বিপিএল পারিশ্রমিক সমস্যা : ৪৮ ঘণ্টায় সমাধানের আশ্বাস বিসিবির
ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সব পক্ষের সঙ্গে আলোচনার কথা বললেন বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য মাহবুব আনাম।
পুরো দলের অনুশীলন বয়কট, বিদেশি ক্রিকেটারের বিসিবিতে অভিযোগ, দেশি এক ক্রিকেটারকে টাকা না দেওয়া স্বীকার করাসহ গত কিছু দিন ধরে পারিশ্রমিক নিয়ে সমস্যায় নানা সমালোচনায় মুখর বিপিএলের একাদশ আসর। টুর্নামেন্টের শেষ পর্যায়ে বিসিবি বলছে, ৪৮ ঘণ্টার মধ্যে জটিলতা দূরের চেষ্টা করবে তারা।
বিপিএলের চট্টগ্রাম পর্বের শুরুই হয় পারিশ্রমিক না পাওয়ায় দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট করা দিয়ে। এরপর দলটির শ্রীলঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুন অর্থ না পাওয়ায় অভিযোগও করেছেন বিসিবিতে। সবশেষ পারভেজ হোসেন ইমনকে কোনো টাকা না দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন চিটাগং কিংসের কর্ণধান সামির কাদের চৌধুরি।
সব মিলিয়ে মাঠের ক্রিকেটের চেয়ে বিপিএলের পারিশ্রমিক সমস্যা এখন আলোচনার তুঙ্গে। শনিবার বিসিবির বোর্ড পরিচালকদের সভায়ও এই বিষয়ে হয়েছে বিশদ আলোচনা। সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত অবশ্য মেলেনি। বরং ৪৮ ঘণ্টার মধ্যে ফ্র্যাঞ্চাইজিসহ সব পক্ষকে নিয়ে বসার কথা জানিয়েছে বিসিবি।
দুপুরে শুরু হয়ে চার ঘণ্টার বেশি সময় ধরে বিসিবির সভা। যেখানে চূড়ান্ত হওয়া কার্যকরী কমিটির মধ্যে মিডিয়া ও কমিউনিকেশন এবং আম্পায়ার্স কমিটির দায়িত্ব পান ইফতেখার রহমান। গ্রাউন্ডস, হাই পারফরম্যান্স এবং টেন্ডার ও পারচেজ কমিটির চেয়ারম্যান করা হয় মাহবুব আনামকে। এছাড়া বিপিএলের গভর্নিং কাউন্সিলেরও সদস্য মাহবুব।
পরে এই দুজনই আসেন সংবাদ সম্মেলনে। স্বাভাবিকভাবেই প্রশ্নোত্তর পর্বের বড় অংশজুড়ে ছিল বিপিএলের পারিশ্রমিক সমস্যার কথা। ক্রিকেটারদের আশ্বস্ত করার চেষ্টা করেন ইফতেখার।
"আমরা সম্প্রতি দেখছি, কিছু দলের ক্রিকেটারদের পারিশ্রমিক, অন্যান্য আনুষঙ্গিক সমস্যা হচ্ছে। এটা আমলে নিয়েছি। আজকে এরই মধ্যে এটা নিয়ে পদক্ষেপ নেওয়া শুরু করেছি। বিপিএলের সঙ্গে বাংলাদেশের নাম ও বিসিবির সম্মান জড়িত। তাই এটা গুরুত্ব দিয়ে দেখব। ক্রিকেটারদের ইয়ে হওয়ার কিছু নেই, আমরা (বিসিবি) এটা দেখব।"
পরে মাহবুব আনাম জানান, ৪৮ ঘণ্টার মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।
"এই (বিপিএলের পারিশ্রমিক সমস্যার) ব্যাপারে তাৎক্ষণিক যে সিদ্ধান্ত নেওয়ার... বিপিএল গভর্নিং কাউন্সিল ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের মধ্যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সবাইকে নিয়েই নেওয়া হবে। যেন এটা স্বচ্ছ থাকে।"
"আমার মনে হয়েছে, বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে। সেগুলো দূর করব এবং ক্রিকেটারদের সম্পূর্ণভাবে আশ্বস্ত রাখা দরকার। বিপিএলের পারিশ্রমিকের চুক্তিগত নিয়ম আছে তা মেনে চলা হবে।"
বিপিএলের পারিশ্রমিকের নীতিমালা অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগেই ৫০ শতাংশ অর্থ পেয়ে যাওয়ার কথা ক্রিকেটারদের। খেলা চলাকালীন আরও ২৫ শতাংশ এবং টুর্নামেন্ট শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি ২৫ শতাংশ পরিশোধ করার কথা। কিন্তু কোনো দলই সেটি মানে না।
