২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকিলকে সরিয়ে শীর্ষে ফিরলেন রাশিদ

বড় লাফ দিয়ে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন ভারতের ভারুন চক্রবর্তী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2025, 05:27 PM

Updated : 26 Aug 2026, 11:41 AM

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আদিল রাশিদের দুর্দান্ত বোলিংয়ের প্রতিফলন পড়েছে র‍্যাঙ্কিংয়ে। এই সংস্করণের বোলারদের তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ লেগ স্পিনার। বড় লাফ দিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন ভারতের ভারুন চক্রবর্তী।

পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেনকে সরিয়ে চূড়ায় উঠেছেন রাশিদ।

২০২৩ সালের শেষ দিকে এই তালিকায় শীর্ষে উঠেছিলেন তিনি। এরপর গত ডিসেম্বর পর্যন্ত এক নম্বর জায়গাটি ধরে রেখেছিলেন তিনি। তাকে টপকে শীর্ষে উঠে বেশিদিন টিকতে পারলেন না আকিল। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে আছেন দুই লেগ স্পিনার শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা।

ভারতের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ইংল্যান্ড। তবে এখন পর্যন্ত খেলা তিনটি ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন রাশিদ। ইডেন গার্ডেন্সে ২৭ রানে ১ উইকেট এবং চেন্নাইয়ে ১৪ রানে ১ উইকেট নেন তিনি। দুটি ম্যাচই হারে ইংল্যান্ড। মঙ্গলবার রাজকোটে ২৬ রানে জেতা ম্যাচে ১৫ রানে ১ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন রাশিদ।

ইংলিশদের একের পর এক ম্যাচে নাস্তানাবুদ করে ছাড়ছেন ভারুন। প্রথম ম্যাচে ২৩ রানে ৩টি, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৮ রান ২ উইকেট নেন এই লেগ স্পিনার। মঙ্গলবারের ম্যাচে ২৪ রানে তার শিকার পাঁচটি। দেশের হয়ে এই সংস্করণে দ্বিতীয়বার ৫ উইকেটের স্বাদ পান তিনি।

চমৎকার ধারাবাহিক পারফরম্যান্সে ২৫ ধাপ এগিয়েছেন ভারুন। ক্যারিয়ার সেরা পঞ্চম স্থানে আছেন তিনি। ইংল্যান্ডের তারকা পেসার জফ্রা আর্চারের অগ্রগতি ১৩ ধাপ, আছেন ষষ্ঠ স্থানে। গত সপ্তাহে খেলা তিন টি-টোয়েন্টিতে ৫ উইকেট নিয়েছেন তিনি।

ভারতের আকসার প্যাটেল (১১তম) ৫ ধাপ ও হার্দিক পান্ডিয়া (৪৩তম) ৮ ধাপ উন্নতি করেছেন। ইংল্যান্ডের গতিময় পেসার মার্ক উড ৫ ধাপ এগিয়ে ৬৯ নম্বরে।

তিন টি-টোয়েন্টিতে ১৯*, ৭২* ও ১৮ রান করে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে তিলাক ভার্মা। তিনি নিঃশ্বাস ফেলছেন শীর্ষে থাকা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ট্রাভিস হেডের ঘাড়ে। তিলাকের রেটিং পয়েন্ট ৮৩২, হেডের ৮৫৫।

ভারতীয় ওপেনার আভিশেক শার্মা দিয়েছেন লম্বা লাফ। ৫৯ ধাপ এগিয়ে ৪০ নম্বরে তিনি। ২৮ ধাপ উন্নতি হয়েছে ইংলিশ ওপেনার বেন ডাকেটের (৬৮তম)।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই শীর্ষে ভারতের হার্দিক।