আগারকারের সময়ের সাফল্যের কথা স্মরণ করলেন গাম্ভির
আজিত আগারকার প্রধান নির্বাচকের দায়িত্বে থাকার সময় তিনটি আইসিসি ট্রফি জিতেছে ভারত, সেটি মনে করিয়ে দিয়েছেন দলটির প্রধান কোচ।
ভারতের প্রধান নির্বাচক হিসেবে আজিত আগারকারের অধ্যায় শেষ হওয়ার পর তাকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন গৌতাম গাম্ভির। সাবেক সতীর্থের সময়ে দলের সাফল্যের কথা উল্লেখ করে ভারতের প্রধান কোচ বলেছেন, ইতিহাস তাকে আরও ভালোভাবে মূল্যায়ন করবে।
গত রোববার শেষ হয় ভারত দলের প্রধান নির্বাচক হিসেবে আগারকারের মেয়াদ। গত মাসেই খবর বের হয়, মেয়াদ বাড়াতে চান না সাবেক এই পেসার। তখনই নিজের সিদ্ধান্তের কথা বোর্ডকে জানিয়ে দেন তিনি।
নির্বাচক কমিটিতে আগরকারের উত্তরসূরি নিয়োগে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে আবেদন আহ্বান করার এক দিন পর, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ আগারকারের অর্জনের কথা তুলে ধরেন গাম্ভির।
“প্রিয় আজিত ভাই, আপনার সঙ্গে কাজ করতে পারা পরম সম্মানের। ওই তিনটি আইসিসি ট্রফিই আপনার দায়িত্বের প্রতি নিষ্ঠার প্রমাণ; সবসময় দল সবার আগে, দলই সবার ওপরে অগ্রাধিকার পেয়েছে।
“সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ভবিষ্যৎ পথচলার জন্য আন্তরিক শুভকামনা।”
২০২৩ সালের জুলাইয়ে প্রধান নির্বাচকের দায়িত্ব নেন আগারকার। তার মেয়াদের এই তিন বছরে সাদা বলের ক্রিকেটে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।
সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলেছে তারা, এশিয়া কাপ জিতেছে টানা দুবার (২০২৩ ও ২০২৫)। টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিও ঘরে তুলেছে টানা দুইবার (২০২৪ ও ২০২৬) এবং চ্যাম্পিয়ন হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
টেস্ট ক্রিকেটে অবশ্য এই সময়ে বিব্রতকর কিছু পরাজয় এসেছে ভারতের। এর মধ্যে আছে দেশের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশড হওয়া ও দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হার।
আগারকারের দায়িত্বকালে টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত শার্মা ও ভিরাট কোহলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন রাভিন্দ্রা জাদেজা। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রাভিচান্দ্রান অশ্বিন ও চেতেশ্বর পুজারা।
বর্তমানে ভারতের নির্বাচক কমিটির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দেশটির সাবেক স্পিনার প্রজ্ঞান ওঝা। কমিটির অন্য সদস্যরা হলেন আরপি সিং, শিব সুন্দার দাস ও আজায় রাত্রা।
নির্বাচক কমিটির প্রধানের পদে আবেদনের শেষ সময় আগামী ১৪ অক্টোবর।
আগরকারের উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে থাকাদের একজন ওঝা।