এমনকি টুর্নামেন্ট প্রায় শেষ পর্যায়ে চলে আসার পরও কোনো অর্থ না পাওয়ার অভিযোগও আছে অনেক ক্রিকেটারের। যা সরাসরি বিসিবির সঙ্গে ফ্র্যাঞ্চাইজির চুক্তির লঙ্গন। কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত কোনো শাস্তি বা পদক্ষেপ নেয়নি বোর্ড।
এই প্রসঙ্গে আবারও ৪৮ ঘণ্টার মধ্যে সমাধানের আশ্বাস দেন মাহবুব।
"চুক্তির নিয়ম ভঙ্গের পরিপ্রেক্ষিতে যে পত্র দেওয়ার দরকার, সেগুলো এরই মধ্যে দেওয়া হয়েছে। চুক্তির নিয়মগুলো তারা যেন মেনে চলে, সেটা নিশ্চিত করতে যা যা করা দরকার, আমরা সেগুলোই করছি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেই কার্যক্রমগুলো চলমান থাকবে।"
বিপিএলে পারিশ্রমিক নিয়ে সমস্যা এবারই প্রথম নয়। বরং বলা ভালো, টুর্নামেন্টের প্রতি আসরের অবিচ্ছেদ্য অংশ এটি। প্রথম আসর থেকেই ক্রিকেটারদের টাকা যথাসময়ে না দেওয়া নিয়ে প্রশ্নের সম্মুখীন হয় বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল।
২০১২ সালে অনুষ্ঠিত বিপিএলের প্রথম আসর থেকে প্রতিবারই গভর্নিং কাউন্সিলে ছিলেন মাহবুব আনাম। প্রতিবার একই সমস্যার সামনে পড়ার পরও আগেভাগে কেন কোনো পদক্ষেপ নেওয়া হয় না, সেই প্রশ্নও উঠল।
নিজেদের ঘাটতির কথা মেনে নিয়ে আইনসংক্রান্ত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরুর কথা বলেন মাহবুব।
"যে বিষয়গুলো হয়, সেটা টুর্নামেন্ট প্রায় ৫০ ভাগ চলে যাওয়ার পর তৈরি হয়। তাই টুর্নামেন্ট চালিয়ে যেতে হয়। যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার, বেশিরভাগ হলো আইনসংক্রান্ত। সেগুলো আমরা নিচ্ছি। যদি না নিয়ে থাকি, যারা এই কাজগুলো করে তাদেরকে আজকে নির্দেশনা দেওয়া হয়েছে কী কী করতে হবে।"
"বিসিবির তরফ থেকে কিছু কিছু জায়গায় ঘাটতি আছে। হয়তো আরেকটু সচেতন হলে এগুলো হতো না। আমাদের হাত তুলে বলতে হবে কোথায় আমাদের ভুল আছে এবং এটা যেন না করে। এটা করার জন্য আমাদের আরও বলিষ্ঠ হতে হবে।"
তবে ছেলেদের বিপিএলের পারিশ্রমিক সমস্যার কারণে উইমেন'স বিপিএল আয়োজন নিয়ে কিছুটা সতর্ক বিসিবি। প্রাথমিকভাবে এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই তিন দলের সাত ম্যাচের উইমেন'স বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড।
সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় তাড়াহুড়ো না করার কথা বলেন বিসিবির মিডিয়া বিভাগের নতুন চেয়ারম্যান ইফতেখার।
"নারী বিপিএল করার যে সিদ্ধান্ত নিয়েছিলাম... আমরা কিন্তু সব কাজ শুরু করে দিয়েছি। ইওআই (এক্সপ্রেস অব ইন্টারেস্ট) দিয়ে দিয়েছি, দলগুলো কারা নেবে সেটার জন্য। এই কার্যক্রম চলবে। যদি এটি যথাসময়ে হয়, তাহলে টুর্নামেন্ট আগের সময়েই হবে। নয়তো কিছুটা পিছিয়ে যাবে। আমরা তাড়াহুড়ো করে কিছু করতে চাচ্ছি না।"
পরে একই কথা বলেন মাহবুব।
"বোর্ড মনে করেছে, এখন আমাদের নিজেদের স্বচ্ছ রাখা উচিত। যে ভুলগুলো অতীতে হয়েছে, সেগুলো যেন আর ভবিষ্যতে না হয়। তাই নারী বিপিএলের যে সিদ্ধান্ত হয়েছিল, বিপিএলের পরপরই হবে। সেটা আজকের বোর্ডে সিদ্ধান্ত অনুযায়ী, এটা আমরা করব। তবে তাড়াহুড়ো করে কোনো ইভেন্ট করার আনন্দের চেয়ে, এটাকে ঘিরে যে ভোগান্তি হয়, সেগুলো বোর্ডকে আরও ভোগায়।"
