২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রাবিড়-ক্যালিসকে ছাড়িয়ে পন্টিংয়ের আরও কাছে রুট

ইংল্যান্ডের সফলতম টেস্ট ব্যাটসম্যান এখন টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ স্কোরার।

দ্রাবিড়-ক্যালিসকে ছাড়িয়ে পন্টিংয়ের আরও কাছে রুট
নতুন নতুন মাইলফলক ছুঁয়ে ছুটছেন জো রুট। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2025, 05:39 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

চার মেরে রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে ফেলা, পরের বলে এক রান নিয়ে তাকে ছাড়িয়ে যাওয়া, আরেকটি রান নিয়ে জ্যাক ক্যালিসকে পেছনে ফেলা। কয়েক মিনিটের মধ্যে সাবেক দুই ক্রিকেটারকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ স্কোরার এখন জো রুট। 

১৩ হাজার ২৫৯ রান নিয়ে ভারতের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ব্যাটিংয়ে নামেন রুট। দ্রাবিড়কে ছাড়াতে এই ম্যাচে তার প্রয়োজন ছিল ৩০ রান, ক্যালিসকে ছাড়াতে ৩১। ১১ রান নিয়ে শুক্রবার তৃতীয় দিনের ব্যাটিং শুরু করে প্রথম ঘন্টায় এই দুজনকে পেছনে ফেলে দেন ইংল্যান্ডের সফমতম টেস্ট ব্যাটসম্যান। 

ভারতীয় গ্রেট দ্রাবিড় টেস্ট ক্যারিয়ার শেষ করেন ২৮৬ ইনিংসে ১৩ হাজার ২৮৮ রান নিয়ে। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্যালিস ২৮০ ইনিংসে করেন ১৩ হাজার ২৮৯ রান।

২৮৬ ইনিংসে এই দুজনকে ছাড়িয়ে গেলেন ২০১২ সালে টেস্ট অভিষিক্ত রুট। তার ওপরে এখন কেবল রিকি পন্টিং ও সাচিন টেন্ডুলকার।

পন্টিং নাগালেই আছেন। ২৮৭ ইনিংসে ১৩ হাজার ৩৭৮ রান সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়কের। ৩২৯ ইনিংসে ১৫ হাজার ৯২১ রান করে চূড়ায় টেন্ডুলকার।     

পন্টিংকে ছাড়াতে ওল্ড ট্র্যাফোর্ডে রুটের প্রয়োজন ১২০ রান।

এ দিন ২২ রানে পৌঁছে আরেক কীর্তি গড়েন ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। প্রথম ব্যাটসম্যান হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে এক হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এখানে ২০ ইনিংসে ধরা দিল তার এই অর্জন। ১৩ ইনিংসে ৮১৮ রান করে এই তালিকায় দুইয়ে আছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান ডেনিস কম্পটন।

সেই ১৮৮৪ সাল থেকে টেস্ট খেলা হয় ওল্ড ট্র্যাফোর্ডে। এখনও খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে এই মাঠে ছয়শ রানও নেই আর কারো।