২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

টেন্ডুলকারকে ছাড়িয়ে ১৫ হাজারে দ্রুততম কোহলি

দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে এই মাইলফলক স্পর্শ করলেন ভিরাট কোহলি।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ১৫ হাজারে দ্রুততম কোহলি

ভিরাট কোহলির আরেকটি অর্জন। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 09:18 PM

Updated : 27 Sep 2026, 09:40 PM

আলজারি জোসেফের শর্ট ডেলিভারিতে দৃষ্টিনন্দন এক পুল শট খেললেন ভিরাট কোহলি। ডিপ মিড-উইকেট দিয়ে দ্রুতগতিতে সীমানার বাইরে চলে গেল বল। গ্যালারির দর্শকরা তখন দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছেন কোহলিকে। তিনিও বিষয়টি বুঝতে পেরে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন দুই হাত উঁচিয়ে। ওই চারেই ওয়ানডে ক্রিকেটে ১৫ হাজার রানের ঠিকানায় পা রাখলেন ভারতের ব্যাটিং গ্রেট।

এই সংস্করণে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মাইলফলকটি স্পর্শ করলেন কোহলি। তবে তিনিই এখানে দ্রুততম।

সাচিন টেন্ডুলকার ১৫ হাজার রান পূর্ণ করেছিলেন ৩৭৭ ইনিংসে। এই কিংবদন্তিকে ছাড়িয়ে কোহলি মাইলফলক ছুঁলেন ৩০৩ ইনিংসেই।

ওয়ানডেতে আট হাজার থেকে ১৫ হাজার- সবকটিতেই দ্রুততম কোহলি।

কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছাতে থিরুভানান্থাপুরামে রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে কোহলির প্রয়োজন ছিল ৫৯ রান।

২৯৬ রানের লক্ষ্য তাড়ায় রোহিত শার্মার বিদায়ের পর তিন নম্বরে কোহলি ক্রিজে যান দ্বাদশ ওভারে। বরাবরের মতো দারুণ সব শট খেলে এগিয়ে যান তিনি।

আলজারি জোসেফকে মাথার ওপর দিয়ে ছক্কায় উড়িয়ে ৩৭ বছর বয়সি ব্যাটসম্যান পঞ্চাশ পূর্ণ করেন ৪০ বলে। এই পেসারের পরের ওভারে ৫২ থেকে টানা তিনটি চার মারার পথে ১৫ হাজারের ঠিকানায় পৌঁছান তিনি।

টেন্ডুলকার তার গৌরবময় বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করেন ওয়ানডেতে ৪৫২ ইনিংসে ১৮ হাজার ৪২৬ রান নিয়ে। টেন্ডুলকারের অনেক রেকর্ডই নিজের করে নেওয়া কোহলি কতদূর পর্যন্ত যেতে পারেন, সেটিই এখন দেখার।