২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে উপহার জয়, শান্তকে আগেই বলেছিলেন স্ত্রী

জন্মদিনে এই জয় পেয়ে উচ্ছ্বসিত শান্ত, দেশের কঠিন সময়ে মানুষের মুখে হাসি ফোটানোর তৃপ্তিও আছে বাংলাদেশ অধিনায়কের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2024, 07:08 PM

Updated : 26 Aug 2026, 10:20 AM

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে এক দর্শকের হাতে প্ল্যাকার্ডে ইংরেজিতে লেখা, ‘শুভ জন্মদিন নাজমুল হোসেন শান্ত।’ জীবনের ইনিংসে এ দিন ২৬ পূর্ণ করলেন বাংলাদেশ অধিনায়ক। দিনটি তার জন্য আরও বিশেষ হয়ে উঠল দলের ঐতিহাসিক জয়ে। বাংলাদেশ অধিনায়কের মুখ থেকে হাসি সরছিলই না। মাঠে, পুরস্কার বিতরণীয় আয়োজনে, সংবাদ সম্মেলনে, সব জায়গায় চওড়া হাসি দেখা গেল তার মুখে।

পুরস্কার বিতরণী আয়োজনে সঞ্চালক বাজিদ খান বাংলাদেশ অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বললেন, “দিনটি এর চেয়ে ভালো তো আর হতে পারত না…!” ঠোঁট হাসি ঝুলিয়ে শান্ত বললেন, “এটা খুবই স্পেশাল। গত রাতে আমার স্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল। সে বলছিল, ‘কালকে জিততে পারলে তোমার জন্য দিনটি খুব ভালো হবে।’ সৌভাগ্যবশত আমরা আমরা জিততে পেরেছি।”

পরে সংবাদ সম্মেলনেও পাকিস্তানি সংবাদকর্মীদের কাছ থেকে শুভেচ্ছা পেলেন বাংলাদেশ অধিনায়ক। তার মুখে স্বতস্ফূর্ত হাসি দেখা গেল আবার। তবে নিজের উপলক্ষ বলেই নয়, এই জয় তার কাছে বিশেষ কিছু হয়ে উঠেছে দেশের এই অস্থির সময়ে মানুষকে কিছুটা স্বস্তি দিতে পারায়। 

“গত এক মাস আমাদের খুব কঠিন সময় ছিল। এখনও কিছু সমস্যা সেখানে আছে। তবে বাংলাদেশে আমরা সবাই পরস্পরের পাশে থাকি এবং এই জয় তাদের মুখে কিছুটা হলেও হাসি ফোটাবে। এজন্য আমরা খুশি এবং পরের ম্যাচেও এরকম কিছুর চেষ্টা করব।”

শেষ দিন খেলা শুরুর সময়ও ড্রয়ের সম্ভাবনাই ছিল সবচেয়ে বেশি। তবে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের দারুণ বোলিংয়ে জয়ের পথ তৈরি করে বাংলাদেশ। শান্তর দাবি, দিনের শুরুতে জয়ের বিশ্বাস তার ও দলের ছিল। 

“আজকে সকালে মাঠে আসার সময় আমাদের বিশ্বাস ছিল, আমরা পারব। কারণ ৯৪ রানে এগিয়ে ছিলাম আমরা। পিচ বেশ কঠিন মনে হচ্ছিল। স্পিনারদের জন্য সহায়তা ছিল, পেসারদের বল ওঠা-নামা করছিল। জায়গামতো বল রাখতে পারলে ভালো কিছু হবে বলে মনে হচ্ছিল আমাদের।”

বিশ্বাসটা শুধু এ দিনই নয়, সিরিজ শুরুর আগে থেকে ছিল তাদের। পাকিস্তানের বিপক্ষে ১৩টি টেস্ট খেলে আগে কোনো জয় ছিল না বাংলাদেশের। পাকিস্তানে গিয়ে তিন সংস্করণ মিলিয়ে তাদের সঙ্গে ২০ ম্যাচে ছিল না একটিও জয়।

কিন্তু শান্ত বললেন, ইতিহাস বদলে দেওয়ার বিশ্বাস ও প্রতিজ্ঞা তাদের ছিল এবার। 

“এটা অনেক বড় জয়। আমরা আগে কখনও এখানে জিততে পারিনি। তবে এবার সিরিজ শুরুর আগে আমাদের বিশ্বাস ছিল যে, আমরা পারব এবং সেটা সত্যিই বিশ্বাস করেছি। সবাই বিশ্বাস করেছে যে, এবার স্পেশাল কিছু করা সম্ভব।”

“সবাই যেভাবে নিজেদের মেলে ধরেছে, তাতে আমি খুশি এবং গত ১০-১৫ দিনে মাঠের ভেতরে-বাইরে সবাই যেভাবে পরিশ্রম করেছে, সেটির ফল মিলেছে।”