২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভেসে গেল সিরিজ নির্ধারণী লড়াই

ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস করাই সম্ভব হয়নি।

বৃষ্টিতে ভেসে গেল সিরিজ নির্ধারণী লড়াই
ট্রেন্ট ব্রিজ ক্রিকেট গ্রাউন্ড। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2025, 10:29 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

কিছুক্ষণ গুঁড়িগুঁড়ি তো মাঝেমধ্যে ঝুম বৃষ্টি; ট্রেন্ট ব্রিজে এমন রূপ দেখাল প্রকৃতি। তাতে ভেস্তে গেল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সিরিজ নির্ধারণী ম্যাচ।

নটিংহ্যামে রোববার দুই দলের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় দুপুর আড়াইটায়। কিন্তু বৃষ্টির বাধায় এদিন টস করাই সম্ভব হয়নি।

অনেকটা সময় অপেক্ষায় পর বিকাল সোয়া চারটার একটু পরে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালস।

তিন টি-টোয়েন্টির সিরিজ শেষ হলো ১-১ সমতায়।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও হানা দিয়েছিল বৃষ্টি। সেদিন ডাকওয়ার্ট লুইস স্টার্ন পদ্ধতিতে ১৪ রানে জিতে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

সমতায় ফেরানোর লড়াইয়ে নেমে ম্যানচেস্টারে দ্বিতীয় ম্যাচে খুনে ব্যাটিং উপহার দেয় ইংল্যান্ড। ফিল সল্টের ক্যারিয়ার সেরা ইনিংসে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে তিনশ (৩০৪) রানের পুঁজি গড়ে ইংলিশরা। পরে সফরকারীদের ১৫৮ রানে গুটিয়ে ১৪৬ রানের জয় তুলে নেয় হ্যারি ব্রুকের দল।

আগামী বুধবার শুরু হবে ইংল্যান্ড-আয়ারল্যান্ডের তিন টি-টোয়েন্টির সিরিজ। সবগুলো ম্যাচই হবে ডাবলিনে।