ব্র্যাডম্যান, গাভাস্কার এবং আরও যাদের রেকর্ড ছাড়াতে পারেন গিল
ইংল্যান্ড সফরে দুই টেস্টেই ৫৮৫ রান করে ফেলা শুবমান গিলের সামনে হাতছানি ক্রিকেটের অনেক পুরোনো বেশ কয়েকটি রেকর্ড ভেঙে দেওয়ার।
ভারতের ‘ক্রিকেট ঈশ্বর’ সাচিন টেন্ডুলকার তার সমৃদ্ধ ক্যারিয়ারে কখনও এক টেস্ট সিরিজে ৫০০ রান করতে পারেননি। শুবমান গিল চলতি ইংল্যান্ড সফরে দুই টেস্টেই করে ফেলেছেন ৫৮৫ রান! নেতৃত্বের অভিষেকে হেডিংলি টেস্টে সেঞ্চুরিতে শুরু করেছিলেন। পরের টেস্টে এজবাস্টনে দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রান করে সুনামি বইয়ে দিয়েছেন রেকর্ড বইয়ে।
কত রেকর্ড তিনি গড়েছেন, সেই হিসাব করাই যেমন কঠিন, তেমনি আরও একগাদা রেকর্ড গড়ার হাতছানি তার সামনে আছে। সিরিজে আরও তিনটি ম্যাচ যে বাকি! সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান, ভারতের কিংবদন্তি সুনিল গাভাস্কার ও আরও গ্রেটদের অনেক পুরোনো রেকর্ড হুমকিতে ফেলে দিয়েছেন গিল।
সামনে গাভাস্কার (১)
১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজে সুনিল গাভাস্কারের টেস্ট অভিষেক। ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলে দিয়ে অভিষেক সিরিজেই চার টেস্টে ৭৭৪ রান করেছিলেন ‘লিটল মাস্টার।’ ভারতের হয়ে এক সিরিজে সর্বোচ্চ রানের সেই রেকর্ড টিকে আছে এখনও।
গাভাস্কারের অবিস্মরণীয় কীর্তি ছাড়িয়ে যেতে গিলের লাগবে আর ১৯০ রান।
সামনে গাভাস্কার (২)
সুনিল গাভাস্কারের আরেকটি রেকর্ড আরেকটু বেশি নাগালে আছে শুবমান গিলের- ভারতের অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান।
গাভাস্কার সেই কীর্তিও গড়েছিলেন প্রিয় প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৯৭৮-৭৯ মৌসুমে ছয় টেস্টে ৭৩২ রান করেছিলেন অধিনায়ক হিসেবে। তাকে ছাড়িয়ে যেতে গিলের প্রয়োজন আর ১৪৮ রান।
এই রেকর্ডে আপাতত গাভাস্কারের পরে তিন দফায় নাম আছে ভিরাট কোহলির। অধিনায়ক হিসেবে এক সিরিজে তিনি করেছেন ৬৫৫, আরেকটিতে ৬১০, আরেক দফায় ৫৯০।
দৃষ্টিসীমায় ব্র্যাডম্যান (১)
অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রানের বিশ্বরেকর্ড, ১৯৩৬-৩৭ অ্যাশেজের পাঁচ টেস্টে ৮১০ রান করেছিলেন অস্ট্রেলিয়ার এই রান মেশিন।
সেই রেকর্ড থেকে এখন ২২৫ রান দূরে আছেন গিল।
ব্র্যাডম্যানের সেটি ছিল অধিনায়কত্বের প্রথম সিরিজ। গিলেরও এটি নেতৃত্বে অভিষেকের সিরিজ। ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যেতে পারলে তাই অধিনায়কত্বের অভিষেকে সবচেয়ে বেশি রানের রেকর্ডও গড়বেন ভারতের নায়ক।
সেই সিরিজে মেলবোর্নে ২৭০ রানের ইনিংস খেলেছিলেন ব্র্যাডম্যান। এবার এজবাস্টনে ২৬৯ রানের ইনিংস উপহার দিয়েছেন গিল।
দৃষ্টিসীমায় ব্র্যাডম্যান (২)
এই রেকর্ড এখনও অনেক দূরের পথ। তবে দুই টেস্টেই ৫৮৫ রান করে ফেলার পর এটি নিয়েও কথা বলা খুব বাড়াবাড়ি হয় না সম্ভবত!
