১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রথম ম‍্যাচ ভেস্তে গেল, দ্বিতীয়টি নিয়ে চরম অনিশ্চয়তা

পরিচালক এম নাজমুল ইসলাম পদত‍্যাগ না করলে দিনের দ্বিতীয় ম‍্যাচেও খেলবেন না ক্রিকেটাররা।

প্রথম ম‍্যাচ ভেস্তে গেল, দ্বিতীয়টি নিয়ে চরম অনিশ্চয়তা
খেলা বর্জন করায় মাঠে আসেননি ক্রিকেটাররা, পিচের পাশে দাঁড়িয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। ছবি: বিসিবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2026, 04:07 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

প্রায় দর্শক শূন‍্য গ‍্যালারি, পিচের পাশে দাঁড়িয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম- এমন একটি ছবি ঘুরছে সামাজিক মাধ‍্যমে। যে সময়টা সেখানে থাকার কথা বর্তমান সময়ের ক্রিকেটারদের, তাদের দাবি পূরণ না হওয়ায় সেখানে একরাশ চিন্তা নিয়ে দাঁড়িয়ে সাবেক অধিনায়ক।

রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে ক্রিকেটারা ফের বলেছেন, এম নাজমুল ইসলাম পদত‍্যাগ না করা পর্যন্ত খেলা বর্জনের সিদ্ধান্তে অটল আছেন তারা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবারের প্রথম ম‍্যাচে খেলার কথা ছিল চট্টগ্রাম রয়‍্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। কিন্তু আগের দিন ক্রিকেটারদের দেওয়া ঘোষণা অনুযায়ী মাঠে আসেনি কোনো দলই।

বেলা একটায় শুরু হওয়ার কথা ছিল ম‍্যাচ। সে সময়ই ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন ডাকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ‍্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সেটা শেষ পর্যন্ত শুরু হয় বেলা আড়াইটায়। এতে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের সঙ্গে উপস্থিত ছিলেন দেশের তিন সংস্করণের তিন অধিনায়ক লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। বিপিএলের দুই দলের ক্রিকেটাররাও ছিলেন সেখানে।

সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক নাজমুল পদত‍্যাগ না করা পর্যন্ত খেলা বর্জন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান ক্রিকেটাররা। এছাড়াও আরও বেশ কয়েকটি কারণ উল্লেখ করেন তারা।

ঘটনার সূত্রপাত নাজমুলের মন্তব‍্য। গত বুধবার ক্রিকেটারদের তীব্র ভাষায় আক্রমণ করেন এই পরিচালক। বাংলাদেশ দল যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে না যায়, তাহলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, এই প্রশ্নে তিনি বলেন, "ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।"

আরেকটি প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, "আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ডও পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি! আমরা প্রত্যেকবারই তো বলতে পারি যে, 'তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও...!"

এর আগে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে 'ভারতীয় দালাল' হিসেবে মন্তব‍্য করে আলোচনা-সমালোচনার জন্ম দেন নাজমুল। তার এবারের বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। রাত সাড়ে ৯টায় অনলাইন সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি জানান, এই পরিচালক পদত্যাগ না করলে তারা সব ধরনের ক্রিকেট বন্ধ রাখবেন।

বুধবার গভীর রাত পর্যন্ত ক্রিকেটারদের সঙ্গে একটি হোটেলে বৈঠক করেন বিসিবির কয়েকজন পরিচালক। কোয়াব সভাপতি মিঠুন ছাড়াও শান্ত, নুরুল হাসান সোহানসহ বেশ কজন ক্রিকেটার ছিলেন সেখানে। কিন্তু সেই বৈঠকে কোনো সমাধান আসেনি।

বিসিবি বুধবার রাত ৯টায় বিবৃতি দিয়ে দুঃখপ্রকাশ করার পাশাপাশি ক্রিকেটারদের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানায়। বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে আরেকটি বিবৃতি দিয়ে বোর্ড জানায়, ওই পরিচালককে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং প্রক্রিয়া মেনেই ব্যাপারটি সামলানো হবে।

তবে এতে মন গলেনি ক্রিকেটারদের। তারা নাজমুলের পদত‍্যাগের দাবিতেই অনড়। এতে বৃহস্পতিবার সন্ধ‍্যা ৬টায় অনুষ্ঠেয় দিনের দ্বিতীয় ম‍্যাচ নিয়েও জেগেছে গভীর অনিশ্চিয়তা। অবশ‍্য ক্রিকেটাররা বলেছেন, তাদের দাবি মেনে নেওয়া হলে এই ম‍্যাচে খেলতে তারা প্রস্তুত।