চেতন শর্মাকে প্রধান করেই ভারতের নতুন নির্বাচক কমিটি
পাঁচ সদস্যের নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে বিসিসিআই।
পুরনো দায়িত্ব নতুন করে পেয়েছেন চেতন শর্মা। সাবেক এই পেসারকে ফের চেয়ারম্যান করে নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই।
পাঁচ সদস্যের কমিটির বাকি চার জন হলেন শিব সুন্দর দাস, সলিল আনকোলা, সুব্রত ব্যানার্জী ও শ্রীধরন শরৎ।
ক্রিকেট উপদেষ্টা কমিটির (সিএসি) সুপারিশের ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়ার কথা শনিবার বিবৃতি দিয়ে জানায় ভারতের বোর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গত নভেম্বরে নতুন নির্বাচক কমিটির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিসিআই। চেতনের সঙ্গে আগের কমিটিতে ছিলেন সুনিল জোশি, হারভিন্দর সিং ও দেবাশিস মোহান্তি।
নতুন কমিটির পাঁচটি পদের জন্য প্রায় ৬০০ জন আবেদন করেছিলেন। সেখান থেকে ১১ জনকে সাক্ষাৎকারের জন্য তালিকাভুক্ত করা হয়। সাক্ষাৎকারের পর ওই পাঁচ জনের নাম সুপারিশ করে সিএসি।
নতুন কমিটির পাঁচ জনের সম্মিলিতভাবে ৪৮ টেস্ট ও ৯৫ ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে।
