২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ টি-টোয়েন্টিতেও লড়াই করতে পারল না বাংলাদেশ

নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাজেভাবে হেরে গেল বাংলাদেশের মেয়েরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2022, 12:39 PM

Updated : 07 Dec 2022, 12:39 PM

১৬ ওভার পর্যন্তও লড়াইটা প্রায় সমানে-সমান। বাংলাদেশই হয়তো ছিল একটু এগিয়ে। কিন্তু পরের ৪ ওভারের ঝড়ো ব্যাটিংয়ে বলা যায় ধরাছোঁয়ার বাইরেই চলে গেল নিউ জিল্যান্ডের স্কোর। আগের দুই ম্যাচের মতো সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও বাংলাদেশের মেয়েরা পারল না লড়াই করতে।

তিন ম্যাচ সিরিজের শেষটিতে কুইন্সটাউনে নিউ জিল্যান্ডের কাছে ৬৩ রানে হেরে যায় বাংলাদেশ। কুইন্সটাউনে বুধবার নিউ জিল্যান্ডের ১৫২ রান তাড়ায় বাংলাদেশ ২০ ওভার খেলে করতে পারে স্রেফ ৮৯ রান।

সিরিজের আগের দুই ম্যাচে বাংলাদেশে হারে ৩৭ ও ১৩২ রানে।

জন ডেভিস ওভালে টস জিতে ব্যাটিংয়ে নামা নিউ জিল্যান্ড শুরুটা করে আগ্রাসনের বার্তা দিয়ে। সোফি ডিভাইন ও সুজি বেটসের ব্যাটে প্রথম ৩ ওভারে ৫ বাউন্ডারিতে রান আসে ২৭। তবে এরপর প্রবলভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ।

চতুর্থ ওভারে আক্রমণে এসেই অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ফেরান বেটসকে। পরের ওভারে বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণা বিদায় করে দেন রেবেকা বার্নসকে।

ডিভাউন অবশ্য এক প্রান্ত থেকে চালিয়ে যান। তবে আরেকপ্রান্তে লরেন ডাউন রান আউট হয়ে যান ১৪ বলে ৬ রান করে। রানের গতি কমে ১০ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৫৯।

ডিভাইনও পারেননি সেখান থেকে দলকে আর বেশি এগিয়ে নিতে। রাবেয়া খানের লেগ স্পিনে নিউ জিল্যান্ড অধিনায়ক কাটা পড়েন ৩৩ বলে ৪৭ রান করে।

বাংলাদেশ এরপর আরও চেপে ধরে প্রতিপক্ষকে। ম্যাডি গ্রিনকে বোল্ড করে দেন সালমা খাতুন, রান আউট হয়ে যান জর্জিয়া প্লিমার। ১৬ ওভার শেষে তারা ধুঁকতে থাকে ৫ উইকেটে ৯৮ রান তুলে।

কিন্তু পরের চার ওভারে চিত্র বদলে দেন অ্যামিলিয়া কার। আগের দুই ম্যাচের মতো আবারও জ্বলে ওঠেন তিনি। দারুণ সব শট খেলে দ্রুত বাড়াতে থাকেন রান। শেষ দিকে আক্রমণে যোগ দেন লিয়া তাহুহু। শেষ চার ওভারে নিউ জিল্যান্ড তুলে ফেলে ৫৪ রান!

এক পর্যায়ে ১৯ বলে ১৯ রান থাকলেও কার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩১ বলে ৪৮ রান করে। দুই ছক্কায় তাহুহু ৮ বলে করেন ১৭।

নিউ জিল্যান্ডে গিয়ে ১৫৩ রান তাড়া করে জয় বাংলাদেশের জন্য অনেকটা অসম্ভবের কাছাকাছি। কিন্তু ন্যূনতম সম্ভাবনা জাগানো বা লড়াইয়ের ছাপ তারা রাখতে পারেনি ব্যাটিংয়ে।

তাহুহুর প্রথম স্পেলেই ভেঙে পড়ে টপ অর্ডার। নিজের প্রথম তিন ওভারে তিনি বিদায় করেন টপ অর্ডারের তিন ব্যাটার মুর্শিদা খাতুন, শারমিন আক্তার ও ফারজানা হককে। পাওয়ার প্লে শেষে দলের রান ৩ উইকেটে মোটে ১৬।

অধিনায়ক নিগারও পারেননি দলকে সেই বিপদ থেকে উদ্ধার করতে। মিডল অর্ডারে কেবল কিছুটা লড়াই করেন অভিজ্ঞ রুমানা আহমেদ। ২ চার ও ১ ছক্কায় ২৩ বলে ২৫ রান করে যখন তিনিও বিদায় নেন, দ্বাদশ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৪৯!

সাতে নামা সালমা খাতুনের ৩০ বলে ২৩ রানের অপরাজিত ইনিংসে ২০ ওভার খেলতে পারে দল। তবে পরাজয়ের ব্যবধান রয়ে যায় যথেষ্টই বড়।

দুই দল এখন খেলবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। রোববার ওয়েলিংটনের ম্যাচ দিয়ে শুরু সেই সিরিজ।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড : ২০ ওভারে ১৫২/৭ (ডিভাইন ৪৭, বেটস ৯, বার্নস ০, ডাউন ৬, অ্যামিলিয়া কার ৪৮*, গ্রিন ১১, প্লিমার ২, তাহুহু ১৭, জেসিকা কার ৮*; মারুফা ৪-০-৪২-১, সালমা ৪-০-৩৫-১, নাহিদা ৪-০-২৮-১, তৃষ্ণা ৪-০-১৯-১, রাবেয়া ৪-০-২৭-১)।

বাংলাদেশ: ২০ ওভারে ৮৯/৭ (মুর্শিদা ২, শারমিন ৩, ফারজানা ৭, নিগার ৪, রুমানা ২৫, রিতু ০, সালমা ২৩, রাবেয়া ১১, নাহিদা ৮*; জোনাস ৪-০-১৩-০, তাহুহু ৪-০-১৩-৩, জেস কার ৪-০-১৭-০, ডিভাইন ২-০-১৬-১, অ্যামিলিয়া কার ২-০-৯-১, কার্সন ৪-০-১৯-২)।

ফল: নিউ জিল্যান্ড ৬৩ রানে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে নিউ জিল্যান্ড ৩-০তে জয়ী।

প্লেয়ার অব দা ম্যাচ: অ্যামিলিয়া কার।