পিএসএল দিয়ে ক্রিকেটে ফিরছেন সাকিব
আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার।
সাকিব আল হাসানের থমকে থাকা ক্রিকেট ক্যারিয়ারে একটু গতি ফিরতে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি, তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার। স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পুনরায় শুরুর পর লাহোর কালান্দার্সের হয়ে দেখা যাবে তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাকিব নিশ্চিত করেছেন পিএসএলে খেলার ব্যাপারটি। বিস্তারিত আর কিছু অবশ্য জানাননি তিনি।
সাড়ে পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন ৩৮ বছর বয়সী অলরাউন্ডার। সবশেষ তাকে দেখা গেছে আবু ধাবি টি-টেন ক্রিকেটে। সেখানে বাংলা টাইগার্সের হয়ে শেষ ম্যাচটি খেলেছেন ৩০ নভেম্বর। স্বীকৃত ক্রিকেটে সবশেষ খেলেছেন তিনি গত সেপ্টেম্বরে ভারত সফরে বাংলাদেশের হয়ে টেস্ট সিরিজে।
পরের মাসেই বিদায়ী টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল তার। কিন্তু পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে আর দেশে ফিরতে পারেননি। পরে দেশের বাইরেও বাংলাদেশের হয়ে আর দেখা যায়নি তাকে। টেস্ট থেকে বিদায় আর আন্তর্জাতিক ক্যারিয়ার, সবই আপাতত দিশাহীন।
এর মধ্যে আবার বোঝা হয়ে চেপেছিল বোলিং অ্যাকশনের সমস্যা। কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর বোলিংয়ে নিষিদ্ধ হয়েছিলেন। পরে অ্যাকশন শুধরে পরীক্ষা দিয়ে গত মার্চে আবার বোলিংয়ে ফেরার অনুমতি পান তিনি।
কিন্তু খেলার সুযোগই পাচ্ছিলেন না। ক্যারিয়ারজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় কাটানো অলরাউন্ডার গোধুলি বেলায় খুঁজছিলেন খেলার সুযোগ। আইপিএল, পিএসএলের নিলামে দল পাননি। অবশেষে পিএসএল দিয়ে ফেরার দুয়ার খুলল।
ভারত-পাকিস্তান সংঘাতের জের ধরে গত শুক্রবার স্থগিত হয় পিএসএল। যুদ্ধবিরতির পর আবার তা শুরু হতে যাচ্ছে এই শনিবার। তবে বিদেশি ক্রিকেটারদের অনেকেই আর ফিরবেন না। সেটিই সাকিবের জন্য সৌভাগ্য বয়ে এনেছে।
স্থগিত হওয়ার আগে লাহোরের হয়েই খেলেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ছয় দলের আসরে পয়েন্ট তালিকায় চারে আছে ফ্র্যাঞ্চাইজিটি।
আট বছর পর এবার পিএসএলে খেলবেন সাকিব। আগে দুবার খেলে তার অভিজ্ঞতা ভালো হয়নি কোনোবারই। ২০১৬ আসরে করাচি কিংসের হয়ে ৮ ইনিংসে ১৮ গড়ে রান করেছিলেন ১২৬, ওভারপ্রতি ৭.৯৫ রান দিয়ে উইকেট নিতে পেরেছিলেন ৩টি। ২০১৭ আসরে পেশাওয়ার জালমির হয়ে ৫ ইনিংসে ৫৫ রান করেন ১৩.৭৫ গড়ে, ৫টি উইকেট শিকার করেন ওভারপ্রতি ৭.২৬ রান দিয়ে। নতুন দলের হয়ে এবার সুযোগ নতুন কিছুর।
প্রাথমিক পর্বে আর একটি ম্যাচই বাকি আছে লাহোরের। রাওয়ালপিন্ডিতে রোববার তাদের লড়াই পেশাওয়ারের সঙ্গে।
