লন্ডনে টানা দ্বিতীয় দিনে ইনজেকশন নিতে হচ্ছে তামিমকে
ব্যথা সামলানোর জন্য বৃহস্পতিবার ইনজেকশন নেওয়ার পর শুক্রবার আবারও একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে ৩৪ বছর বয়সী ক্রিকেটারকে।
ইনজেকশনের মাধ্যমেই তামিম ইকবালের পিঠের নিচের অংশের ব্যথা সামলানোর সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন লন্ডনের চিকিৎসকরা। বৃহস্পতিবার প্রথম দফায় তিন থেকে চারটি ইনজেকশন দেওয়া হয় তাকে। শুক্রবার সেগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণ করার কথা। তবে শেষ পর্যন্ত এ দিন তাকে আরও একটি ইনজেকশন দেওয়ার সিদ্ধান্ত নেন বিশেষজ্ঞ চিকিৎসক।
প্রথম দফায় ইনজেকশন দেওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল তামিমকে। শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় আবার তাকে হাসপাতালে ভর্তি হতে হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি লন্ডনে তামিমের সঙ্গেই আছেন এই চিকিৎসা প্রক্রিয়ায়।
আগের দিনের মতো অস্ত্রোপচারের টেবিলেই এই ইনজেকশন দেওয়া হবে। তবে এবার একাধিক নয়, একটি ইনজেকশনই দেওয়া হবে তাকে। এবারের ইনজেকশনের ধরনও আগেরগুলোর চেয়ে ভিন্ন। এর আগে ব্যাংককে এই ইনজেকশন নেওয়ার অভিজ্ঞতা আছে তামিমের।
ব্যথা সামাল দেওয়ার ব্যবস্থা হিসেবেই দুই দফায় এই ইনজেকশনগুলো দেওয়া হচ্ছে তাকে। লন্ডনে মঙ্গলবার এমআরআই করানোর পর বৃহস্পতিবার ৩৪ বছর বয়সী ক্রিকেটারের পিঠের নিচের অংশে ক্ষতিগ্রস্ত হওয়া দুই ডিস্ক ঘিরে তিন থেকে চারটি ইনজেকশন দেওয়া হয়।
এই ইনজেকশন সাধারণত স্নায়ুকে নিস্তেজ করে রাখে একটি নির্দিষ্ট সময়। তবে সেই সময়টার নিখুঁত নিশ্চয়তা দিতে পারেন না চিকিৎসকরাও। কারও ক্ষেত্রে ইনজেকশনের কার্যকারিতা ২-৩ মাস থেকে শুরু করে ৪-৫ মাস পর্যন্ত থাকে। অনেকের ক্ষেত্রে তুলনামূলক অনেক দ্রুত, এমনকি এক মাসের মধ্যেও ব্যথা ফিরে আসে।
আগের দফায় এই ইনজেকশন নিয়ে তামিম মাস তিনেক মোটামুটি নির্বিঘ্নে খেলতে পেরেছিলেন।
এই দুই দফায় ইনজেকশন ঠিকঠাক কাজ করতে শুরু করলে ৭ থেকে ১০ দিন বিশ্রামে থাকতে হবে তামিমকে। এরপর আস্তে আস্তে তিনি ফিটনেস ট্রেনিংসহ অনুশীলন শুরু করতে পারবেন।
ইনজেকশনের সত্যিকারের কার্যকারিতা বোঝা যাবে অনুশীলন শুরুর পরই। ইনজেকশনে কাজ না হলে শেষ উপায় অস্ত্রোপচার।
