বিসিবি সভায় সিদ্ধান্ত যা যা হলো
বিসিবি নির্বাচনে কাউন্সিলর মনোনয়নের সময়সীমা চূড়ান্ত করাসহ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে এই সভায় সভায়।
তিন দিনের মধ্যে বিসিবির অ্যাড-হক কমিটির দুটি সভা হয়ে গেল। আগের সভা থেকে নির্বাচনী প্রক্রিয়া শুরুর ঘোষণা দেওয়া হয়েছিল। এবার বুধবারের সভায় চূড়ান্ত করা হলো কাউন্সিলরের সংখ্যা ও কাউন্সিলর মনোনয়নের সময়সীমা।
তামিম ইকবালের নেতৃত্বধীন অ্যাডহক কমিটির চতুর্থ সভা এটি। সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুসারে, বিভিন্ন সংস্থা, ক্লাব এবং সংগঠনগুলির একটি তালিকা চূড়ান্ত করেছে বোর্ড, যেখান থেকে তিনটি ক্যাটেগরিতে ১৯২ জন কাউন্সিলরের নাম আহ্বান করা হবে। সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব এবং সংগঠনগুলিকে তাদের কাউন্সিলরদের মনোনয়নের জন্য চিঠি পাঠাবে বোর্ড। কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ সময় আগামী ১৬ মে।
এছাড়াও আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সভায়। বর্তমান জেলা কোচদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এই পদের জন্য যারা আবেদন করেছেন, তাদেরকে যথাযথ মূল্যায়নের জন্য একটি কমিটি গঠন করা হবে। এই কমিটির সামনে তাত্ত্বিক ও ব্যবহারিক, উভয় পরীক্ষারই মুখোমুখি হতে হবে কোচদের। ৬৪ জেলার কোচদেরই নিয়োগ পেতে এই প্রক্রিয়া ভেতর দিয়ে যেতে হবে।
এছাড়াও ম্যাচ রেফারি ও আম্পায়ারদের চুক্তির মেয়াদ তিন মাসের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে বোর্ড। গত ৩০ এপ্রিল শেষ হয়েছে তাদের আগের চুক্তির মেয়াদ।