ইংল্যান্ডে ১৯৩০ অ্যাশেজে পাঁচ টেস্টে ৯৭৪ রান করেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটি ক্রিকেটের অমর এক কীর্তি হয়ে আছে ৯৫ বছর ধরে। অবিস্মরণীয় সেই রেকর্ড ছাড়িয়ে যেতে গিলের প্রয়োজন আর ৩৯০ রান।
গিলের শুরুটা কিন্তু ব্র্যাডম্যানের চেয়েও ভালো হয়েছে। সেই সিরিজে প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ান কিংবদন্তির রান ছিল ৩৯৪। গিল সেখানে প্রথম দুই টেস্টে তার চেয়ে ১৯১ রান বেশি করে ফেলেছেন।
ব্র্যাডম্যান সেবার ভেঙে দিয়েছিলেন ১৯২৮-২৯ অ্যাশেজে গড়া ইংলিশ কিংবদন্তি ওয়ালি হ্যামন্ডের ৯০৫ রানের রেকর্ড। টেস্ট ইতিহাসে এক সিরিজে ৯০০ ছোঁয়ার কীর্তি শুধু এই দুজনেরই।
নাগালেই ব্র্যাডম্যান ও গাভাস্কার
অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটি যৌথভাবে ডন ব্র্যাডম্যান ও সুনিল গাভাস্কারের। ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে পাঁচ টেস্টে চারটি সেঞ্চুরি করেছিলেন ব্র্যাডম্যান। ১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয় টেস্টে চারটি করেছিলেন গাভাস্কার।
গিলের তিনটি সঞ্চুরি হয়ে গেছে সিরিজের প্রথম দুই টেস্টেই।
ভারতের হয়ে এক সিরিজে চার সেঞ্চুরির রেকর্ডটি দুই দফায় করেছেন গাভাস্কার। অধিনায়ক হিসেবে ওই চার সেঞ্চুরি ছাড়াও ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও করেছিলেন চার সেঞ্চুরি। গিল ছুঁতে বা ছাড়াতে পারেন এসবও।
ওই দেখা যায় ওয়ালকট
এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্বরেকর্ড ক্লাইড ওয়ালকটের। ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ‘থ্রি ডব্লিউ’ কিংবদন্তির একজন এই ওয়ালকট ১৯৫৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে করেছিলেন পাঁচ সেঞ্চুরি। তাকে ছুঁতে গিলের প্রয়োজন আর দুটি সেঞ্চুরি।
সিরিজের শুরুতে সেঞ্চুরির ধরনে কাকতালীয় মিল আছে দুজনের। ওয়ালকট সেবার প্রথম টেস্টে করেছিলেন সেঞ্চুরি, পরের টেস্টে জোড়া সেঞ্চুরি। এবার গিলও ঠিক একই কাজ করেছেন।
ওয়ালকট ওই সিরিজে পরের দুই টেস্টে ৭০-৮০ ছাড়ালেও সেঞ্চুরি পাননি। আবার শেষ টেস্টে করেন জোড়া সেঞ্চুরি। দেখা যাক, গিল তাকে অনুসরণ করবেন নাকি নিজের পথে এগোবেন।
সবার আগে দ্রাবিড়
ব্র্যাডম্যান-গাভাস্কার বা সব রেকর্ডের আগে অবশ্য রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে যাবেন শুবমান গিল। সিরিজের পরের তিন টেস্টে অতি বিপর্যয় না হলে এই রেকর্ডটি গড়া নিশ্চিত।
ভারতের হয়ে ইংল্যান্ডে এক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড রাহুল দ্রাবিড়ের। ২০০২ সালে চার টেস্টে ৬০২ রান করেছিলেন শুদ্ধতার প্রতীক এই ব্যাটসম্যান। তার চেয়ে গিল পিছিয়ে আছেন মাত্র ১৭ রানে। পরের ইনিংসেই লর্ডসে হয়ে যেতে পারে রেকর্ডটি।
একটুখানি কোহলি
ভারতের অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে এক সিরিজে সবচেয়ে বেশি রান ভিরাট কোহলির। ২০১৬ সালে ভারতকে ৪-০ ব্যবধানের জয়ে নেতৃত্ব দেওয়ার সিরিজে পাঁচ টেস্টে ৬৫৫ রান করেছিলেন তিনি।
সদ্য অবসরে যাওয়া গ্রেটকে ছুঁতে গিলের প্রয়োজন আর ৭০ রান।
আছেন জয়সওয়ালও
আরেকটি কীর্তিতে শুবমান গিল ছাড়িয়ে যেতে পারেন তার এখনকার সতীর্থ ইয়াসাসভি জয়সওয়ালকে।
ভারতের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে এক সিরিজে সবচেয়ে বেশি রান জয়সওয়ালের। গত বছর দেশের মাঠে পাঁচ টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি ও তিনটি ফিফটিতে বাঁহাতি ওপেনার করেন ৭১২ রান। এবার আর ১২৮ রান করলে তরুণ সতীর্থকে পেরিয়ে যাবেন গিল।
এবং আরও ব্র্যাডম্যান-গাভাস্কার
ব্যাটিংয়ে অবিশ্বাস্য রেকর্ডের অভাব নেই বলেই তো সর্বকালের সেরা ব্যাটসম্যান মনে করা হয় ডন ব্র্যাডম্যানকে। অধিনায়ক হিসেবে ১ হাজার রান করে ফেলেছিলেন তিনি ১১ ইনিংসেই। দ্রুততম হাজারের সেই রেকর্ড টিকে আছে এখনও।
তাকে ছাপিয়ে যেতে গিলের দরকার পরের ছয় ইনিংসে ৪১৫ রান।
ভারতের অধিনায়ক হিসেবে দ্রুততম হাজার রান সুনিল গাভাস্কারের। তার লেগেছিল ১৪ ইনিংস। সেই রেকর্ড ছাড়াতে গিলের হাতে আছে এখনও ৯ ইনিংস।
