিয়ে বলা যায়, রেকর্ডটি অনেক দিন থাকবে মান্ধানারই।
চার হাজার রান আছে আর কেবল একজনেরই। এ দিনেরই আরেক সেমি-ফাইনালে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলা চামারি আতাপাত্তুর রান ৪ হাজার ২৮২।