২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল পুনরায় শুরু শনিবার

আসরের বাকি ম্যাচগুলো হবে ছয়টি ভেন্যুতে।

আইপিএল পুনরায় শুরু শনিবার
এবারের আইপিএল শুরুর আগে অধিনায়কদের ফটোসেশন। ছবি: আইপিএল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2025, 11:29 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

স্থগিত হওয়া আইপিএল পুনরায় শুরুর দিনক্ষণ জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী শনিবার আবার মাঠে গড়াবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগ।

আয়োজকরা সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে এই খবর।

আসরের বাকি ম্যাচগুলো হবে ছয়টি ভেন্যুতে- বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্ণৌ, মুম্বাই ও আহমেদাবাদ। ফাইনাল হবে ৩ জুন। প্লে-অফের ভেন্যু এখনও জানানো হয়নি।

ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে গত শুক্রবার এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল আইপিএল।

প্রথম পর্বের ১৩টিসহ মোট ১৭টি ম্যাচ বাকি আছে এখনও। 

ধারামশালায় গত বৃহস্পতিবার হঠাৎ ফ্লাডলাইড নিভে যাওয়ার পর নিরাপত্তা শঙ্কায় ম্যাচের মাঝপথে বাতিল হয়ে যাওয়া পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ আবার হবে আগামী ২৪ মে, জয়পুরে। আগামী শনিবার বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে পুনরায় শুরু হবে আসর। 

প্রথম পর্বের শেষ ম্যাচ হবে ২৭ মে, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও বেঙ্গালুরু লড়বে সেদিন। ২৯ মে হবে প্রথম কোয়ালিফায়ার, পরদিন এলিমিনেটর ম্যাচ, ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার। 

আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, টুর্নামেন্ট পুনরায় শুরু করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ‘সরকার, নিরাপত্তা সংস্থা ও সকল গুরুত্বপূর্ণ অংশীদারের সঙ্গে ব্যাপক আলোচনা’ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

প্রাথমিকভাবে আগামী ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়ার কথা ছিল ফাইনাল। এখন টুর্নামেন্টের সময় বেড়ে যাওয়ায় ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ পড়ে যাচ্ছে এর মাঝেই (২৯ মে থেকে ৩ জুন)।  

তাই ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড (বেঙ্গালুরু), শামার জোসেফ (লক্ষ্ণৌ) ও শেরফেইন রাদারফোর্ডকে (গুজরাট টাইটান্স) ওই সময়ে আইপিএলে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তিন জনই ওয়ানডে দলে আছেন।

ইংল্যান্ড এখনও তাদের স্কোয়াড ঘোষণা করেনি। আইপিএলের প্লে-অফে কোন দলগুলো যাবে তার ওপর নির্ভর করবে ইংল্যান্ডের জস বাটলার (গুজরাট), ফিল সল্ট (বেঙ্গালুরু), জ্যাকব বেথেল (বেঙ্গালুরু), লিয়াম লিভিংস্টোন (বেঙ্গালুরু), উইল জ্যাকস (মুম্বাই ইন্ডিয়ান্স) ও রিস টপলির (মুম্বাই) খেলা।

সংশোধিত সূচির ফলে আইপিএল ফাইনাল ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মাঝে ব্যবধান থাকছে মাত্র সাত দিনের, ১১ জুন লর্ডসে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

বর্তমানে আইপিএল দলের অংশ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে এমন খেলোয়াড়রা হলেন প্যাট কামিন্স ও ট্রাভিস হেড (দুজনই সানরাইজার্স হায়দরাবাদে), মিচেল স্টার্ক ও ট্রিস্টান স্টাবস (দুজনই দিল্লি ক্যাপিটালসে), জশ হেইজেলউড (বেঙ্গালুরু), মার্কো ইয়ানসেন ও জশ ইংলিস (দুজনই পাঞ্জাব কিংসে), এইডেন মার্করাম (লক্ষ্ণৌ), কাগিসো রাবাদা (গুজরাট), রায়ান রিকেলটন (মুম্বাই), কিউনা মাফাকা (রাজস্থান রয়ালস)। 

আপাতত ১০ ফ্র্যাঞ্চাইজির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তাদের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের সদস্যদের পুনরায় একত্রিত করা। বিশেষ করে, অনেক বিদেশি ক্রিকেটার দেশে ফিরে গেছেন। তাদের মধ্যে কতজন আবার ভারতে ফিরবেন, সেটাই এখন দেখার বিষয়।

সীমান্তে পাল্টাপাল্টি হামলার চার দিনের মাথায় গত শনিবার যুদ্ধবিরতিতে যায় ভারত ও পাকিস্তান। এরপরই আইপিএল পুনরায় চালুর পরিকল্পনা শুরু করে দেয় আয়োজকরা।